বড় দরপতনে আবারও বিক্ষোভ মতিঝিলে
দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন চলছে। গত দুই দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ২০৩ পয়েন্ট। এই দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে আবারও বিক্ষোভ শুরু করেছেন একদল বিনিয়োগকারী। বিক্ষোভের কারণে গত দুই দিন ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। গতকালও তার ব্যতিক্রম ঘটেনি। গত রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক কমেছিল প্রায় ১১৫ পয়েন্ট। আর গতকাল সোমবার তারই ধারাবাহিকতায় দিন শেষে সূচক কমেছে প্রায় ৮৮ পয়েন্ট। বাজেট-পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে ছয় দিনই বাজারে দরপতন ঘটেছে। অবশ্য নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘পুঁজিবাজারবান্ধব’ বলে আখ্যায়িত করেছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত বাজারে তার কোনো প্রভাব পড়েনি। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, কীভাবে বাজারটাকে নিচে নামানো যায়, তা নিয়ে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এটি করতে গিয়ে তারা নানা সুযোগের সন্ধানে থাকে এবং সুযোগ পেলেই সেগুলোকে কাজে লাগিয়ে ফায়দা তুলে নেয়। এমন পরিস্থিতিতে শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ওই গোষ্ঠীটা ভালোভাবে কাজে লাগাচ্ছে। হেলালউদ্দিন বলেন, ‘বিশ্বের সব দেশেই এ ধরনের সুযোগ-সন্ধানী থাকে। কিন্তু সেসব দেশের আইনকানুন ও বাজারের পরিধি বড় থাকায় সেখানে নেতিবাচক মন্তব্যগুলোকে খুব বেশি কাজে লাগানো যায় না। আমাদের দেশে সেটি ভালোভাবে কাজে লাগানো হয়।’ তিনি আরও বলেন, ‘তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টি নিয়ে বাজারে যখন অনিশ্চয়তা বা পরিচালকদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে, তখন এ ধরনের মন্তব্য সাধারণ বিনিয়োগকারীদের আরও হতাশ করেছে। অপরদিকে পরিচালকদের একটি অংশ খুশি হয়েছে।’ বাজার নিয়ে যেকোনো মন্তব্য করার ক্ষেত্রে অর্থমন্ত্রীর যতটা সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, ঠিক উল্টোটাই তিনি করেছেন বলে অভিমত দেন হেলালউদ্দিন। এদিকে দরপতনের প্রতিবাদে গতকাল বেলা দুইটার দিকে ডিএসই ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল বিনিয়োগকারী। এ কারণে প্রায় ৩০ মিনিট ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে দিলকুশায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কার্যালয়ের সামনে জড়ো হন।গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে চার হাজার ৪১৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে প্রায় ১৬৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ২৮০ পয়েন্ট কমে নেমে এসেছে ১৩ হাজার ২৮৩ পয়েন্টে। দিন শেষে সিএসইতে প্রায় ৩০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।