বড় দরপতনে ডিএসইর মূল্যসূচক চলতি বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে
দুই কার্যদিবসের ব্যবধানে গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। এর ফলে এক সপ্তাহে দুই দফায় শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখলেন বিনিয়োগকারীরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন ২ দশমিক ৭০ শতাংশ বা ১১২ পয়েন্ট কমেছে। এর আগে গত রোববার ডিএসইর সাধারণ সূচক প্রায় আড়াই শতাংশ বা ১১০ পয়েন্ট কমেছিল। বড় ধরনের দরপতনের কারণে গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন চার হাজার ৩৫ পয়েন্টে নেমে এসেছে। এর আগে সর্বশেষ গত ১০ ডিসেম্বর ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৮ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। পাশাপাশি নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। চার হাজার ৫৬ পয়েন্টের প্রারম্ভিক অবস্থান দিয়ে গত ২৭ জানুয়ারি নতুন এই সূচকটি চালু হয়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ২ দশমিক ৫৬ শতাংশ বা ৩২৭ পয়েন্ট কমেছে। এর আগে রোববার ওই বাজারের সার্বিক মূল্যসূচক কমেছিল প্রায় আড়াই শতাংশ বা ৩২১ পয়েন্ট। এদিকে বুধবারের দরপতনের জন্য বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন। তাঁদের মতে, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, গ্রাহকের পরিচালনাধীন অমনিবাস বা গুচ্ছ হিসাব পৃথক বিওতে (বেনিফিশিয়ারি ওনার্স) স্থানান্তর ও আগের বছরের তুলনায় গত বছর ব্যাংকের প্রকৃত মুনাফা কমে যাওয়ার খবর গতকাল বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিশ্লেষকেরাও এই দরপতনের জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অমনিবাস হিসাবকে পৃথক বিওতে স্থানান্তরের বিষয়টিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক অনিশ্চয়তা দরপতনের একটি কারণ বলে মনে হচ্ছে। তবে আমি মনে করি, গতকালের বড় দরপতনের প্রধান কারণ হলো অমনিবাস হিসাবকে বিও হিসাবে স্থানান্তরের বিষয়টি। মার্চেন্ট ব্যাংকাররা হয়তো ভেবেছিলেন গ্রাহক পরিচালিত অমনিবাস হিসাবকে আলাদা বিওতে স্থানান্তরে আরও সময় বাড়ানো হবে। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাঁদের সময় বাড়ানোর সেই আবেদন নাকচ করে দিয়েছে। বিএসইসির এই সিদ্ধান্ত হয়তো মার্চেন্ট ব্যাংকগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি। এ কারণে তাদের দিক থেকে বিএসইসির ওপর চাপ তৈরির একটি প্রচেষ্টাও থাকতে পারে।’ মোহাম্মদ মূসা আরও বলেন, ‘অমনিবাস হিসাবের আড়ালে দেশের এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান শেয়ারবাজারে সক্রিয় ছিলেন, পৃথক বিও হওয়ার কারণে তাঁরা হয়তো বাজার থেকে সরে যাবেন। কারণ, নানা বিধিনিষেধের কারণে তাঁরা প্রকাশ্যে আসতে চাইবেন না। তবে আমি মনে করি, অমনিবাস হিসাবকে আলাদা বিও হিসাবে স্থানান্তরের সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে বাজারে স্বচ্ছতা বাড়াবে। বাজারে যদি সাময়িকভাবে কিছু প্রভাব পড়েও তারপরও বিএসইসির উচিত বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা। তা না হলে বারবার এই ইস্যুকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা চলবে।’ঢাকার বাজারে এদিন ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫৪টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৬টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিনশেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৫৯ কোটি বা ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকায়। চট্টগ্রামের শেয়ারবাজারে ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৮টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। দিনশেষে সেখানকার বাজারের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি টাকায়।