বড় ধসের পর সূচক বাড়ল পুঁজিবাজারে
দেশের পুঁজিবাজারে গতকাল রোববার বড় ধসের পর আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারেই।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি বাজারে স্বাভাবিক আচরণ হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, বড় পতনের পর বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম অনেক আকর্ষণীয় পর্যায়ে চলে এসেছে। এর ফলে অনেক বিনিয়োগকারী শেয়ার কিনছেন। যার প্রভাব বাজারে দেখা যাচ্ছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.৪৬ শতাংশ বা ১০৩.০৪ পয়েন্ট বেড়ে ৪২৮৬.১১ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৯১ পয়েন্ট কমে যায়। তবে আধা ঘণ্টা পর থেকে সূচক ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৪টিরই দাম বেড়েছে। কমেছে ১৭টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২২৬ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৫ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো আরএন স্পিনিং, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, এনবিএল, ফু-ওয়াং সিরামিকস, ইউসিবিএল, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা ও সোস্যাল ইসলামী ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩২৬.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫০৭.৫৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টিরই দাম বেড়েছে। কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকার কম।