বড় পাইকারি বাজারে কিছু পণ্যের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য বেচাকেনার প্রথম ধাপে অর্থাৎ আমদানিকারক থেকে বড় পাইকারি বাজারে রমজান মাসের নিত্যপণ্যের কয়েকটির দাম কিছুটা কমেছে। এগুলো হলো: চিনি, পাম তেল, ছোলা, মসুর ডাল ও মটর ডাল। ব্যবসায়ীরা জানান, প্রথম স্তরে দাম কমলেও খুচরায় প্রভাব পড়তে একটু সময় লাগবে। কারণ, খুচরা বিক্রেতারা সরাসরি পণ্য কেনেন ছোট পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে। এ স্তরে এখনো পণ্যের দামে প্রভাব পড়েনি। অর্থাৎ, পণ্য কেনার ক্ষেত্রে দাম কমার এ প্রভাবের সুফল পাওয়া নিয়ে সংশয় আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবারের মতো এবারও রমজান মাসের আগের সপ্তাহে খুচরা বাজারে ক্রেতাদের চাপ এখনো কম। রমজান শুরু হচ্ছে মাসের তৃতীয় সপ্তাহ থেকে, যে কারণে মানুষের হাতে একসঙ্গে পুরো রমজান মাসের পণ্য কেনার প্রবণতা কিছুটা কমেছেও। এ কারণে খুচরা বিক্রেতারা প্রথম দফায় যেসব পণ্য কিনেছেন, সেগুলোও এখন বিক্রি হয়নি।এ ছাড়া এবার পণ্যের সরবরাহ ভালো। তাই রমজানের আগে বেশি দিন পণ্য ধরে রাখলে দাম কমার শঙ্কায়ও এখন পণ্য বিক্রি করে দিচ্ছেন অনেক আমদানিকারক ও উৎপাদনকারী বা শোধন কারখানার মালিকেরা। ব্যাংকের ঋণে কেনা এ পণ্য দ্রুত ছেড়ে দিতে চাইছেন তাঁরা। জানতে চাইলে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আমদানিকারক ও উৎপাদক পর্যায়ে রোজার পণ্যের দাম কমেছে। চাহিদা কম থাকা দাম কমার মূল কারণ বলে মনে করেন তিনি। পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার-পাঁচ দিন ধরে মূলত পণ্যের দাম কমছে। সবচেয়ে ভালো মানের ছোলার মণপ্রতি দাম ওঠে দুই হাজার ৬৭০ টাকা। গত মঙ্গলবার তা কমে বিক্রি হয় দুই হাজার ৬২০-৬২৫ টাকা। মাঝারি মানের ছোলার দাম দুই হাজার ৫৭৫-৫৮০ থেকে কমে বিক্রি হয় দুই হাজার ৫২০-৫২৫ টাকা। মসুর ডালের দামও প্রতি মণে কমেছে ৫০-৫৫ টাকা। প্রতি মণ মসুর ডাল দুই হাজার ৬৭০-৬৮০ টাকা থেকে কমে হয়েছে দুই হাজার ৬২০-৬২৫ টাকা। গোটা মসুর ডালের দাম কমেছে সবচেয়ে বেশি, মণে ১৮০ টাকা। দাম কমার পর এখন প্রতি মণ বিক্রি হচ্ছে দুই হাজার ২০ টাকা। কমেছে পাম তেল ও চিনির দামও। পাম তেলের দাম মণপ্রতি ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে তিন হাজার ৫৩০ টাকা। প্রতি মণ চিনির দাম কমেছে ৭৫ টাকা। সবচেয়ে বেশি দামের চিনি গতকাল বিক্রি হয় মণপ্রতি এক হাজার ৮৫৫ টাকা। এস আলম গ্রুপের চিনির দাম আরও কম, এক হাজার ৮১০ টাকা। কমেছে মটর ডালের দামও। কেজিপ্রতি ৪১ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৩৯ থেকে সাড়ে ৩৯ টাকায়।