বড় প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে মূসকের হিসাব রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) প্রদান-প্রক্রিয়া সহজ করতে হিসাব সংরক্ষণের জন্য বড় বড় প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করতে হবে। আগামী জানুয়ারি মাস থেকে এ নিয়ম চালু হবে। মূসক ফাঁকি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে প্রতিষ্ঠান ও সফটওয়্যার নির্বাচনসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য এনবিআরের এখনো যথেষ্ট প্রস্তুতি নেই। এনবিআর অবশ্য উন্নত মানের সফটওয়্যার নির্বাচনের কাজ শুরু করেছে।এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বড় বড় প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণজনিত ত্রুটির জন্য বিপুল পরিমাণ মূসক থেকে বঞ্চিত হচ্ছে এনবিআর। প্রচলিত অর্থে খাতা-কলমে মূসক-সংক্রান্ত হিসাব রাখা হয়। ফলে মূসক ফাঁকির প্রবণতা বেড়ে গেছে।এ রকম প্রেক্ষাপটে চলতি বছরের ২৯ জুন এক আদেশে এক বছরে ৫০ লাখ টাকা বা তার অধিক অর্থ মূসক দিয়েছে এমন প্রতিষ্ঠানকে এনবিআর-নির্ধারিত সফটওয়্যারে মূসক-সংক্রান্ত দলিলাদি ও হিসাবপত্র রক্ষণাবেক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। তবে বড় প্রতিষ্ঠানগুলো নির্বাচন করবে সংশ্লিষ্ট কমিশনারেট কার্যালয়।এনবিআর সূত্রগুলো বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কোন কোন সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে হবে, তা নির্ধারণ করতে পারেনি এনবিআর। ফলে অনেক উদ্যোক্তা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে সফটওয়্যার সন্নিবেশন করতে পারছেন না।আবার আলোচ্য সময়ে এনবিআর কোন কোন প্রতিষ্ঠানকে সফটওয়্যার ব্যবহার করতে হবে, তা-ও নির্বাচন করে দেয়নি। এদিকে, সফটওয়্যার নির্বাচনের জন্য ভ্যাট ও এক্সাইজ (ঢাকা দক্ষিণ) কমিশনারেটের কমিশনার আবদুল কাফীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সফটওয়্যার নির্মাণ ও সরবরাহকারী নির্বাচন করবে। এ জন্য শিগগির দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।এনবিআরের সদস্য (মূসক) ফরিদউদ্দিন প্রথম আলোকে জানান, স্বয়ংক্রিয়-ব্যবস্থায় হিসাব সংরক্ষণ হলে মূসক ফাঁকির প্রবণতা কমে যাবে। আবার প্রতিষ্ঠানগুলোর হিসাব রাখতেও সুবিধা হবে।বর্তমানে সারা দেশে ৬০ হাজার প্রতিষ্ঠান মূসক দিয়ে থাকে। এর মধ্যে কয়েক হাজার প্রতিষ্ঠান ৫০ লাখ টাকার বেশি মূসক দেয় বলে জানা গেছে।