বড় ধরনের দরপতন কমেছে লেনদেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক দরপতন দিয়ে দেশের শেয়ারবাজারে নতুন অর্থবছরের সূচনা হয়েছে। গত তিন কার্যদিবসের টানা দরবৃদ্ধির পর গতকাল বড় ধরনের এই দরপতন ঘটল। ২০১২-১৩ অর্থবছরের প্রথম কার্যদিবসে গতকাল সোমবার মূল্যসূচক ও লেনদেন দুই-ই কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল এক দিনে কমেছে প্রায় চার দশমিক ১৬ শতাংশ বা ১৯০ পয়েন্ট। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় তিন দশমিক ২৭ শতাংশ বা ৪৪৯ পয়েন্ট কমেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা গতকালের এই দরপতনের জন্য দুটি কারণকে বড় মনে করছেন। প্রথমটি হলো বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। আর দ্বিতীয়টি হলো পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত।আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিদিনকার বাজার পর্যালোচনা প্রতিবেদনেও দরপতনের জন্য এই দুটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, গত তিন দিনের দরবৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বল্পতম সময়ে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের খবরটিও বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাবের জন্ম দেয়। এই দুইয়ের প্রভাবে দিনের শুরু থেকে বাজারে বিক্রির চাপ বেশি থাকায় সূচক কমেছে। দুই বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সোমবার ডিএসইতে ৯৪ শতাংশের এবং সিএসইতে ৯৩ শতাংশের দাম কমেছে। ব্যাপক দরপতনের কারণে গতকাল দিনশেষে সিএসইতে দর হ্রাস পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অপূর্ণাঙ্গ ছিল। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘আগের কয়েক দিন কিছুটা কৃত্রিমভাবে বাজারে দরবৃদ্ধি ঘটেছিল। এর কারণে সেটি চতুর্থ দিনে এসে স্থায়ী হয়নি। কারণ তিন দিনের দরবৃদ্ধির ফলে একটি পক্ষ মুনাফা তুলে নিয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে পদ্মা সেতুর ঋণ বাতিলের বিষয়টি। পাশাপাশি বাজারে তারল্যসংকট তো রয়েছেই।’মূসা আরও বলেন, দীর্ঘ মেয়াদে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে তারল্য-পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এটি করা সম্ভব হলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও কিছুটা বাড়তে শুরু করবে। লেনদেন শুরুর পর থেকেই গতকাল একটানা সূচক পড়েছে। মাঝে একবার ১০-১৫ মিনিটের জন্য সেই গতি কিছুটা শ্লথ হয়েছিল। এর পরই তা আবার দ্রুত কমতে শুরু করে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৮৩ পয়েন্টে। গত কয়েক মাসের মধ্যে গতকালই ডিএসইতে এক দিনে সূচকের সর্বোচ্চ পতন ঘটেছে। এর আগে সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি ডিএসইর সাধারণ সূচক এক দিনে প্রায় ২১৫ পয়েন্ট কমেছিল। ডিএসইতে গতকাল ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৯টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিনশেষে ঢাকার বাজারে প্রায় ২২৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৭ কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিনশেষে কমে নেমে এসেছে প্রায় ১৩ হাজার ২৮৭ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৮টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিনশেষে সিএসইতে প্রায় ৩২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম।