>

পাশাপাশি স্বল্প মেয়াদে টাকার মূল্যমান কমানো, করদাতার ন্যূনতম কর হার হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ডিজেল ও কেরোসিনের দাম কমানোর সুপারিশ
আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের জন্য ছয়টি কৌশল নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর প্রধান সুপারিশটি হলো গুণমান বজায় রেখে বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধির জন্য সামষ্টিক অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা।
সিপিডির মতে, বাজেটের আর্থিক গুণমান ক্রমাগত কমে যাচ্ছে। বড় বাজেট বাস্তবায়ন করা যাচ্ছে না। বড় বাজেট আসলে একটি আর্থিক ভ্রম। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে ব্যয় ও কর আহরণ যেকোনো দেশের তুলনায় কম।
সিপিডির অন্য পাঁচটি সুপারিশ হলো রপ্তানি ও প্রবাস আয় খাতকে সুবিধা দিতে স্বল্প মেয়াদে টাকার মূল্যমান কমানো, প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ব্যক্তি খাতের বিনিয়োগকে সাশ্রয়ী করা, নতুন আইনে মূল্য সংযোজন করের (মূসক) চাপ কমাতে করদাতার ন্যূনতম কর হার কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং গুণগতভাবে বাজেট বাস্তবায়নে নীতি সংস্কার করা।
গতকাল রোববার ২০১৬-১৭ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডি এ কথা বলেছে। অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও বাজেট প্রস্তাবনা তুলে ধরতে মহাখালীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। বাজেট বাস্তবায়নে নীতি সংস্কার করতে তিনটি কমিশন গঠনের সুপারিশ করেছে সিপিডি। এগুলো হলো স্বাধীন আর্থিক খাত সংস্কার কমিশন, কৃষি খাতের মূল্য কমিশন এবং সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন।
বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ কম বলে মনে করে সিপিডি। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদীয় গণতন্ত্রে প্রতিটি মন্ত্রণালয় নিজেদের মধ্যমেয়াদি বাজেট তৈরি করে থাকে। কিন্তু এখন মালিকানাবোধ নিয়ে এই বাজেট তৈরি করা হচ্ছে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার মাধ্যমে এই বাজেট প্রণয়ন করা হয় না। শুধু কমিটিগুলোর সভাপতির সঙ্গে আলোচনা হয়। তাই বাজেট বাস্তবায়নের সময়ও সংসদীয় কমিটির সদস্যদের খুব বেশি ভূমিকা থাকে না।
দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, বাজেট কি কিছু আমলার সংখ্যার ফল নাকি রাজনৈতিক প্রক্রিয়া? তাঁর মতে, বাজেট বাস্তবায়ন না হওয়ার অন্যতম কারণ হলো জনপ্রতিনিধিদের অংশগ্রহণ খুব বেশি নেই। এটি বাজেট কাঠামোর বড় ঘাটতি। সংস্কারের অভাবে এই ঘাটতি সবচেয়ে প্রতিফলিত হয়েছে। আবার সংস্কার হলে সম্পদের ওপর কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কর্তৃত্ব চলে যায়। তাই তাঁরা নানাভাবে সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।
বাজেটের আকার সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রতিবছর বড় বাজেট বলে যে কল্পকাহিনি বাজারে ছড়ানো হচ্ছে, তা একধরনের আর্থিক ভ্রম। বাজেট বড় বলা হচ্ছে, কিন্তু বড় নয়। কেননা, কর জিডিপি অনুপাত কিংবা ব্যয় জিডিপি অনুপাত যেকোনো দেশের চেয়ে কম।’ তাঁর মতে, গত কয়েক বছরে কর আহরণে সফলতা এলেও ব্যয় করার সামর্থ্য বাড়েনি। এটি একটি অদ্ভুত বিষয়। তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের আর্থিক ভ্রমের পরিমাণ বাড়ে। আবার নির্বাচনের বছরে সরকারের পক্ষে বড় সংস্কারের উদ্যোগ নেওয়া কঠিন। যেমন: ব্যাংকিং কমিশন গঠন করা। এই খাতের সঙ্গে প্রভাবশালী মানুষ ও তাঁদের অর্থবিত্ত জড়িত। নির্বাচনের আগে তাঁদের ওপর আঘাত হানা হবে, এই আশা ক্ষীণ।
সিপিডির মতে, একটি বড় বাজেট প্রণয়নে যে ধরনের অর্থনৈতিক পরিস্থিতি বিদ্যমান থাকা উচিত, এখন সেটাই আছে। কিন্তু আয়, ব্যয়, বাজেট ঘাটতি—এসব লক্ষ্যমাত্রা নির্ধারণ সঠিক হয় না। কোনো পর্যালোচনা ছাড়াই জনগণের সামনে এই লক্ষ্যের ‘সংখ্যা’গুলো উপস্থাপন করা হয়।
তিনটি কারণে আগামী অর্থবছরে উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কা করছে সিপিডি। এগুলো হলো নতুন মূসক আইন বাস্তবায়ন; জ্বালানি দাম সমন্বয় না করা এবং চালের দাম বৃদ্ধি। উৎপাদন খরচ কমাতে ডিজেল ও কেরোসিনের দাম কমানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে নীতি সহায়তা দেওয়া দরকার। এই দুটি জ্বালানি গরিব মানুষ বেশি ব্যবহার করে। এই দুটি জ্বালানি থেকে সরকার বেশি মুনাফা করলে সামাজিক ও অর্থনৈতিকভাবে খুব বেশি সাশ্রয় হবে না। দাম কমালে গরিব মানুষ লাভবান হবে।
এ ছাড়া নতুন মূসক আইনের ফলে ভোক্তার ওপর চাপ বাড়বে বলে মনে করে সিপিডি। তবে ১ জুলাই থেকে নতুন আইনটি বাস্তবায়নে নীতিগত সমর্থন দিয়েছে সিপিডি। অন্যদিকে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সুপারিশও করেছে সিপিডি।
ব্যক্তি খাতের বিনিয়োগ চাঙা করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে সিপিডি। সিপিডি বলছে, বিনিয়োগ আকর্ষণে সরকার যেসব প্রণোদনা ও নীতি সহায়তা দিচ্ছে, তা বড় উদ্যোক্তারাই বেশি পান। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হলে দেশ আরও এগিয়ে যেত। তিনি বলেন, ‘কে লবিং করতে পারে। অর্থনৈতিক ক্ষমতাবানদের মধ্যে কার সঙ্গে রাজনৈতিক সংশ্লেষ আছে। তাঁরাই বাজেটকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেন।’
সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যেসব প্রতিষ্ঠান মিলিয়ন ডলার খরচ করত, তাদের এখন বিলিয়ন ডলার খরচ করতে বলা হচ্ছে। ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক তৌফিকুল ইসলাম খান। এ ছাড়া বক্তব্য দেন গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।