বড় আমদানিকারকদের তদারক করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: প্রতিবছর রমজানের আগেই হঠাৎ নিত্যপণ্যের দাম বেড়ে যায়। কেন এ রকমটা হয়? গোলাম মাওলা: এ বছর রমজানে পণ্যের দাম খুব বেশি একটা বাড়েনি। ভোজ্যতেল ও চিনির দাম ঠিক আছে। দাম বেড়েছে শুধু ছোলার। আমি শুনেছি, ট্যারিফ কমিশন নাকি বলেছে, ভারতীয় পেঁয়াজের আমদানি খরচ ১৩ টাকা। আমাদের পেঁয়াজ আমদানিতে খরচ হয় ১৭ থেকে ১৮ টাকা। আমরা সেই পেঁয়াজ লোকসানে বিক্রি করছি। আপনারা শুধু দাম বাড়লে সেটা দেখেন, কেন বাড়ছে সেটা দেখেন না। খালি ব্যবসায়ীদের দোষ দেন। আন্তর্জাতিক বাজারে তেল-চিনি-ছোলাসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে। এতে ব্যবসায়ীদের বেশি দামে এলসি (ঋণপত্র) খুলতে হয়েছে। তাই আমদানি ব্যয় বেড়ে গেছে। আবার ব্যাংক থেকে আমরা ঋণ পাচ্ছি না। পেলেও সুদের হার বেশি। এসব কারণে অনেক বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছেন। আপনারা শুধু বেশি দামটাই দেখেন।প্রথম আলো: বাজারে কি ভোজ্যতেল ও চিনির কোনো সংকট আছে?গোলাম মাওলা: গত বছর চিনি ও ভোজ্যতেলের সংকট থাকলেও এবার রমজানের আগে বাজারে কোনো পণ্যেরই সরবরাহসংকট নেই। ভোজ্যতেলের সরবরাহ ভালো। মাঝখানে একটি মিল ভোজ্যতেলের সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছিল। ওই সময় অন্য মিলগুলো তাদের সরবরাহ ঠিক রেখেছে। সে কারণে কোনো সংকট হয়নি। আবার ওই মিলটি এখন সরবরাহ বাড়িয়েছে। চিনির সরবরাহও ভালো। পেঁয়াজ-আদা-রসুনেরও সরবরাহ ভালো। এসব পণ্য ভালো আমদানিও হয়েছে।প্রথম আলো: সরকার আইন করে ডিও প্রথা বাতিল করলেও এখনো এই প্রথা চলছে। বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি তা স্বীকারও করেছে। এটা কেন হয়েছে বলে মনে হয়?গোলাম মাওলা: বাজারে এখন ডিও প্রথা নেই। এখন তো চলছে এসও প্রথা। সরকার আইন করে ডিও প্রথা বাতিল করেছে। বাজারে এখন কোনো ব্যবসায়ীর হাতে ডিও নেই। আমার মনে হয়, ডিও হোক কিংবা এসও হোক, এগুলো কোনো সমস্যা না। মূল সমস্যা হলো বাজারে পণ্যের সরবরাহ চাহিদা অনুযায়ী হচ্ছে কি না। সরবরাহ ঠিকমতো হলে ডিও হলেও যা, পরিবেশক প্রথা হলেও তা। তাই প্রয়োজন অনুযায়ী পণ্যের সরবরাহ ঠিক রাখতে হবে।প্রথম আলো: বাজার স্থির রাখতে সরকার কী করতে পারে বলে মনে করেন?গোলাম মাওলা: বাজার এখন যথেষ্ট স্থির আছে। আর বাজারকে স্থির রাখতে হলে সরকার এখন যেভাবে বাজার তদারকি করছে, সেভাবে তদারকি করে কোনো লাভ হবে না। সরকারের কাছে বাজার তদারকি মানে খুচরা বাজারে অভিযান চালানো। খুচরা বাজারে তদারকি না করে সরকারের উচিত পণ্যের সরবরাহ পরিস্থিতির দিকে নজর দেওয়া, সেটা ঠিক রাখা। এটা করতে হলে বড় আমদানিকারকেরা কত দামে ঋণপত্র খুলছেন, সেটা দেখতে হবে। দেখতে হবে, প্রতি কেজি পণ্যে তাদের আমদানি ব্যয় কত হয়েছে আর তারা পাইকারদের কাছে কত টাকায় বিক্রি করছে। আবার পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে কত টাকায় বিক্রি করছে। তবে সবচেয়ে বেশি নজর দিতে হবে পণ্যের সরবরাহের ওপর। শুধু খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের জরিমানা করলে হবে না, বাজার স্থির রাখতে হলে বড় আমদানিকারকদের তদারকির আওতায় আনতে হবে। প্রথম আলো: একটা উদাহরণ দিয়ে কি বলবেন, কীভাবে এই নজরদারি হতে পারে?গোলাম মাওলা: এই ধরেন ভোজ্যতেলের কথা। ভোজ্যতেলের সরবরাহসংকট হবে না—সেটা শুধু মুখে মুখে বললে হবে না। এ জন্য তেল পরিশোধনকারী কারখানাগুলোতে গিয়ে দেখতে হবে তাদের মজুদ কেমন আছে, পাইপলাইনে কত তেল আছে আর কী পরিমাণ ঋণপত্র খোলা হয়েছে তেল আমদানির জন্য। তাহলে সরবরাহ পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা যাবে, তথ্য পাওয়া যাবে। শুধু কারওয়ানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। [সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]