বড় মোকামে সবজির দাম কম

আপাতত দেশব্যাপী ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি না থাকলেও শাকসবজির বড় মোকামগুলোতে কেনাবেচায় স্থবিরতা রয়ে গেছে। কোথাও ক্রেতার অভাবে নামমাত্র দামে শাকসবজি বিক্রি হচ্ছে, কোথাও ট্রাক ভাড়া বেশি বলে কেনাবেচা কম। কোথাও আবার দাম বেশি বলে বিক্রি কমে গেছে।
টানা অবরোধের প্রথম দিকে কৃষকেরা বগুড়ার মোকামে প্রচুর পরিমাণ সবজি নিয়ে এলেও তাঁরা উপযুক্ত দাম পাননি। তখন কিছু ব্যবসায়ী ঝুঁকি নিয়ে সবজি কিনলেও বিভিন্ন জায়গায় পাঠাতে না পারায় তা আড়তেই পচে নষ্ট হয়েছে। শুক্রবার সকাল থেকে অবরোধ শেষ হবে জেনে বৃহস্পতিবার বগুড়া থেকে ট্রাকযোগে প্রচুর পরিমাণ সবজি ঢাকা-চট্টগ্রামে সরবরাহ হয়েছে। কিন্তু কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পরে জামায়াত-শিবির বগুড়া-ঢাকা এবং বগুড়া-রংপুরসহ বিভিন্ন গন্তব্যমুখী সড়ক-মহাসড়কগুলো অবরোধ করায় শুক্রবার সবজির বাজারে স্থবিরতা নেমে আসে। সবজির ব্যাপক আমদানি থাকলেও পাইকার তেমন আসেননি।
মহাস্থান হাটে প্রতি কেজি নতুন আলু ২০ টাকা, মুলা ২ টাকা, কপি ৫ টাকা ও বেগুন ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির দাম কম হলেও ট্রাকের ভাড়া প্রায় তিন গুণ বেড়েছে।
মহাস্থান বাজারের আড়তদার সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘ট্রাক ভাড়া বেশি হওয়ায় সবজি কিনে পাইকারি বাজারে পাঠাতে পারি না।’
পাইকার মিজানুর রহমান জানান, ট্রাক পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও ভাড়া বেশি। আগে এক ট্রাক সবজি ঢাকা ও চট্টগ্রামে নিতে যথাক্রমে ১৮ ও ২৮ হাজার টাকা লাগত। এখন ঢাকায় ৭৫ হাজার ও চট্টগ্রামে এক লাখ টাকা লাগে।
এহসান মিয়া নামের এক ট্রাক মালিক জানান, একটি গাড়ির দাম কয়েক লাখ টাকা। এখন রাস্তায় বের হওয়ার পরে সেই গাড়ি অক্ষত অবস্থায় ফিরবে কি না, সেই নিশ্চয়তা নেই। তাই দূরের ভাড়ায় মালিকেরা ট্রাক দিতে চান না।
এদিকে যশোর অঞ্চলের পাইকারি মোকাম বারী নগরে এখন কম দামে সবজি বিক্রি করতে হয়েছে কৃষকদের। এতে উৎপাদন খরচ ওঠানোও কঠিন হয়ে যাচ্ছে বলে কৃষকেরা দাবি করেন। আবার বেপারিরা জানান, সবজি পাঠানোর জন্য দ্বিগুণ ভাড়াতেও ট্রাক পাওয়া যাচ্ছে না। যে কারণে এই মোকামে সবজি বিক্রির পরিমাণ ও দাম—দুটোই কমেছে। শুক্রবার এখানে প্রতি কেজি শিম আড়াই থেকে চার টাকা, কাঁচা মরিচ ২২ থেকে ২৪ টাকা, বেগুন পাঁচ থেকে সাত টাকা এবং বাঁধাকপি প্রতিটি ছয় থেকে সাত টাকা দরে বেচাকেনা হতে দেখা গেছে।
এ মোকামে কৃষক সাদেক আলী প্রথম আলোকে বলেন, ‘ভাই, আড়াই টাকা কেজি দরে ২২ মণ শিম বেচতি হলো। প্রতিদিন লোকসানে সবজি বেচে আমরা একদম মাঠে মরে গেলাম।’
পাইকারি ব্যবসায়ী আবু তালেব জানান, ২৫ হাজার টাকায় ট্রাক ভাড়া করে তিনি বারীনগর থেকে বরিশালে সবজি পাঠিয়েছেন। অথচ আগে এই ভাড়া ছিল ১২ থেকে ১৫ হাজার টাকা।
মোকামের ইজারাদার ফরিদুল ইসলাম জানান, এই মোকাম থেকে শুক্রবার ৪৫ ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ের উপপরিচালক শেখ হেমায়েত হোসেন জানান, যশোর থেকে প্রতিবছর আড়াই লাখ মেট্রিক টন সবজি দেশের বিভিন্ন অঞ্চলে যায়।
পাবনার ঈশ্বরদীর কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না। মৌসুমের শুরু থেকে হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতার কারণে সবজি কম বিক্রি হয়েছে। এখন আবার ট্রাক-সংকট এবং পরিবহন ভাড়া বেশি হওয়ায় দাম ও বিক্রির পরিমাণ কম।
মুলাডুলি কাঁচাবাজার আড়তদার ব্যবসায়ী সমিতির নেতা আমিনুর রহমান বলেন, ৩০ টাকা কেজির শিম এখন মাত্র পাঁচ টাকায় বিক্রি হচ্ছে।
রামেশ্বরপুর গ্রামের কৃষক আবদুল রশিদ জানান, শিম বিক্রি করে বিঘাপ্রতি ৮০ হাজার টাকা আয়ের আশা করলেও এখন ১২-১৪ হাজার টাকার বেশি পাওয়ার সম্ভাবনা কম।
চরমিরকারী গ্রামের আক্কাস আলী জানান, অবরোধের আগে যে বেগুন এক হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি করেছেন, তা এখন মাত্র ২০০ টাকা। এতে উৎপাদন খরচ উঠবে না।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এখানকার সবজিচাষিরা চরম বেকায়দায় পড়েছেন। ন্যায্যমূল্য না পাওয়ায় অনেকে হয়তো উৎপাদন খরচও তুলতে পারবেন না।
অন্যদিকে পূর্বাঞ্চলের বৃহত্তম সবজি বাজার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসারে মোট সাতটি উপজেলা থেকে সবজি আসে। তবে এখন তা চড়া দামেই বিক্রি হচ্ছে।
লোকসানের আশঙ্কায় কৃষকেরা জমি থেকে সবজি তোলার পরিমাণ কমিয়ে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই বাজারে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তার পরও এই মোকাম থেকে গত দুই দিনে সবজি বোঝাই করে প্রচুর ট্রাক ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মিলন রহমান (বগুড়া), গাজীউলহক (কুমিল্লা), মনিরুল ইসলাম (যশোর) ও মাহাবুবুল হক, ঈশ্বরদী (পাবনা)]