বড় ক্ষতির মুখে পোশাক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধে ২১ পোশাক কারখানার ক্ষতির চিত্র
অবরোধে ২১ পোশাক কারখানার ক্ষতির চিত্র

আমেরিকার এক ক্রেতার সাড়ে তিন লাখ ডলার মূল্যের ৯৪ হাজার পিস সুইপ ও পলো শার্ট তৈরির কার্যাদেশ পেয়েছিল ডিভাইন ফ্যাশন। এই পণ্য জাহাজীকরণের তারিখ ছিল গত ৩০ নভেম্বর। তবে টানা অবরোধের কারণে শেষ পর্যন্ত দেড় লাখ ডলারের পণ্য সময়মতো বন্দরে পাঠাতে পারেনি প্রতিষ্ঠানটি।

বিদেশি ক্রেতা এক সপ্তাহ সময় বাড়িয়ে পণ্য উড়োজাহাজে পাঠানোর নির্দেশনা দেয়। অন্যথায় কার্যাদেশ বাতিল হবে। ডিভাইনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন প্রথম আলোকে জানান, উড়োজাহাজে পাঠালে লোকসান হবে। আবার পুরোপুরি মালামালও প্রস্তুত করা হয়নি। কারণ ওই একই, অবরোধ।

রাজনৈতিক অস্থিরতা আর টানা অবরোধে এভাবেই প্রতিদিন পোশাক কারখানার মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাবে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত কার্যাদেশ বাতিল, মূল্যছাড়, এয়ারফ্রেইট, জাহাজীকরণে দেরি ও নাশকতায় পোশাকশিল্পের মোট ১৬৫ লাখ ডলারের ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ১২৯ কোটি টাকা। তবে এই হিসাব মাত্র ২১টি পোশাক কারখানার।
গাজীপুরের কাশিপুরের ডিভাইন ফ্যাশনের দুই ইউনিটে কাজ করেন প্রায় এক হাজার ৯০০ জন শ্রমিক। মনির হোসেন বলেন, ‘আমরা প্রতি মাসে গড়ে ১৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করি। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে অক্টোবরে ১২ লাখ, নভেম্বরে তিন লাখ ও চলতি মাসে এখন পর্যন্ত দেড় লাখ ডলারের রপ্তানি করেছি। গত দুই মাসেই আমাদের আট থেকে নয় কোটি টাকা লোকসান হয়েছে।’

ল্যান্ড মার্ক গ্রুপ পাঁচ লাখ ৯২ হাজার ডলারের পণ্য রাজনৈতিক অস্থিরতার কারণে সময়মতো পাঠাতে পারেনি। এ কারণে আমেরিকার ক্রেতা কার্যাদেশটি বাতিল করেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দীপক ভৌমিক গতকাল এ প্রতিবেদককে বলেন, ‘দুই মাস আগে আমেরিকার এই অর্ডারটি বাতিল হয়। পরে তা স্টক লট হিসেবে বিক্রি করতে হয়েছে। এখন পর্যন্ত এই ক্ষতি পুষিয়ে উঠতে পারিনি।’

বিজিএমইএ সম্প্রতি হরতাল অবরোধে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে একটি জরিপের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে এখন পর্যন্ত ২১ কারখানা হিসাব দিয়েছে। এগুলো হচ্ছে—গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ, রাতুল অ্যাপারেলস, নিটটেক্স ইন্ডাস্ট্রিজ, সাউথইস্ট সোয়েটার, শাহেদ ফ্যাশন, মার্ক মোড, লিরিক অ্যাপারেল, কে জি গার্মেন্টস, মেনভিল স্টাইলস, নোমান ফ্যাশনস ফেব্রিক্স, সাদ-সান অ্যাপারেলস, বাংলা পোশাক, এনকেএল অ্যাপারেলস, সেভেন স্টার স্যুয়েটার, ডটকম সুয়েটার, ফ্যাশন ২০০০, পিএনও অ্যাটিরেস, ডিভাইন ফ্যাশনস, শাহেদ ফ্যাশনস ইন্টারন্যাশনাল ও আমীন ফেব্রিক্স।

জরিপে দেখা যায়, নয় দিনে ১৪ কারখানার ২৪ লাখ ৬৭ হাজার ৮৫৬ মার্কিন ডলারের কার্যাদেশ বাতিল হয়েছে। এ ছাড়া অবরোধের কারণে সময়মতো জাহাজীকরণ করতে না পারায় ১৩ প্রতিষ্ঠানকে ৪৬ লাখ ৫৮ হাজার ৩১৪ ডলার মূল্য ছাড় দিতে হয়েছে। একই সঙ্গে এয়ারফ্রেইট বা উড়োজাহাজে পণ্য পাঠাতে গিয়ে ১৬ প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে আট লাখ ৩০ হাজার ৩৯৩ ডলার।

অন্যদিকে জাহাজীকরণে দেরি হওয়ার কারণে স্টক লট বা কার্যাদেশ বাতিল হওয়ার হুমকির মুখে আছে ১৯ প্রতিষ্ঠানের ৬৬ লাখ ৪০ হাজার ৭৯৭ ডলার। আর নাশকতার জন্য ক্ষতি হয়েছে ১৯ লাখ চার হাজার ৮৯০ ডলার।
তবে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, এটি পুরো শিল্পের একটি খণ্ডচিত্র। পরিস্থিতি এর চেয়ে অনেক বেশি খারাপ। গত তিন মাসে রাজনৈতিক কারণে পোশাকশিল্পে কমপক্ষে দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘রানা প্লাজা ধসের পর দিনের পর দিন রাজনৈতিক অস্থিরতা চলছে। কার্যাদেশ চলে যাচ্ছে অন্য দেশে।’

আতিকুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণে সুস্থ কারখানাও অসুস্থ হয়ে পড়ছে। এই অবস্থা আরও কিছুদিন চললে অনেক কারখানাই টিকতে পারবে না। বন্ধ হয়ে যাবে।
বেশ কয়েকজন মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, অবরোধের কারণে শিল্পের সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক ক্ষেত্রে কাপড়ে রং করা, অ্যামব্রয়ডারি করা, ধোলাই ও ইস্ত্রির কাজ ভিন্ন কারখানাতে করতে হয়, যা সময়মতো করতে পারছেন না মালিকেরা। ফলে সময়মতো জাহাজীকরণের জন্য পণ্য তৈরি হচ্ছে না। আবার হলেও পাঠানো যাচ্ছে না। তাই কার্যাদেশ বাতিলের ভয়ে উড়োজাহাজে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন মালিকেরা।

বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, জাহাজে প্রতি ডজন পণ্য পাঠাতে লাগে ৩০ সেন্ট। এটি বহন করেন ক্রেতা। আর উড়োজাহাজে পাঠাতে প্রতি পিসেই প্রায় ৩০ সেন্ট খরচ হয়। যার পুরোটাই প্রতিষ্ঠানের ঘাড়ে পড়ে। ফলে অনেক টাকা লোকসান গুনতে হয়।
অবশ্য কয়েক দিন ধরে পুলিশ প্রহরায় পণ্যবাহী কাভার্ড ভ্যান বন্দরে পাঠাতে পারায় মালিকেরা একটু স্বস্তি পেয়েছেন। তবে অবরোধের সুযোগে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ।
এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী বলেন, আগে চট্টগ্রাম বন্দরে একটি কাভার্ড ভ্যানের ভাড়া ছিল ১৫ থেকে ২০ হাজার টাকা। আর এখন ৯০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হচ্ছে।

অবরোধে ২১ পোশাক কারখানার ক্ষতির চিত্র
১-৯ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত
(মার্কিন ডলারে)
 কার্যাদেশ বাতিল ২৪,৬৭,৮৫৬.৭০
 মূল্যছাড় ৪৬,৫৮,৩১৪.২৫
 এয়ারফ্রেইট ০৮,৩০,৩৯৩.৬৮
 জাহাজীকরণে দেরি ৬৬,৪০,৭৯৭.৪৮
 নাশকতায় ক্ষতি ১৯,০৪,৮৯০.৫৮