বড় অঙ্কের ঋণ ঝুঁকি বাড়াচ্ছে: বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, বড় অঙ্কের ঋণ ঝুঁকি বাড়াচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট খাত ও গ্রুপের কাছে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ছে; যা অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে। এ জন্য ঋণ বিতরণে এখনই বৈচিত্র্য আনতে হবে।

আজ সোমবার আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০১৬ প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এসব মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, উচ্চ প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে কাজ করছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্য অর্জনে ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাতে উন্নয়ন ব্যাহত না করে, সেদিকে নজর রাখতে হবে। করপোরেট খেলাপির সংস্কৃতি যেন আর্থিক খাতকে গ্রাস করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।

আজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েক দফা পুনঃ তফসিলের সুবিধা নিয়েও আদায় না হওয়ায় ২০১৬ সালে ৩ হাজার ৪৮০ কোটি টাকা খেলাপি ঋণ অবলোপন করা হয়। ২০১৫ সালে অবলোপন করা হয় ৪ হাজার ১৬০ কোটি টাকার খেলাপি ঋণ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোনো ব্যাংকের শীর্ষ তিন ঋণগ্রহীতা খেলাপি হয়ে পড়লে মূলধন পর্যাপ্ততার হার কমে হবে ৯ শতাংশ। বর্তমানে গড়ে এ হার ১০ দশমিক ৮০ শতাংশ।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, খেলাপি ঋণ বাড়ার কারণে বেসরকারি কয়েকটি ব্যাংক নগদ লভ্যাংশ না দিয়ে স্টক দিচ্ছে। খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অশোক কুমার দে বলেন, একক খাতে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ছে, বড় গ্রুপগুলোর কাছে বেশি বেশি ঋণ চলে যাচ্ছে। এসব ব্যাংক খাতে বড় অভিঘাত সৃষ্টি করতে পারে। ব্যাংক খাতে সুশাসন প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, আবু হেনা মোহা. রাজী হাসান, পরিবর্তন ব্যবস্থাপনা পরামর্শক আল্লাহ মালিক কাজেমী, প্রধান অর্থনীতিবিদ ফয়সল আহমেদ প্রমুখ। সভাপতির বক্তব্যে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, নানা সহায়তা দেওয়া হচ্ছে। এরপরও সমস্যা রয়ে গেছে।