বড় অঙ্কের ঋণ পর্যবেক্ষণে বিশেষ সফটওয়্যার চালু
ব্যাংকগুলোর বড় অঙ্কের ঋণ পর্যবেক্ষণে বাংলাদেশ ব্যাংক বিশেষ একটি সফটওয়্যার চালু করেছে। এ সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকের কোন গ্রাহক কী পরিমাণ ঋণ নিচ্ছে, ঋণের যথাযথভাবে ব্যবহার, গ্রাহক ইতিপূর্বে ঋণখেলাপি হয়েছে কি না এবং এর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকলে, তার পরিমাণ প্রভৃতি সম্পর্কে জানা যাবে। এতে করে বাণিজ্যিক ব্যাংকগুলোর বড় অঙ্কের ঋণ অনলাইনের মাধ্যমে ঝামেলামুক্তভাবে তদারকি করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। কেননা, এ পদ্ধতিতে বড় অঙ্কের ঋণ বিতরণে অনিময় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের নজরে আসবে। ফলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও সম্ভব হবে। পাশাপশি ঋণ বিতরণেও স্বচ্ছতা আসবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল রোববার এ সফটওয়্যারটি উদ্বোধন করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক রবিউল হাসান। ডেপুটি গভর্নর আবুল কাশেম, মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদসহ বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আতিউর রহমান বলেন, নতুন এ সফটওয়্যারটি চালু করার ফলে প্রতিটি ব্যাংকের নন-ফান্ডেড ঋণের রূপান্তর, ধারাবাহিক বিবর্তন এবং এর পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যাবে। বর্তমান সময়ে বড় অঙ্কের ঋণের খেলাপি রোধে এগুলো দরকার।অনুষ্ঠানে জানানো হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট সম্পদের ৬০ শতাংশ ঋণ ও অগ্রিম খাতে রয়েছে। এ ধরনের ঋণের প্রায় ৩০ শতাংশ বড় অঙ্কের ঋণ। এসব ঋণের তদারকি যথাযথ না হলে তা ভবিষ্যতে ব্যাংকিং খাতে সামগ্রিক ঝুঁকি বাড়াবে। ব্যাংকিং খাত যেহেতু এখন অনেক বেশি প্রসারিত, তাই প্রযুক্তিনির্ভর তদারকি জরুরি। এ জন্য বাংলাদেশ ব্যাংক প্রযুক্তিনির্ভর তদারকি জোরদার করছে। বক্তারা বলেন, বিগত চার বছরে ব্যাংকিং খাতে আমানত বেড়েছে ১১১ শতাংশ, ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১০৫ শতাংশ ও একই সঙ্গে ব্যাংকগুলোর শাখাও বেড়েছে এক হাজার ২১৮টি। ফলে সার্বিকভাবে ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজন বেড়েছে কয়েক গুণ। এ ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি এখন নজর না দিলে অর্জনগুলো ব্যর্থ হয়ে যাবে।কোনো ব্যাংকের মোট মূলধনের ১০ শতাংশ বা এর চেয়ে বেশি পরিমাণের ঋণকে বড় অঙ্কের ঋণ হিসেবে বিবেচনা করা হয়। কোনো বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ঋণ দিতে চাইলে আগে তা কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হতো। তবে ২০০৩ সালে এ নিয়ম উঠে যায়। এখন নিয়ম অনুসারে ব্যাংকগুলো অনুমোদনের পর তথ্যটি বাংলাদেশ ব্যাংককে জানিয়ে রাখে। অবশ্য একক কোম্পানিকে দেওয়া ঋণসীমা অর্থাৎ মূলধনের ১৫ শতাংশ বা তার বেশি ঋণ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন দরকার হয়। বর্তমানে বড় অঙ্কের ঋণের তথ্য কাগুজে প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আসে। এই তথ্য তদারক করা কষ্টকর। এতে গ্রাহকের ঋণ পেতেও সময় বেশি লাগে। এ ছাড়া তথ্য যাচাই করতে কেন্দ্রীয় ব্যাংকেরও প্রচুর সময় ব্যয় করতে হয়। নতুন সফটওয়্যারের মাধ্যমে বাড়তি ঝামেলা দূর হবে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্ল্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ কার্যক্রম তদারকি করা হবে।