বড় ঋণগ্রহীতাই এখন ব্যাংকের বড় ঝুঁকি
ব্যাংক খাতের কেবল শীর্ষস্থানীয় তিনজন করে গ্রহীতা ঋণখেলাপি হলে দেশের ২৫টি ব্যাংকের মূলধন ঝুঁকিপূর্ণ অবস্থায় গিয়ে পৌঁছাবে। বড় অঙ্কের এসব ঋণখেলাপি হলে ব্যাংকের মুনাফা অর্জনই আটকে যেতে পারে।উপরন্তু এসব ঋণের বিপরীতে আমানতের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে ব্যাংকের বর্তমান মূলধনেও টান পড়তে পারে। ফলে এই ব্যাংকগুলোর মূলধন-পর্যাপ্ততার হার বর্তমানের চেয়ে ২ শতাংশ বা তার চেয়ে বেশি কমে যাবে। এই ২৫ ব্যাংকের তালিকায় যেমন রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক রয়েছে, তেমনি আছে নামীদামি বিদেশি ও দেশি বেসরকারি ব্যাংক।বাংলাদেশ ব্যাংক এমন পরিস্থিতিকে দেশের ব্যাংক খাতের জন্য উদ্বেগজনক মনে করছে। তাই এমন সম্ভাব্য পরিস্থিতি এড়াতে এসব ব্যাংককে একক গ্রহীতার অনুকূলে যেসব বড় অঙ্কের ঋণ কেন্দ্রীভূত হয়েছে, তা ভালোভাবে যাচাই-বাছাই করে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীর মধ্যে বিকেন্দ্রীকরণের পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত ত্রৈমাসিক ভিত্তিতে তফসিলি ব্যাংকগুলোর সংকটকালীন সহনক্ষমতা পরীক্ষা বা স্ট্রেস টেস্টিং করে কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে।এই সহনক্ষমতা পরীক্ষায় আরও দেখা গেছে, সুদের হার বাড়লে বিশেষায়িত ব্যাংকগুলোর অবস্থা হবে নাজুক। কেননা, এই ব্যাংকগুলোর সুদ আয় তেমন না থাকলেও আমানতের বিপরীতে সুদ ব্যয় ঠিকই আছে। সে ক্ষেত্রে বেশি সুদ দিয়ে আমানত সংগ্রহ করতে হলে এই ব্যাংকগুলোর মূলধনের ওপর যে চাপ পড়বে তার প্রভাব গিয়ে গোটা ব্যাংক খাতের জন্য হুমকিস্বরূপ হবে। ঋণ, সুদহার, বিনিয়োগ বাজার পরিস্থিতি, তারল্য, মূলধন ও বিনিময় হার ঝুঁকি নিয়ে চরম কিন্তু সম্ভাব্য অভিঘাতকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক তাদের এই বিশ্লেষণ করেছে। পরীক্ষাগুলো করা হয়েছে একসঙ্গে দেশের ব্যাংক খাত, খাতভিত্তিক ব্যাংক (রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত, বেসরকারি ও বিদেশি) ও পৃথক ব্যাংক ধরে।তবে প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ব্যাংকেরই তথ্য ব্যবস্থাপনা (এমআইএস) দুর্বল হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারেনি। স্ট্রেস টেস্টিং: এ প্রক্রিয়ায় আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ (ঋণ ও বিনিয়োগ) ও দায়ের (আমানত) ওপর বিভিন্ন মাত্রায় বিপর্যয়কালীন পরিস্থিতির প্রভাবকে আগাম বিশ্লেষণ করা হয়। সম্ভাব্য এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সহন ক্ষমতাকেও পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক চাপ পরীক্ষা বা স্ট্রেস টেস্টিংয়ের পাশাপাশি ব্যাংকগুলোর সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ (সিনারিও এনালাইসিস) করেছে। এই বিশ্লেষণে একটি নির্দিষ্ট সময় পর পোর্টফলিওর (বিনিয়োগ) আর্থিক মূল্যমান, সুনির্দিষ্ট কিছু পরিবর্তনের পর সিকিউরিটিজের (শেয়ার ও বন্ড) মূল্যমান সম্পর্কে অনুমান ও কোন কোন কারণে সিকিউরিটিজের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তার বিশ্লেষণ করা হয়।সর্বোপরি সিমুলেশন এক্সারসাইজ পদ্ধতিতে একটি ঘটনা ঘটেনি, কিন্তু তা নমুনা বা মডেলের মাধ্যমে তৈরি করে সেই পরিস্থিতিতে কী করণীয়, তা দেখা হয়।এর আগে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ২০০৯ সালের জুনভিত্তিক তথ্য-উপাত্ত থেকে ব্যাংক খাতের স্ট্রেস টেস্টিং করেছিল। তখন আমেরিকা ও ইউরোপসহ উন্নত দেশগুলোর নামীদামি আর্থিক প্রতিষ্ঠানগুলোর দেউলিয়া বা প্রায় দেউলিয়ার অবস্থার ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দেয়। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো সেসব ঝুঁকির মধ্যে পড়েনি। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঝুঁকি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দেখা না দেয়, তার আগাম ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এসব পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।জনগণের অর্থ সংগ্রহ করে তা বিভিন্নভাবে ঋণ ও বিনিয়োগ করা হয় বলে ব্যাংক খাতকে অধিক স্পর্শকাতর বিবেচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালের জুনভিত্তিক স্ট্রেস টেস্টিংয়ের পর অর্ধবার্ষিক ভিত্তিতে এ পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরে ২০১১ সাল থেকে ত্রৈমাসিক ভিত্তিতে এই পরীক্ষা চালানো হচ্ছে। বিশেষত দেশের শেয়ারবাজারে বিপর্যয়ের পর এ ধরনের আধুনিক বিশ্লেষণ ব্যাংক খাতের সার্বিক উন্নতির জন্য পাশাপাশি রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।ঋণঝুঁকি: সহনক্ষমতা পরীক্ষায় বাংলাদেশ ব্যাংক দেখেছে, ব্যাংক খাতে শীর্ষ ৩, ৭ ও ১০ জন গ্রহীতা ঋণখেলাপি হলে সার্বিকভাবে মূলধন পর্যাপ্ততার হার যথাক্রমে ১ দশমিক ৮৭, ৩ দশমিক ৫৭ ও ৪ দশমিক ৫১ শতাংশ কমে যায়। এতে মূলধনের হার যথাক্রমে ৭ দশমিক ৪৭, ৫ দশমিক ৭৭ ও ৪ দশমিক ৮৩ শতাংশে নেমে আসে। ব্যাংকিং-সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ব্যাসেল কমিটির মানদণ্ড অনুসারে ঝুঁকিনির্ভর সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের হার ১০ শতাংশ হতে হয়।শীর্ষ ১০ গ্রহীতার মধ্যে ঋণ কেন্দ্রীভূত হওয়ার ক্ষেত্রে বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর ভূমিকা বেশি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘ফলশ্রুতিতে কোনো কারণে এ ব্যাংকগুলোর শীর্ষ ৭ বৃহদাংক গ্রহীতার ঋণ শ্রেণীবিন্যাসিত হলে মূলধন সংরক্ষণের হার ১৬ দশমিক ৩৮ শতাংশের স্থলে ৮ দশমিক ৯৬ শতাংশে নেমে আসবে, যা ন্যূনতম রক্ষিতব্য মাত্রার চেয়ে কম।’ভালো ঋণ সরাসরি মন্দ বা খারাপ পর্যায়ে খেলাপি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষায়িত ব্যাংক। এ ছাড়া, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হারও এমন ক্ষেত্রে ২ শতাংশ কমে যেতে পারে।বাজারঝুঁকি: মার্চ সময়ে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ অনেক কমে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাপক মূল্যপতনের পর এ সময় শেয়ারে বিনিয়োগের ঝুঁকিও অনেক কমে আসে। অন্যদিকে শেয়ারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে সাবসিডিয়ারি কোম্পানি খোলা এবং এসব কোম্পানিতে ব্যাংকের দেওয়া ঋণ একক গ্রহীতা হিসেবে ১৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি হয়। ফলে সহনক্ষমতা পরীক্ষার এ ক্ষেত্রে কোনো বিপর্যয় ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হারে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না বলে বেরিয়ে আসে।তারল্যঝুঁকি: পরপর পাঁচ দিন গ্রাহকেরা যদি মোট আমানতের ২, ৪ ও ৬ শতাংশ হারে তাঁদের আমানত উত্তোলন করেন, তাহলেও বেশির ভাগ ব্যাংকের তারল্য বজায় থাকবে। তবে সহনক্ষমতা পরীক্ষার আওতায় তারল্যে অভিঘাত সম্পর্কে ধারণা পেতে অনেক ব্যাংকের কাছ থেকে প্রতিদিনের যে গড় আমানত উত্তোলনের তথ্য-উপাত্ত বাংলাদেশ ব্যাংক পেয়েছে, তা নির্ভরযোগ্য মনে হয়নি। এ অবস্থায় এসব ব্যাংকে সরেজমিনে পরিদর্শন করাকে শ্রেয় মনে করে কেন্দ্রীয় ব্যাংক।