বড় দেশের সঙ্গে সমঝোতা খুব সতর্কভাবে করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা ও বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবুর রহমান

মো. মজিবুর রহমান
মো. মজিবুর রহমান

প্রথম আলো: বিশ্ব বাণিজ্য সংস্থার নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৩-৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন থেকে বাংলাদেশ তথা স্বল্পোন্নত দেশগুলো কী পেতে পারে ?
মজিবুর রহমান: এ সম্মেলনে তেমন কোনো সমঝোতা হবে না। বরং যা হতে পারে, তা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। সম্মেলনে বড়জোর কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর তাতে বাংলাদেশ তথা স্বল্পোন্নত দেশগুলোর বা এলডিসির তেমন কোনো কিছু পাওয়ার নেই। এ সম্মেলনে এলডিসির প্রধান দাবি শত ভাগ কোটামুক্ত ও শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা। এটি অবশ্য নতুন দাবি নয়। এটা কতটুকু পূর্ণ হবে, তা বোঝা যাচ্ছে না। তবে রুলস অব অরিজিন বা পণ্যের কাঁচামালের উৎসবিধি শিথিল করার একটা প্রস্তাব আছে। সেটা অনুমোদন হলে ইতিবাচক ফল পাওয়া যাবে। ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণ নিয়ে একটা চুক্তি হওয়ার কথা। বলা যায়, এটাই এলডিসির জন্য কিছু অর্জন বিবেচিত হতে পারে। সার্বিকভাবে বালি সম্মেলন ডব্লিউটিওর ভাবমূর্তি রক্ষার একটি সম্মেলন।
প্রথম আলো: বাণিজ্য সহজীকরণের বিষয়টা একটু ব্যাখ্যা করে বলুন।
মজিবুর রহমান: বাণিজ্য সহজীকরণের মানে হলো পণ্য আমদানি-রপ্তানির যাবতীয় প্রক্রিয়া সহজ, সাশ্রয়ী ও দ্রুততর করা। এটি অনেকগুলো পদক্ষেপ ও ব্যবস্থার সমন্বিত রূপ। একদিকে এর মাধ্যমে বিভিন্ন দেশের বাণিজ্যনীতির সুসমন্বয় হবে, বিভিন্ন লেনদেন সহজে ও দলিলপত্র জটিলতামুক্ত পদ্ধতিতে সম্পন্ন করা হবে। অন্যদিকে পণ্য পরিবহন কার্যক্রম দ্রুততর হবে। অর্থাৎ সড়ক ও রেলপথে বাধাহীনভাবে পণ্য পরিবহন করা যাবে, বন্দরে সময়মতো পণ্য খালাস ও উত্তোলন করা যাবে। এসব পদক্ষেপের ফলে ব্যবসার খরচ কমবে। তাতে একদিকে শিল্পের প্রতিযোগিতাসক্ষমতা বাড়বে, অন্যদিকে ভোক্তারাও সুফল পাবে। এজন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পর সম্পৃক্ত করতে হবে তথ্য-প্রযুক্তির মাধ্যমে। সমস্যা হলো, উন্নত দেশগুলো এসব কাজ আগেই করে রেখেছে। উন্নয়নশীল ও এলডিসিদের এ জন্য অনেক দূর যেতে হবে, বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে। কিন্তু এলডিসির পক্ষে তা বেশ কঠিন। আর তাই বাণিজ্যের জন্য সাহায্য ব্যবস্থার আওতায় তহবিলের জন্য দর-কষাকষি করা উচিত।
প্রথম আলো: অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) করেছে বাংলাদেশ। এর সুফল ও ঝুঁকির দিকগুলো কী কী?
মজিবুর রহমান: টিকফার নামেই রয়েছে যে এটি একটি ফোরাম বা আলোচনাস্থল। অর্থাৎ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে বছরে দুই বা তিনবার আলোচনা করার, সমস্যা চিহ্নিত করার ও সমাধানের চিন্তা করার জন্য এটি গঠন করা হয়েছে। যাঁরা বলছেন এতে বাংলাদেশের অনেক ক্ষতি হবে, তাঁরা না জেনে-বুঝেই এসব বলছেন। আবার যাঁরা টিকফা থেকে অনেক কিছু প্রত্যাশা করছেন, সেটাও জানা-বোঝার অভাব থেকেই করছেন। আমরা বরং টিকফা করতে কিছুটা দেরিই করে ফেলেছি।
প্রথম আলো: তাহলে বলতে চাচ্ছেন যে টিকফা থেকে ঝুঁকি বা উদ্বেগের কোনো কারণই নেই?
মজিবুর রহমান: আমি বরং এভাবে বলতে চাই যে হাতির সঙ্গে থাকতে গেলে নিজেকে খুব সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে। হাতি নিজের অজান্তেও যদি মানুষের শরীরে পা তুলে দেয়, তাহলে মানুষের ক্ষতি কম হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী দেশ। আবার আমাদের প্রধান বাণিজ্য অংশীদার। তার সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা বা সমঝোতা করতে হলে যথেষ্ট সতর্ক ও বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। একই কথা ভারত বা চীনের মতো বড় দেশগুলোর জন্যও প্রযোজ্য। তাদের সঙ্গে দর-কষাকষি করতে গেলেও আমাদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে করতে হবে।
প্রথম আলো: টিকফার ফলে ডব্লিউটিওতে আমরা যেসব ছাড় পেয়ে আসছি, সেগুলো ব্যাহত হবে কি?
মজিবুর রহমান: টিকফার কারণে ডব্লিউটিওতে এলডিসি হিসেবে বাংলাদেশের বিভিন্ন ছাড়ে কোনো প্রভাব পড়বে না। আবার এসব ছাড় অনন্তকাল বজায় থাকবে না। আমরা ২০২১ সালে মধ্য আয়ের দেশ হতে চাই, স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসতে চাই। আবার এলডিসির বিভিন্ন সুবিধাও বহাল রাখতে চাই। এটা তো সম্ভব নয়। বাস্তবতা হলো, নির্দিষ্ট সময়ে এসব ছাড় আর থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। এই যে আজ বাংলাদেশের ওষুধশিল্প এগিয়ে যাচ্ছে। এটা দীর্ঘস্থায়ী ও টেকসই করতে হলে আমাদের এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) করতে হবে, অত্যাধুনিক ওষুধ পরীক্ষাগার গড়ে তুলতে হবে। এ জন্য বিনিয়োগ করতে হবে।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]