বড় ঋণগ্রহীতাদের কাছে আমরা অসহায়: সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেছেন, ‘মামলা করেও খেলাপি ঋণের টাকা আদায় করা যাচ্ছে না। বড় ঋণগ্রহীতাদের কাছে আমরা অসহায় হয়ে পড়ি।’ তিনি বলেন, মামলা হলেই রিট হয়, রিটের জাল থেকে বের হতে পারি না। এসব মামলা নিষ্পত্তি করতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।

আজ বুধবার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

সোনালী ব্যাংকের এমডি বলেন, বর্তমানের ব্যাংকের আমানত এক লাখ কোটি টাকা। এর মধ্যে ঋণ দেওয়া হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। তবে ঋণের ১৯ হাজার কোটি টাকা খেলাপি হয়ে গেছে। ব্যাংকের ১ হাজার ২১০ শাখার মধ্যে ৬০০ শাখায় ভালো। এসব শাখার খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে। ২০ শাখার খেলাপি ঋণ ৮৪ শতাংশ। এর মধ্যে ৫ শাখারই ৯৪ শতাংশ। ২০ শাখার খেলাপি ঋণ কমানোই এখন ব্যাংকটির প্রধান লক্ষ্য।

এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, হল-মার্কের কাছে কোনো ঋণ যায়নি, তারা ব্যাংক লুণ্ঠন করেছে। প্রতিষ্ঠানটি চালু নেই। এ কারণে কোনো টাকাও আদায় করা যাচ্ছে না। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ১৬ মামলার ডিক্রি ব্যাংকের পক্ষে এসেছে। এখন জারি মামলা করা হয়েছে। এ মামলায় রায় ব্যাংকের পক্ষে এলে তাদের সম্পত্তি ব্যাংকের হয়ে যাবে। তবে তাদের যে পরিমাণ ঋণ, পুরো সম্পত্তি বিক্রি করেও পুরো টাকা আদায় করা যাবে না।

এমডি বলেন, হল-মার্কের চেয়ারম্যান ও এমডিকে জামিন দিয়ে তাঁদের বিদেশযাত্রা বন্ধ করে টাকা আদায়ের উদ্যোগ নেওয়া যেত। প্রশাসক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি চালু করা যেত। তা না করে বন্ধ করে ফেলা হয়েছে। এতে যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে।