
বেসরকারি খাতের একটি ব্যাংকের এমডি গতকাল বাংলাদেশ ব্যাংককে জানিয়েছেন, ‘বড় কয়েকজন গ্রাহক ঋণ নিয়ে পাচার করেছেন। তাঁরা মালয়েশিয়ায় সেকেন্ড হোম সুবিধায় বাড়ি কিনে সেখানে বসবাস করছেন। আমরা জানার পরও তাঁদের কিছুই করতে পারছি না।’
খেলাপি ও অবলোপন করা ঋণ থেকে আদায় কম হওয়া ২০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক সভায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ অভিযোগ তুলে ধরেন তিনি। সভায় লক্ষ্য অনুযায়ী ঋণ আদায় করতে না পারা ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ঋণ আদায় করতে না পারলে ব্যাংকের অস্তিত্ব সংকটে পড়বে। এ জন্য ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঋণে অনিয়ম ধরা পড়লে দুর্নীতি দমন কমিশনের সহায়তা নিতে হবে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। সভায় জনতা ব্যাংকের এমডি মো. আবদুস সালাম, এনসিসি ব্যাংকের এমডি গোলাম হাফিজ আহমেদ, দি সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হুসেইন, প্রিমিয়ার ব্যাংকের এমডি খোন্দকার ফজলে রশিদ, ব্যাংক এশিয়ার এমডি আরফান আলীসহ ২০ ব্যাংকের এমডি–ডিএমডিরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোর খেলাপি ও অবলোপন করা চিত্র তুলে ধরে বলা হয়, ব্যাংক খাতে খেলাপি ঋণ আদায়ের হার মাত্র ৫ দশমিক ১৫ শতাংশ।
আরেক এমডি বলেন, ‘অনেকে রিট করে নিজেকে খেলাপি দেখানো থেকে বিরত থাকছেন। তাঁরা আবারও ঋণ দেওয়ার জন্য আমাদের ওপর চাপ তৈরি করছেন। বাংলাদেশ ব্যাংক থেকে তাঁদের ঋণ না দেওয়ার জন্য কোনো নীতিমালা করে দিলে আমরা চাপমুক্ত থাকতে পারি।’
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, কাদের ঋণ দেওয়া যাবে, এ–সংক্রান্ত নীতিমালা রয়েছে। এরপরও কাকে ঋণ দেওয়া হবে—এ সিদ্ধান্ত একান্তই ব্যাংকের।
রাতে যোগাযোগ করা হলে এনসিসি ব্যাংকের এমডি গোলাম হাফিজ আহমেদ বলেন, ‘ঋণ আদায়ে ব্যাংকগুলোকে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। বড় যেসব ঋণ আটকে গেছে, তা আদায় কঠিন হয়ে গেছে।’
সভা শেষে এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, এমডিদের সতর্ক করে বলা হয়েছে, ঋণ আদায় না হলে ব্যাংকের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। এর ফলে এমডির সাফল্যে নেতিবাচক প্রভাব পড়বে। যেসব ঋণে অনিয়ম হয়েছে, তা দুদকে পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে কিছু অর্থ আদায় হতে পারে। এ ছাড়া যাঁরা আদালতে রিট করে টাকা আটকে রেখেছেন, তা নিষ্পত্তি করতে অভিজ্ঞ আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০১৬ সাল শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৬২ হাজার ১৭২ কোটি টাকা। ২০১৫ সাল শেষে খেলাপি ঋণ ছিল ৫১ হাজার ৩৭১ কোটি টাকা। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৮০১ কোটি টাকা। এর বাইরে প্রায় ৪২ হাজার কোটি টাকা ঋণ অবলোপন করা হয়েছে। যার মাধ্যমে এসব মন্দ ঋণ আর্থিক প্রতিবেদন থেকে মুছে ফেলা হয়েছে। এ ঋণ হিসেবে এলে খেলাপি ঋণ হতো ১ লাখ কোটি টাকার বেশি।
২০১৬ সালের খেলাপি ঋণ ও আদায়চিত্র
ব্যাংকের নাম খেলাপি খেলাপি অবলোপন অবলোপন
ঋণ থেকে আদায়* থেকে আদায়*
জনতা ৪১৬৫ ১০৬ ৩২৬০ ৩৫
রূপালী ২৭৯৪ ১১৯ ৬২৮ ৯
বাংলাদেশ কৃষি ৪৬৭৮ ৪১৭ ২২৫ .৮৬
রাজশাহী কৃষি উন্নয়ন ১০০৫ .১৩ ১২৮ .৮৯
বাংলাদেশ কমার্স ৫৮৯ ৬.১৯ ১০ ০
আইসিবি ইসলামিক ৬৭২ ১০ ৩৬০ .৪৩
এবি ৬৬৬ ১৭ ৫৯৬ ১.৫৯
ডাচ্–বাংলা ৮৬৩ ১১ ১৫২ ০
এনসিসি ৬৮১ ১৭৪ ৪৬৮ .১৩
যমুনা ৪০৫ ৪৩ ৪০৮ .৪৯
প্রিমিয়ার ৪৪৩ ৪৭ ১৪৬ .১৫
এক্সিম ১১১৮ ৭২ ১১৬ .১৩
ফারমার্স ১৭১ ৯৪ ০ ০
সিটি ১০৫৩ ৭৫ ১৩২২ ১৩.৩২
আল-আরাফাহ্ ৮৯৯ ৭৭ ৩৫৬ ১.৮
উত্তরা ৬২৫ ৪৩ ৯৩১ ৩.৪১
ব্যাংক এশিয়া ৮০৪ ১২৩ ৪৬৬ ১.৩৭
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ৫৭ ০ ৮৭
উরি ৩০ ০ ৯
কমার্শিয়াল ব্যাংক অব সিলন ৫০ ২ ১৬
* আদায়ের হিসাব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত (কোটি টাকায়)