বড় লোকসানের ভয় চার স্থলবন্দরের ব্যবসায়ীদের
টানা তিন দিন হরতালে উত্তরাঞ্চলের চারটি স্থলবন্দরের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। স্থলবন্দরগুলো হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ।রংপুর কাস্টমসের বিভাগীয় কমিশনার এনামুল হক জানান, হরতালে উত্তরাঞ্চলের সব কটি স্থলবন্দর খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রী চলাচলও থাকবে স্বাভাবিক। এজন্য সব বন্দরে বাড়তি নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।কিন্তু এতে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা আশ্বস্ত হতে পারছেন না। তাঁরা জামায়াতে ইসলামীর আজ রোববার ও কাল সোমবার এবং বিএনপির মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁরা উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে বলেন, টানা তিন দিনের হরতালে উত্তরাঞ্চলের চারটি স্থলবন্দরের ব্যবসায়ীদের কমপক্ষে ৩০০ কোটি টাকার ক্ষতি হবে।এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক রুহুল আমীন বাবুল জানান, রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ জানানোর ভাষা অন্য রকম হওয়া উচিত। দেশ, দেশের মানুষ ও ব্যবসায়ীদের কল্যাণ বয়ে আনে এমন রাজনৈতিক কর্মসূচিই আবিষ্কার করে এখন পালন করা দরকার। লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে যেসব পণ্য আমদানি-রপ্তানির জন্য নির্ধারিত ছিল, সেগুলো পথে বা গুদামে আটকে থাকবে। এতে পণ্যের নানা ক্ষতি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এম এম কামাল হোসেন জানান, হরতাল কর্মসূচি শুধু সরকারের রাজস্ব আহরণে বাধার সৃষ্টি করে না, সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে ব্যবসায়ীদের।