বড় ধরনের উত্থান-পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন সরকারি ছুটি থাকায় চার কার্যদিবসে দুই দিনের উত্থান আর দুই দিনের পতনের মধ্য দিয়েই পার হলো দেশের শেয়ারবাজারের গত সপ্তাহটি। বড় ধরনের এই উত্থান-পতনে সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে। চার কার্যদিবসের মধ্যে দুই দিনের উত্থানেই ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় ৫৩০ পয়েন্ট। আর দুই দিনের পতনে মূল্যসূচক কমেছে প্রায় ৩৬৫ পয়েন্ট। সূচকের এই উত্থান-পতনের যোগ-বিয়োগের হিসাবে সপ্তাহ শেষে সূচক বেড়েছে প্রায় ১৬৫ পয়েন্ট। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ এই প্রবণতাকে কিছুটা অস্বাভাবিক বলে মত দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, বড় দরপতনের পর তা থেকে ঘুরে দাঁড়ানোটা সবার কাছেই কাঙ্ক্ষিত ছিল। গত সপ্তাহে বাজারের বড় ধরনের উত্থানের অন্যতম কারণ ছিল সোমবার পুঁজিবাজার নিয়ে জাতীয় সংসদে আলোচনা। ওই আলোচনার পরদিন মঙ্গলবার ঢাকার বাজারে সূচক ৩২৯ পয়েন্ট বাড়ে। বাজার-পরিস্থিতি নিয়ে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের অধ্যাপক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে আমরা বাজারে কিছুটা অস্বাভাবিক উত্থান-পতন দেখেছি। বাজার যেমন এত নিচে নেমে আসার কথা ছিল না, তেমনি এক দিনে ৩০০ পয়েন্টের বেশি সূচক বেড়ে যাওয়াটাও স্বাভাবিক আচরণ নয়। উত্থান-পতনের পরও সপ্তাহের শেষ দিনে আমরা শেয়ারের দাম বাড়তে দেখলাম।’ মূসা আরও বলেন, তালিকাভুক্ত অনেক কোম্পানি আর্থিক বছর শেষে লভ্যাংশ ঘোষণা করতে শুরু করেছে। সেই ঘোষণাকে কেন্দ্র করে বাজারে ইতিবাচক প্রভাব দেখা যাবে। অনেক কোম্পানির ঘোষণা এখনো বাকি আছে। আস্তে আস্তে এসব কোম্পানিরও ঘোষণা আসবে। আর সেসব ঘোষণা যদি বিনিয়োগকারীদের প্রত্যাশামাফিক হয়, তাহলে বাজারে এর সুফল দেখা যাবে। গত সপ্তাহে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ্-বাংলা ও ন্যাশনাল ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে টেলিকম খাতের তালিকাভুক্ত একমাত্র কোম্পানি গ্রামীণফোনও। এদের মধ্যে ডাচ্-বাংলা ও গ্রামীণফোন সাধারণ শেয়ারধারীদের জন্য যথাক্রমে ৪০ ও ৬৫ শতাংশ নগদ এবং ন্যাশনাল ব্যাংক ৬৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণের ঘোষণা দিয়েছে।তবে ঘোষিত লভ্যাংশ অনেক শেয়ারধারীর প্রত্যাশা পূরণ করতে না পারায় কোম্পানির শেয়ারের দামে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।গত সপ্তাহে ঢাকার বাজারে ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১১টিরই দাম বেড়েছে, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত ছিল ছয়টির। যদিও আগের সপ্তাহে লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৬১টিরই দরপতন ঘটেছিল। বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেন। গত সপ্তাহ শেষে ডিএসইতে প্রায় ৮৫০ কোটি টাকা লেনদেন হয়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল প্রায় এক হাজার ১৫২ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে লেনদেন ২৬ দশমিক ১৮ শতাংশ বা ৩০১ কোটি টাকারও বেশি কমেছে। যদিও গত সপ্তাহে লেনদেন এক দিন কম হয়েছে। এ ছাড়া সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেন কমে দাঁড়িয়েছে প্রায় ২১৩ কোটি টাকায়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২৩০ কোটি টাকারও বেশি। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেন পৌনে ৮ শতাংশ বা ১৭ কোটি টাকা কমে গেছে। ঢাকার বাজারে গড় মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৫-তে।