বড় ধরনের দরপতন কমেছে লেনদেনও
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এ দিন প্রায় ৩ শতাংশ বা ১৩৭ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৩ দশমিক ২৭ শতাংশ বা ৪৬৮ পয়েন্ট। এর ফলে টানা তিন কার্যদিবস বাজারে দরপতন ঘটল। সেই সঙ্গে দুই বাজারেই লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে।বিশ্লেষকেরা অবশ্য বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে খুব বেশি সক্রিয় না থাকায় বড় ধরনের এই দরপতনের ঘটনা ঘটেছে। একদিকে বাজারে ক্রেতা কম ছিল, অন্যদিকে দাম কমতে থাকায় অনেকে ভয়ে শেয়ার বিক্রি করে দিয়েছেন। এ কারণেই বড় দরপতন। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি খাতের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, গতকাল ছিল চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের শেষ কার্যদিবস। বেশির ভাগ প্রতিষ্ঠানই প্রথম প্রান্তিকের আর্থিক হিসাব নিয়ে ব্যস্ত ছিল। সাধারণত দেখা যায়, যেকোনো প্রান্তিকের শেষ কার্যদিবসে বাজার ভালো থাকে। তার কারণ শেয়ারের দাম ভালো থাকলে প্রতিষ্ঠানগুলো শেয়ারে বিনিয়োগের বিপরীতে ভালো আয় দেখাতে পারে। কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে।তবে অক্টোবর মাসে কোম্পানির আর্থিক প্রতিবেদন ঘোষণা শুরু হলে তার প্রভাব বাজারে পড়তে শুরু করবে।মোহাম্মদ মূসা আরও বলেন, ‘কিছুদিন ধরে বাজার বাড়লেও সেটি সঠিক পথে হয়নি। কারণ, কম মৌলভিত্তি ও স্বল্প পুঁজির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটছিল অতিমাত্রায়। সেই তুলনায় মৌলভিত্তিসম্পন্ন ভালো কোম্পানিগুলোর শেয়ারের মূল্য খুব একটা বৃদ্ধি পায়নি। কিন্তু যখনই মূল্য সংশোধন হতে শুরু করল, তখনই খারাপ কোম্পানির শেয়ারের দাম বেশ কমছে। তাই আমরা বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের দেখেশুনে বিনিয়োগ করতে বলি।’দিন শেষে ডিএসইর সাধারণ সূচক নেমে এসেছে প্রায় চার হাজার ৫৪৪ পয়েন্টে। ডিএসইতে এ দিন ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩২টিরই দাম কমেছে, বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৮২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬৫ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এ দিন ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে আর বেড়েছে মাত্র ১৯টির দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৮৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে মোট লেনদেন হয় ৯০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা কম।