বড় জরিমানা গুনতে যাচ্ছে জেপি মরগ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অন্যতম সুবৃহৎ ব্যাংক জেপি মরগ্যান চেজ এক হাজার ৩০০ কোটি ডলার জরিমানা দিতে যাচ্ছে।
এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অঙ্কের জরিমানা।
২০০৮ সালে আর্থিক সংকট শুরু হওয়ার আগে বন্ধকি কুঋণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার অভিযোগে জেপি মরগ্যানের বিরুদ্ধে তদন্ত ও মামলা হয়।
এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও অন্যান্য সংস্থাকে এই এক হাজার ৩০০ কোটি ডলার দিতে হবে। তবে এই জরিমানা দেওয়ার মাধ্যমে ব্যাংকটির বিরুদ্ধে আনীত ফৌজদারি অপরাধ থেকে মুক্তি মিলবে না।
বন্ধকি কুঋণকে বন্ডে রূপান্তর করে তা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার মাধ্যমে প্রকৃতপক্ষে জেনেশুনে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্রের সরকার।
আর্থিক সংকটের পর থেকে জেপি মরগ্যান একের পর এক অভিযোগ ও মামলায় পড়েছে। বর্তমানে এক ডজনের বেশি অনুসন্ধান ও মামলা চলছে বিনিয়োগ ব্যাংকের বিরুদ্ধে। চীনে ঘুষ প্রদান থেকে শুরু করে লিবর কারসাজিতে জড়িত থাকার মতো গুরুতর সব অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।