বড় দরপতন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল রোববার আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। গত কয়েক দিনে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় গতকালের এই দরপতনের ঘটনা ঘটল।সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় পৌনে ৫ শতাংশ বা ২৩৭ পয়েন্ট কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৩ দশমিক ৬৮ শতাংশ বা ৫২২ পয়েন্ট।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে ৯৬ শতাংশ এবং সিএসইতে ৯১ শতাংশেরই দাম কমেছে। এর মধ্যে ঢাকার বাজারে গতকাল দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটিই অসম্পূর্ণ ছিল। দিন শেষে এই তালিকায় ছিল মাত্র সাতটি কোম্পানি। দরপতনের প্রতিবাদে গতকালও কিছু বিনিয়োগকারী ঢাকায় মতিঝিলের ডিএসই ভবনের সামনে ঝাড়ু মিছিল করেন। যে কারণে বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মতিঝিল শাপলা চত্বর থেকে রামকৃষ্ণ মিশন রোড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, এরই ধারাবাহিকতায় গতকালের এমন পতন। এতে বোঝা যায়, বিনিয়োগকারীদের একটি অংশ এত লোকসানে শেয়ার বিক্রি করতে চাইছে না। এই অবস্থায় বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে সমর্থন দরকার, সেটি পুরোপুরি পাওয়া যাচ্ছে না।’ হাফিজ অবশ্য এ-ও বলেন, বাজার যে পর্যায়ে নেমে এসেছে তাতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু দরকার একটু ধৈর্য। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া এসইসিও এ ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে। তাই এই মুহূর্তে বিনিয়োগকারীদের গুজব বা অন্য কোনো বিভ্রান্তিতে কান দেওয়া ঠিক হবে না।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখনো অস্পষ্টতা রয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারির দেড় ঘণ্টার মধ্যে তা মৌখিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু গতকাল পর্যন্ত ওই পরিপত্র প্রত্যাহারের লিখিত কোনো ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেছেন, পরিপত্রটি প্রত্যাহার করা হলেও ১৯৭৯ সালের সার্ভিস রুলটি এখনো বহাল রয়েছে, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭১০ পয়েন্টে। এর আগে ১৮ জানুয়ারি তা চার হাজার ৬৯৬ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। ডিএসইতে গতকাল ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৬টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র সাতটির আর অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। ঢাকার বাজারে গতকাল লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৮৬ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা কম।সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল নেমে এসেছে ১৩ হাজার ৬৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৮টির দাম কমেছে, বেড়েছে ১৫টির আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। গতকাল সিএসইতে ৩৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।