বড় দরপতনের সঙ্গে লেনদেনও কমেছে
তিন দিন ছুটির পর লেনদেন শুরু হওয়া শেয়ারবাজারে বড় দরপতন ঘটেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৭৯ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমেছে। নতুন সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বা ২ দশমিক ০৮ শতাংশ কমে গেছে। সে সঙ্গে লেনদেনও নেমে এসেছে দেড় শ কোটি টাকার ঘরে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে প্রায় ২৩১ পয়েন্ট। সেখানকার বাজারে লেনদেন নেমে নেমেছে ২০ কোটি টাকার নিচে। বেশ কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর গত তিন কার্যদিবসে শেয়ারবাজারে সূচক কমছে। এই তিন কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক কমেছে প্রায় ২০২ পয়েন্ট। সূচকের চেয়ে বেশি কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে গতকাল লেনদেন প্রায় ৪৭ শতাংশ এবং সিএসইতে প্রায় ৫৪ শতাংশ কমে গেছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের কয়েক দিনে বাজারের ঊর্ধ্বমুখী ধারায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল তাতে আবার কিছুটা ধাক্কা লেগেছে। কয়েক দিনের ঊর্ধ্বগতিতে যাঁরা বাজারে সক্রিয় হয়েছিলেন, তাঁদের একটি অংশ আবার লোকসানের মুখে পড়েছে।বাজার বিশ্লেষকেরা অবশ্য বলছেন, গত কয়েক দিনের দর বাড়ার পেছনে যেমন অর্থনৈতিক কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, তেমনি দরপতনেরও সুনির্দিষ্ট কোনো কারণ নেই। অর্থাৎ কারণ ছাড়াই যেমন দর বেড়েছে এখন তেমনি কারণ ছাড়াই দর কমছে। ঢাকার বাজারে দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৬৬ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৭ কোটি টাকা বা ৪৭ শতাংশ কম। চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ২২ কোটি টাকা বা ৫৪ শতাংশ কম।বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির কারণে গত বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার—এই তিন দিন লেনদেন বন্ধ ছিল।