বড় ‘খেলোয়াড়’ বা ব্যবসায়ীরাই বাজার নিয়ন্ত্রণ করে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীকে বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত করতে কাজ হচ্ছে। তবে এটি খুবই কঠিন। মুক্ত বাজার অর্থনীতিতে বড় খেলোয়াড়েরাই বাজার নিয়ন্ত্রণ করে। আমেরিকার কিছু মাফিয়া যেমন চিনির বাজার নিয়ন্ত্রণ করে, তেমনি বাংলাদেশেও। আসলে সারা বিশ্বেই এমনটা আছে।
বাংলাদেশের কৃষি খাতে অন্তর্ভুক্তিমূলক বাজার উন্নয়নের সুযোগ শীর্ষক সেমিনারে গতকাল বুধবার এসব কথা বলেন হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি সেমিনারে প্রধান অতিথি ছিলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ও ক্যাটালিস্ট যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। সেমিনারে দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইডিএসের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো নাজনীন আহমেদ ও রিসার্চ ফেলো মোহাম্মদ হারুনুর রশীদ ভূঁইয়া।
পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফ আলী, ক্যাটালিস্টের মহাব্যবস্থাপক মারকাস এহমান।
হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘সরকার প্রতিটি খাতের উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক করতে চায়। সে জন্য প্রত্যেক নাগরিককে সামাজিক নিরাপত্তাবেষ্টনীসহ সামষ্টিক উন্নয়ন পরিকল্পনার মধ্যে নিয়ে আসার কাজ চলছে।
সবজি, বীজ ও সার খাতের অন্তর্ভুক্তিমূলক বাজার উন্নয়নের সম্ভাবনা বিষয়ে গবেষণাটি করেন হারুনুর রশীদ। তিনি বলেন, দেশের সবজিবাজারকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে স্থানীয় পর্যায়ে উন্নত মানের হিমাগার ও মোড়কীকরণ কারখানা স্থাপন করা প্রয়োজন। সে জন্য সরকারকে নীতিসহায়তা ও প্রণোদনা দিতে হবে। এমনটি হলে ব্যবসায়ীদের পাশাপাশি প্রান্তিক চাষিরাও সমানভাবে উপকৃত হবেন।
বিআইডিএসের এই গবেষক বলেন, সবজি খাতের উন্নয়নে আলাদা নীতি দরকার, যাতে করে সবজির পুরো সরবরাহব্যবস্থাই অন্তর্ভুক্ত থাকে। একই সঙ্গে সরকারকে কৃষিজাত প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও রপ্তানিকারকদের স্থানীয় পর্যায়ের কৃষকদের সঙ্গে চুক্তিভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া উন্নত মানের বীজ ও সারের জোগান নিশ্চিত এবং সঠিক পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেন, গত ২০১৩-১৪ অর্থবছরে সারা দেশে ১ কোটি ৩৮ লাখ টন বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। গত তিন অর্থবছর ধরেই সবজি উৎপাদনে ৬ শতাংশ করে প্রবৃদ্ধি আছে।
বীজ ও সারের বিষয়ে হারুনুর রশীদ বলেন, সার সংরক্ষণে পর্যাপ্ত ওয়্যারহাউস নির্মাণ করতে হবে। যাতে অন্য এলাকার পাশাপাশি প্রত্যন্ত এলাকার কৃষকেরা সহজেই সার পান। এ ছাড়া সার প্রাপ্তির সময় ও পরিবহন খরচ যতটা সম্ভব কমিয়ে আনা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, উচ্চবিত্ত ও প্রভাবশালীদের বাইরে দক্ষ ও কার্যকর ডিলারের হাতে সার প্রদান নিশ্চিত করার পাশাপাশি জৈব সার উৎপাদনে সরকারকে সহায়তা দিতে হবে। ভেজাল সার বন্ধে শক্ত পদক্ষেপ প্রয়োজন।
সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক বলেন, বেসরকারি বীজ উৎপাদন প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন শাখা আছে। ১০ বছর আগে তেমনটি ছিল না। তাই উচ্চ ফলনশীল জাতের বীজ উৎপাদনের অনুমতি ওই সব প্রতিষ্ঠানকে সরকার দিতে পারে।
অন্যদিকে নাজনীন আহমেদের মৎস্য খাতের অন্তর্ভুক্তিমূলক বাজার উন্নয়নের সম্ভাবনা-বিষয়ক গবেষণায় বলা হয়, জলমহাল নীতির আওতায় প্রকৃত মৎস্য শিকারিকে মাছ চাষের জন্য জলাশয় ইজারা দেওয়া এবং দরিদ্র মৎস্য শিকারিকে আর্থিক সহায়তা দেওয়া দরকার। এ জন্য তাদের স্মার্টকার্ড দেওয়া যেতে পারে। একটি বাড়ি একটি খামারের প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের সংঘবদ্ধ করা যায়। এর বাইরে তাদের আধুনিক মৎস্য সরঞ্জাম, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসব করা গেলে দরিদ্র মৎস্যজীবীদের অন্তর্ভুক্তির মাধ্যমে খাতটির উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন গবেষক নাজনীন। এ জন্য উন্নত মানের মাছের খাবার ও চুক্তিভিত্তিক মৎস্য চাষ উদ্বুদ্ধ করাও প্রয়োজন বলে মনে করেন তিনি।