বড় মাইক্রোবাসের শুল্ক কমল
করোনার কারণে বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন নিরুৎসাহিত করা হচ্ছে। এ জন্য চলতি ২০২১–২২ অর্থবছরের বাজেটে মাইক্রোবাসকে গণপরিবহন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু বড় আকারের মাইক্রোবাসে শুল্ক কমাননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট ঘোষণার প্রায় ৩ মাস পর অনধিক ১৫ জন যাত্রী পরিবহনে সক্ষম মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এত দিন ৩০ শতাংশ হারে সম্পূরক শুল্ক বসত।
গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চালকসহ যেসব মাইক্রোবাসের সিটের সংখ্যা ১৫–এর বেশি নয়, সেসব মাইক্রোবাসের ক্ষেত্রে সম্পূরক শুল্ক কোনোভাবেই ২০ শতাংশের বেশি হবে না। গাড়ি আনতে হবে ৮৭০২.৯০. ৪০ এইচএস কোডে।
মাইক্রোবাসকে গণপরিবহন ঘোষণা করায় ভাড়ায় যাত্রী নিতে পারবে। বিভিন্ন পথে চলাচলের অনুমতিও মিলবে। নছিমন-লেগুনার মতো দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করতে বিকল্প পরিবহন হিসেবে মাইক্রোবাস জনপ্রিয় করতে চায় সরকার।
এবারের বাজেটে বিভিন্ন ধরনের যানবাহনের শুল্ক কমানো হলেও ১০-১৫ সিটের মাইক্রোবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। পরে গাড়ি ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাজেট ঘোষণার তিন মাস পর মাইক্রোবাসের শুল্ক কমানো হলো।
চলতি অর্থবছরের বাজেটে ১৮০০ সিলিন্ডার ক্যাপাসিটি (সিসি) পর্যন্ত হাইব্রিড মাইক্রোবাস আমদানির ওপর আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়।
এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনা হয়। ২০০১ বা এর বেশি সিসির হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৬০ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়। বাজেটে ৭-৯ আসনের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমানো হলেও দেশে বেশি জনপ্রিয় হচ্ছে ১২-১৫ আসনের মাইক্রোবাস।