বড় ধরনের দরপতন কমেছে লেনদেনও
এক দিন একটু আলোর ঝলক দিয়ে আবারও দরপতনের ধারায় দেশের দুই শেয়ারবাজার। বাংলাদেশ ফান্ডের সমর্থনে গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কিছুটা বাড়লেও গতকাল মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জেই বড় দরপতন হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটিতে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সূচকও। একই সঙ্গে লেনদেনও আগের দিনের চেয়ে কমে গেছে। আর এতে বিনিয়োগকারীদের হতাশা দীর্ঘায়িত হয়েছে। তাঁদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে এ অবস্থার সৃষ্টি করছে।বাজারসংশ্লিষ্ট অনেকের মতে, পুঁজিবাজারের কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ হওয়ার পরও সরকারের অবস্থান সম্পর্কে অনিশ্চয়তায় বাজারে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করেছে। আর আস্থাহীনতার কারণে অনেক বড় বিনিয়োগকারীর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরাও বাজার থেকে দূরে রয়েছেন। বাজারে তীব্র তারল্য-সংকট থাকার বিষয়টিও বাজারে মন্দা পরিস্থিতি তৈরি করেছে। আবার বিশ্লেষকদের মতে, বেশির ভাগ কোম্পানির লভ্যাংশ ঘোষণা হয়ে যাওয়ায় সেগুলো আর বিনিয়োগকারীদের কাছে খুব একটা আকর্ষণীয় নেই। তা ছাড়া অনেক কোম্পানির বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ না দেওয়াও সেগুলোর দরপতন ঘটেছে। গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫২০ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৫০৮ পয়েন্টে নেমে আসে। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত থাকে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম। ডিএসইতে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ২১৫টির ও অপরিবর্তিত ছিল দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে গতকাল ৩৮২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকা কম।বাজারে দরপতন ঘটলেও গতকাল ডিএসই কার্যালয়ের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ দেখা যায়নি। পরিস্থিতি ছিল শান্ত। তবে ডিএসই কার্যালয়ের বিপরীতে মধুমিতা ভবনে অবস্থিত এরিনা সিকিউরিটিজ থেকে এস এম সোহেল নামের এক বিনিয়োগকারী রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর চায়ের কাপ নিক্ষেপ করেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় বলে মতিঝিল থানার উপপরিদর্শক তাজুল ইসলাম জানান।লেনদেন স্থগিত: বিনিয়োগ কোষ বা পোর্টফোলিওতে না থাকার পরও একটি কোম্পানির শেয়ার বিক্রি করার (শর্ট সেল) অভিযোগে হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই অভিযোগ উঠলে গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ব্রোকারেজ হাউসটির লেনদেন স্থগিত করে। ওই হাউসের গ্রাহকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে গ্রাহকদের দেওয়া ঋণ সমন্বয়ের জন্য চাপ প্রয়োগ করে শেয়ার বিক্রি (ফোর্সড সেল) করে আসছিল। এ ছাড়া তাঁরা দ্বৈত বিক্রিরও (ডাবল সেল) অভিযোগ আনেন। একপর্যায়ে বিনিয়োগকারীদের প্রতিবাদের মুখে ব্রোকারেজ হাউসটি মতিঝিলের মূল কার্যালয়ে ফোর্সড সেল না করে বনানীর শাখা কার্যালয় থেকে ফোর্সড সেল শুরু করতে গিয়েই শর্ট সেল সমস্যার মুখোমুখি হয় বলে অভিযোগ বিনিয়োগকারীদের। হ্যাক সিকিউরিটিজের মহাব্যবস্থাপক মো. জিকরুল হক শর্ট সেলের কারণে লেনদেন বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ফোর্সড সেল সম্পর্কে কোনো মন্তব্য করেননি।