বড় গ্রুপ ও নির্দিষ্ট খাতে ঋণ কেন্দ্রীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের ডেকে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে, বড় ঝুঁকি তৈরি করছে বৃহৎ অঙ্কের ঋণ। এ ছাড়া নির্দিষ্ট খাত ও গ্রুপের কাছে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ছে। যা অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে। এ জন্য ঋণ বিতরণে এখনই বৈচিত্র্য আনতে হবে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বাড়াতে হবে। সুশাসন নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০১৬ প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এসব মন্তব্য করেন। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেছেন, ‘আর্থিক খাতে স্থিতিশীলতা রক্ষায় ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে। এক খাতে ঋণ কেন্দ্রীভূত ও খেলাপি ঋণের সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। এ জন্য বড় ঋণের দিকে না ঝুঁকে নতুন খাতের খোঁজ করতে হবে। উৎপাদনশীল ও কর্মসংস্থান তৈরি হবে এমন ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বাড়াতে হবে।’

ফজলে কবির বলেন, উচ্চ প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে কাজ করছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্য অর্জনে ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। কোনো রূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে উন্নয়ন ব্যাহত না করে, সেদিকে নজর রাখতে হবে। আদায় বৃদ্ধির মাধ্যমে খেলাপি কমিয়ে আনতে হবে। করপোরেট খেলাপির সংস্কৃতি যেন আর্থিক খাতকে গ্রাস করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতের ১০ দশমিক ৫ শতাংশ ঋণ একবার হলেও পুনঃ তফসিল সুবিধা নিয়েছে। ২০১৬ সালে ১৫ হাজার ৪২০ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল হয়। ২০১৫ সালে পুনঃ তফসিল হয় ১৯ হাজার ১৪০ টাকার ঋণ। পুনঃ তফসিল ঋণের মধ্যে পোশাক ও টেক্সটাইল খাতের ২২ দশমিক ৭ শতাংশ, শিল্প ঋণের ২০ দশমিক ২ শতাংশ, বৈদেশিক বাণিজ্যের ১১ দশমিক ৭ শতাংশ এবং বাণিজ্যিক ঋণ ১০ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দফা পুনঃ তফসিল সুবিধা নিয়েও আদায় না হওয়ায় ২০১৬ সালে ৩ হাজার ৪৮০ কোটি টাকা খেলাপি ঋণ অবলোপন করা হয়। ২০১৫ সালে অবলোপন করা হয় ৪ হাজার ১৬০ কোটি টাকার খেলাপি ঋণ।

প্রতিবেদনের তথ্যমতে, কোনো ব্যাংকের শীর্ষ ৩ ঋণগ্রহীতা খেলাপি হয়ে পড়লে মূলধন পর্যাপ্ততার হার কমে হবে ৯ শতাংশ। বর্তমানে গড়ে এ হার ১০ দশমিক ৮০ শতাংশ। একইভাবে ৭ শীর্ষ গ্রাহক খেলাপি হলে মূলধন পর্যাপ্ততার হার কমে হবে ৭ দশমিক ৫৩ শতাংশ।

প্রতিবেদনের সূত্র ধরে আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী আরিফ খান বলেন, ‘আশপাশের দেশের চেয়ে আমাদের খেলাপি ঋণ অনেক বেশি। এটা কমিয়ে আনতে উদ্যোগ প্রয়োজন। বছর শেষে হওয়ার পরই ব্যাংকগুলো পরিচালন মুনাফার তথ্য প্রকাশ করছে। এমন মূল্য সংবেদনশীল তথ্য আগেই প্রকাশ করা উচিত না। কারণ, চূড়ান্ত আর্থিক প্রতিবেদনের সঙ্গে এর মিল থাকছে না।’

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, খেলাপি ঋণ বাড়ার কারণে বেসরকারি কয়েকটি ব্যাংক নগদ লভ্যাংশ না দিয়ে স্টক দিচ্ছে। খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে। না হলে মূলধনে এর বড় আঘাত পড়বে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অশোক কুমার দে বলেন, একক খাতে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ছে, বড় গ্রুপগুলোর কাছে বেশি বেশি ঋণ চলে যাচ্ছে। এসব ব্যাংক খাতে বড় অভিঘাত সৃষ্টি করতে পারে। ব্যাংক খাতে সুশাসন প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, দেশের আর্থিক খাত শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, এ জন্য পুরো খাতে নজরদারি রাখা সম্ভব না। তবে ব্যাংকগুলোতে নজরদারি আগের চেয়ে অনেক বেড়েছে। বড় যেসব ঋণ যাচ্ছে, তা নিয়মের মধ্যে দেওয়া হলে ঝুঁকি কমে আসবে।

ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ব্যাংকগুলোতে আর্থিক দুর্নীতি ও সাইবার হামলা নিয়ে সতর্ক থাকতে হবে।

পরিবর্তন ব্যবস্থাপনা পরামর্শক আল্লাহ মালিক কাজেমী বলেন, ব্যবসা বাড়াতে বেপরোয়া প্রতিযোগিতা করা যাবে না। দেশে ঋণ বিতরণ বাড়ছে, কোন খাতে বাড়ছে, তাদের চাহিদা আসলে কেমন, এসব ভাবতে হবে। যারা বিদেশি ঋণ নিচ্ছে, তাদের কতটুকু বেসরকারি খাতের, সরকারের গ্যারান্টিতে কত ঋণ আসছে, এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত।

সভাপতির বক্তব্যে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, নানা নীতি সহায়তা দেওয়া হচ্ছে। এরপরও সমস্যা রয়ে গেছে। এ জন্য বৃহৎ ঋণের পরিবর্তে কৃষি ও এসএমই খাতে ঋণ বাড়াতে হবে। এ ছাড়া আর্থিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগে অংশগ্রহণ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংক নিয়মিত ভিত্তিতে বড় গ্রুপগুলোর ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করছে। বিভিন্ন বিভাগ তা তদারক করছে।