কানাডাভিত্তিক ব্ল্যাকবেরি মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি রিসার্চ ইন মোশনসহ (আরআইএম) ১০টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নাসড্যাক ১০০ সূচক থেকে বাদ পড়েছে।নন-ফিন্যানশিয়াল বা আর্থিক খাতবহির্ভূত ১০০টি বৃহৎ কোম্পানিকে নিয়ে গঠিত হয় নাসড্যাক সূচক। এ শেয়ারবাজারের বার্ষিক পর্যালোচনায় আরআইএমসহ এসব কোম্পানিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নাসড্যাকের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়। খবর এএফপির।ব্ল্যাকবেরি তৈরি করে আরআইএম তারকাখ্যাতি পেলেও কয়েক বছর ধরে অ্যান্ড্রয়েড ও আইফোনের মতো স্মার্টফোনগুলো বাজারে আসার কারণে প্রতিষ্ঠানটি তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে।কঠিন সময়ের মধ্যেই আরআইএম আগামী বছরের ৩০ জানুয়ারি ব্ল্যাকবেরি ১০ নামে বাজারে নতুন প্রজন্মের আরেকটি নতুন অপারেটিং সিস্টেমের ফোন নিয়ে আসবে বলে আশা করছে।এদিকে নাসড্যাকে আজ সোমবার নতুন কয়েকটি কোম্পানি যোগ দিচ্ছে। এর মধ্যে সেমি-কন্ডাক্টর প্রস্তুতকারক অ্যানালগ ডিভাইসেস ও ইন্টারনেট অবকাঠামো কোম্পানি ভেরিসাইন উল্লেখযোগ্য। প্রসঙ্গত, নাসড্যাক (ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিকিউরিটিজ ডিলারস অটোমেটেড কোটেশনস) হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শেয়ারবাজার। বাজার মূলধনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার। বৃহত্তম শেয়ারবাজারটি হলো আমেরিকারই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই)।