বড় দরপতনের পর সূচক সামান্য বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই দিনের বড় পতনের পর গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৫৫ পয়েন্টে। এর ফলে সোমবার প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা সাধারণ মূল্যসূচকের কিছুটা উন্নতি হয়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বড় দরপতনের পর সাধারণত দেখা যায় বাজারে সূচকের কিছুটা উন্নতি ঘটে। তবে এই ধারা অব্যাহত থাকবে কি না, এক দিনের আচরণ দেখে তা বলা সম্ভব নয়।জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারে যখন বড় দরপতন ঘটে, তখন বিনিয়োগকারীদের মধ্যে ভয়ে শেয়ার বিক্রির (প্যানিক সেল) প্রবণতা বেড়ে যায়। এতে দরপতন ত্বরান্বিত হয়। গত দুই দিনে বাজারে বড় দরপতনের পর গতকাল সে ধরনের বিক্রির চাপ কম ছিল। এমনকি অনেক বিনিয়োগকারী লোকসানে শেয়ার বিক্রি করতে আগ্রহী ছিলেন না। এর বিপরীতে কেউ কেউ এই দামে শেয়ার কিনতে আগ্রহী হয়েছেন। ফলে বাজারে বিক্রির চাপ ছিল কম। তার বিপরীতে কিছু আগ্রহী ক্রেতা সক্রিয় ছিলেন। এই দুইয়ের মিলিত আচরণে দিন শেষে সূচক ও শেয়ারের দাম কিছুটা বেড়েছে।ঢাকার বাজারে মূল্যসূচকের পতন দিয়েই লেনদেন শুরু হয়। তবে সেটি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয়নি। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়। মাঝে একবার সূচক আগের দিনের অবস্থানের চেয়ে কিছুটা নিচে নেমে গেলেও সেটি স্থায়ী হয়নি। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতিতে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোন, পূবালী ব্যাংক, তিতাস গ্যাস, ডাচ্-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক, সামিট পাওয়ার।ওই প্রতিবেদন অনুযায়ী, এদিন খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১ কোটি, যা ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকিং খাত। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশই ছিল এ খাতের।ঢাকার বাজারে এদিন ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৪টিরই দাম বেড়েছে, কমেছে ৩১টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫০৩ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯১৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টিরই দাম বেড়েছে, কমেছে ৩২টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।