বড় জাহাজ ভিড়তে পারবে চট্টগ্রাম বন্দরজেটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরজেটিতে এখন যেসব জাহাজ ভিড়ছে, তার চেয়ে বড় আকারের জাহাজ ভেড়ানোর উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলীর মোহনার প্রবেশমুখে এবং গুপ্তবাঁকে খননকাজ করে প্রশস্ততা এবং গভীরতা (ড্রাফট) বাড়িয়ে এ সুযোগ তৈরি করা হয়েছে। বন্দরের পর্ষদ সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা। তবে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বন্দর সূত্রে জানা গেছে, ২ মার্চ বন্দরের পর্ষদ সভায় সর্বোচ্চ ১৯০ মিটার লম্বা এবং সাড়ে নয় মিটার গভীরতার জাহাজ বন্দরজেটিতে ভেড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সর্বোচ্চ ১৮৬ মিটার লম্বা এবং ৯ দশমিক ১৪ মিটার গভীরতার জাহাজ ভেড়ানোর অনুমোদন দিচ্ছে বন্দর।
জানতে চাইলে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বন্দরের বোর্ডসভায় বিষয়টি নিয়ে সবাই একমত হয়েছেন। এর পরও পরীক্ষা-নিরীক্ষা করে এবং শর্ত সাপেক্ষে সর্বোচ্চ দৈর্ঘ্য এবং গভীরতার জাহাজ ভেড়ানোর অনুমোদন দেওয়া হবে। শিগগিরই বিজ্ঞপ্তি জারি করে ব্যবহারকারীদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’
অবশ্য নতুন সিদ্ধান্ত কার্যকর হলেও কনটেইনারবাহী বড় জাহাজ (মাদার ভেসেল) ভেড়ার সুযোগ নেই এই বন্দরে। মূলত বড় আকারের ফিডার জাহাজের (ফিডারম্যাক্স) মাধ্যমে কনটেইনার আনা-নেওয়া করতে হবে।
একইভাবে ৩৫ থেকে ৯০ হাজার টন খোলা, বস্তাবন্দী ও জ্বালানি তেলবাহী জাহাজগুলোকে কুতুবদিয়া ও বহির্নোঙর এলাকায় অবস্থান করে পণ্য খালাস করতে হবে। তবে নতুন সিদ্ধান্তে কমবেশি ৩৩ হাজার টন পণ্যবাহী জাহাজ জেটিতে ভেড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
যেভাবে হবে: চট্টগ্রাম বন্দর জোয়ার-ভাটানির্ভর একটি প্রাকৃতিক বন্দর। শুধু জোয়ারের সময় জাহাজগুলো বন্দরের নিজস্ব পাইলটের মাধ্যমে সাগর থেকে কর্ণফুলী নদীর মাধ্যমে জেটিতে আনা-নেওয়া করা হয়। জাহাজের গভীরতা বাড়ানোর বড় সীমাবদ্ধতা হচ্ছে কর্ণফুলীর প্রবেশমুখে আউটারবার (সাগর ও কর্ণফুলী নদীর সংযোগস্থল) এলাকার গভীরতা। এই এলাকায় পানির স্বাভাবিক গভীরতা (চার্ট ডেটাম) ছিল ৫ দশমিক ৩ মিটার।
বন্দরের হাইড্রোগ্রাফি ও নৌ-বিভাগ সূত্র জানা গেছে, এক বছর ধরে এই এলাকার বালু-মাটি অপসারণ করে গভীরতা বাড়ানো হয়েছে। গত ১৯-২০ ফেব্রুয়ারি পরিচালিত হাইড্রোগ্রাফি বিভাগের জরিপে দেখা যায়, এই এলাকার পানির স্বাভাবিক গভীরতা এখন ৬ দশমিক ৩ মিটার। এই গভীরতার সঙ্গে জোয়ারের উচ্চতা (আড়াই-পাঁচ মিটার) হিসাব করে জাহাজ আসা-যাওয়ার গভীরতা নির্ধারণ করা হয়।
অপরদিকে গুপ্তবাঁকে প্রশস্ততার সীমাবদ্ধতার কারণে জাহাজের দৈর্ঘ্যও ১৮৬ মিটারে সীমাবদ্ধ করা হয়েছিল। গুপ্তবাঁক দিয়ে প্রায় ৯০ ডিগ্রি ঘুরে জাহাজ জেটিতে আসা-যাওয়া করতে হয়। গুপ্তবাঁকে বালু-মাটি অপসারণ করে জাহাজ চলাচলের পথের প্রশস্ততা বাড়ানো হয়েছে প্রায় ১০০ মিটার।
বন্দরের সিদ্ধান্ত জানিয়ে মতামত জানতে চাইলে বুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদীতে বড় ধরনের কাজ করার আগে গবেষণা করা দরকার।
তবে সাধারণত নদীর ভাটির দিকে এ ধরনের খননকাজের জন্য বন্দরের সংশ্লিষ্ট অভিজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ নিয়ে করা যেতে পারে। এর পরও সতর্কতা অবলম্বন করা উচিত।
এ বিষয়ে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘এক বছর ধরে জাহাজ চলাচলের পথ খননকাজ করে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে, যাতে কোনো বিরূপ প্রভাব পড়ে কি না। তবে কোনো বিরূপ প্রভাব না পড়ায় আমরা আশাবাদী।’ পর্যায়ক্রমে সর্বোচ্চ ১৯৫ মিটার লম্বা জাহাজ এবং সাড়ে ১০ মিটার গভীরতার জাহাজ জেটিতে আনা-নেওয়ার ব্যাপারে পরিকল্পনা আছে বলে তিনি জানান।
জানা গেছে, সর্বোচ্চ অনুমোদিত দৈর্ঘ্য এবং গভীরতার জাহাজ ভেড়ানোর সুযোগ পাওয়া যাবে বর্ষা মৌসুমে। কারণ, এ সময় জোয়ারের উচ্চতা বেশি থাকায় এ ধরনের জাহাজ জেটিতে আনার সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন জাহাজ পরিচালনাকারীরা। শুষ্ক মৌসুমে জোয়ারের উচ্চতা কম থাকায় সর্বোচ্চ অনুমোদিত দৈর্ঘ্যের জাহাজ ভেড়ানোর অনুমতি দেওয়া হয় না।
নতুন সিদ্ধান্তে বছরে অধিকসংখ্যক খোলা ও বস্তাবন্দী পণ্যবাহী জাহাজ জেটিতে ভিড়ে পণ্য খালাসের সুযোগ পাবে, যেগুলো এখন বহির্নোঙরে অবস্থান করে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করতে হয়। এতে বন্দরের নানা মাশুল বাবদ আয় বাড়বে প্রায় ২৯ কোটি টাকা।
আবার একসঙ্গে দুই হাজার কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) ধারণক্ষমতার জাহাজও জেটিতে ভিড়ে পণ্য খালাসের সুযোগ পাবে। বর্তমানে সর্বোচ্চ দেড় হাজার কনটেইনার ধারণক্ষমতার জাহাজ ভিড়তে পারে জেটিতে।
ফিডার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্দর দিয়ে দুই হাজার কনটেইনার ধারণক্ষমতার জাহাজ চলাচলের সুযোগ তৈরি হলে জাহাজের পরিচালন খরচ কমবে। এতে কনটেইনার পরিবহনের ভাড়াও কমতে পারে। এতে আমদানি-রপ্তানিকারকেরা সুবিধা পাবেন।
বন্দরের কর্মকর্তারা জানান, স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দরজেটিতে সর্বোচ্চ ১৩৭ মিটার লম্বা এবং সাত মিটার গভীরতার জাহাজ ভেড়ানোর অনুমতি দেওয়া হতো। সত্তরের দশকে বন্দর চ্যানেল সংস্কার করে প্রায় ১৫০ মিটার লম্বা জাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়। ১৯৯৪-৯৫ সালের দিকে আরও বাড়িয়ে ১৮৬ মিটার লম্বা জাহাজ ভেড়ানোর ব্যবস্থা হয়।