
চলতি অর্থবছরের প্রথম চার-পাঁচ মাস শান্তিশৃঙ্খলা ছিল। অর্থনৈতিক স্থিতিশীলতাও ছিল। কম ছিল আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেছে। এমন ভালোর মাঝেও দুর্বলতা ছিল ব্যক্তি খাতের বিনিয়োগে। বিনিয়োগ বোর্ডে নিবন্ধন কমার পাশাপাশি বিদেশি বিনিয়োগ কমেছে। শিল্প খাতে মেয়াদি ঋণ কমে গেছে। আবার রাজস্ব আদায় পরিস্থিতিও বিনিয়োগ বৃদ্ধির প্রমাণ দেয় না। তাই এ মুহূর্তে বিনিয়োগ আকৃষ্ট করাই এখন বড় চ্যালেঞ্জ।
এভাবেই চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিশ্লেষণ প্রকাশ করা হয়। সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধের বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশকে ‘পুঁজি দুর্ভিক্ষের দেশ’ হিসেবে অভিহিত করে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতির ভেতরে স্থিতি রয়েছে, তবে চাঞ্চল্য কম। চাঞ্চল্য আনতে সরকার যদি সাহসিকতার সঙ্গে বড় ধরনের সংস্কার না করে তবে মধ্য মেয়াদে অর্থনৈতিক সম্ভাবনার বাস্তবায়ন করা যাবে না। ৭-৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কষ্টকর হবে। সরকার এ ধরনের সংস্কারের বিষয়টি উপলব্ধি করছে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, শান্তি ও নিরাপত্তা বিভিন্নভাবে আক্রমণের মুখে পড়েছে, জঙ্গি আক্রমণ হচ্ছে। বিনিয়োগ আকৃষ্টের ক্ষেত্রে এগুলো প্রভাব ফেলবে। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতেও এ বিষয়টি গুরুত্ব দিতে হবে।’
সিপিডি বলছে, গত অর্থবছরের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে নতুন অর্থবছর শুরু করেছে সরকার। নতুন বিনিয়োগের চেয়ে কারখানাগুলোর সক্ষমতা বাড়াতেই বিনিয়োগ বেশি হচ্ছে। অন্যদিকে প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে বিনিয়োগ আকর্ষণে এখনো বড় কোনো উদ্যোগ বা সংস্কার করতে দেখা যায়নি। সিপিডি মনে করে, এ বছরের বাকি সময়ে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিতে থাকে, তবে বিনিয়োগে গতি আসতে পারে।
সিপিডির মতে, ২০২৩ সাল নাগাদ গ্যাসের মজুত তলানিতে এসে ঠেকবে। তাই এখন থেকে নতুন গ্যাসের সন্ধান কিংবা অন্য উৎস থেকে জ্বালানি সরবরাহের নিশ্চয়তার দিকে জোর দিতে হবে। এদিকে দেশের পুঁজি বিদেশে বিনিয়োগ করতে আইন ও নীতিগুলো পর্যালোচনার সুপারিশ করেছে সিপিডি।
সার্বিকভাবে এ মুহূর্তে করণীয় কী—এ সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ পরিস্থিতি উদ্বেগের না হলেও দুশ্চিন্তা সৃষ্টি করেছে। তাই বড় ধরনের সংস্কার করতে হবে। এর প্রথম প্রকাশ হবে দ্রুত মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন। স্বল্প মেয়াদে পলিসি রেট, সুদের হার, বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমানোর উদ্যোগ নেওয়া উচিত। অন্যদিকে তেলের দাম কমানো হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এ বছর সমাপ্ত হবে এমন গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করতে হবে। বিদেশি সহায়তার ব্যবহার বাড়াতে হবে। এডিপির প্রকল্প বাস্তবায়নে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ ছাড়া শুধু দুস্থ নয়, সব নাগরিকের সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
ব্যাংক খাত নিয়ে সিপিডি বলেছে, এ খাতের অব্যাহত পারফরম্যান্স চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সোনালী ও বেসিক ব্যাংকে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি আর্থিক খাত কমিশন গঠনের পরামর্শ দিয়েছে সিপিডি।
বেসিক ব্যাংকের উদাহরণ দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখানে উন্মুক্তভাবে তছরুপের ঘটনা ঘটেছে। রাজনৈতিক ঋণ ও ব্যাংকের অভ্যন্তরীণ ঋণের কারণে ব্যক্তি খাতের বিনিয়োগকে সমর্থন দেওয়ার বিষয়টি অনুপস্থিত রয়েছে।
চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে বলে মনে করে সিপিডি। অর্থনৈতিক ও প্রশাসনিক যে সক্ষমতা রয়েছে, এর চেয়ে বেশি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরের চেয়ে ৪২ দশমিক ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে হবে। এদিকে রপ্তানি খাতের প্রবৃদ্ধি ওঠানামা করছে বলে বছরে কী পরিমাণ প্রবৃদ্ধি, তা এ মুহূর্তে প্রাক্কলন করা কষ্টসাধ্য বলে মনে করে সিপিডি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।