বড় টিভিতে বেশি কর, ছোট টিভি আনতে কর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে ফেরার সময় যাত্রীরা সঙ্গে যে টেলিভিশন কিনে নিয়ে আসেন, তার কর হারে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন নিয়ম অনুযায়ী, ২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, টিএফটি ও এলইডির মতো উন্নত প্রযুক্তির টেলিভিশনে কোনো কর দিতে হবে না। এর আগে এসব টেলিভিশনে ৫ হাজার টাকা কর দিতে হতো। এ ছাড়া ৬৬ ইঞ্চির বড় আকারের টেলিভিশনে ৯০ হাজার টাকা কর আরোপ করা হয়েছে। এর আগে ৫৩ ইঞ্চির বড় যেকোনো আকারের টেলিভিশনে ৭০ হাজার টাকা কর ছিল।

অন্যান্য ক্ষেত্রে কর হার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে এখন থেকে ৩০-৩৬ ইঞ্চি টেলিভিশনের ক্ষেত্রে ১০ হাজার, ৩৭-৪২ ইঞ্চির ক্ষেত্রে ২০ হাজার, ৪৩-৪৬ ইঞ্চির ক্ষেত্রে ৩০ হাজার, ৪৭-৫২ ইঞ্চির ক্ষেত্রে ৫০ হাজার ও ৫৩-৬৫ ইঞ্চি পর্যন্ত আকারের টেলিভিশনে ৭০ হাজার টাকা কর দিতে হবে।

যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা সংশোধন করে এ নিয়ম করেছে এনবিআর। গত বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের সঙ্গে এ সংশোধনী জারি করা হয়। গত বছরের বাজেটে বিদেশ থেকে টেলিভিশন আনার কর কমানো হয়েছিল। তখন ২৯ ইঞ্চি সাদাকালো টেলিভিশনে কর দিতে হতো না। এখন উন্নত প্রযুক্তির টেলিভিশনকে সেখানে যুক্ত করা হলো।