বড় হচ্ছে বাজার, বাড়ছে বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে শিশু যত্ন নেওয়ার পণ্য ডায়াপারের বাজার। প্রতিবছর ২৫ থেকে ৩০ শতাংশ হারে এ পণ্যটির বাজার বাড়ছে। ফলে দেশের বড় কয়েকটি প্রতিষ্ঠান ডায়াপার উৎপাদনে বিনিয়োগ করেছে। আরও কয়েকটি বড় প্রতিষ্ঠান এ বাজারে বিনিয়োগের পথে আছে।

দেশি বড় কোম্পানিগুলোর মধ্যে সম্প্রতি স্যাভলন টুইংকেল ব্র্যান্ড নিয়ে ডায়াপারের বাজারে এসেছে এসিআই লিমিডেট। এর আগে সুপারমম নিয়ে এসেছে স্কয়ার টয়লেট্রিজ, বসুন্ধরা গ্রুপ নিয়ে এসেছে বসুন্ধরা ডায়াপার, ইনসেপটা এনেছে নিওকেয়ার। বেশ আগে থেকে বাংলাদেশ সিলিকন করপোরেশনের চু চু ব্র্যান্ডের ডায়াপার বেশ শক্ত অবস্থানে আছে।

একটি বড় কোম্পানির বাজার জরিপ অনুযায়ী সব মিলিয়ে দেশের ডায়াপারের বাজারের আকার এখন ২৪০ কোটি টাকা। এ জরিপটি একটি সংস্থা দিয়ে করানো হয়েছে। এতে দেখা যায়, দেশি কোম্পানিগুলোর মধ্যে সিলিকন করপোরেশনের বাজার মোট বাজারের প্রায় ২৪ শতাংশ। এর পরে আছে স্কয়ার, তাদের দখলে আছে বাজারের ১০ শতাংশ। ইনসেপটা ও বসুন্ধরা বাজারের ৫ শতাংশ করে দখল নিতে পেরেছে। এসিআইয়ের দখলে এসেছে বাজারের ২ শতাংশ। তবে এটি কোনো স্বাধীন প্রতিষ্ঠানের জরিপ নয় এবং তথ্যগুলো পুরো সঠিক কি না, তা নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি।

সব মিলিয়ে প্রায় আটটি দেশি কোম্পানি এ বাজারে বিনিয়োগ করেছে। বাজার-সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন, প্রাণ-আরএফএল গ্রুপ সম্প্রতি ‘স্টে সেফ’ ব্র্যান্ডের ন্যাপকিন নিয়ে বাজারে এসেছে। শিগগিরই তারা ‘কিডস্টার’ ব্র্যান্ডের ডায়াপার নিয়ে বাজারে আসবে। অন্যদিকে এ বাজারে আসার পরিকল্পনায় আছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ও আকিজ গ্রুপ।

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে। মানুষের হাতে বাড়তি অর্থ থাকলে তা প্রথমে খাদ্যের পেছনে ব্যয় করে। এরপর ব্যয় করে সন্তানের যত্নে। অনেক সময় দেখা যায়, নিজের ব্যয় কমিয়েও অভিভাবকেরা সন্তানের পেছনে ব্যয় করেন। কাজেই ডায়াপারের বাজার বাড়বেই।

ইনসেপটার ডেপুটি মার্কেটিং ম্যানেজার রাশেদুল ইমাম বলেন, পাঁচ বছর আগে, এমনকি দুই বছর আগেও বাজারটির সিংহভাগ বিদেশি ব্র্যান্ডের দখলে ছিল। এখন দেশি প্রতিষ্ঠানের অংশীদারত্ব বেড়েছে। তিনি বলেন, বাজার বছরে ৩০ শতাংশ বাড়ছে। এখন মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, মায়েরা কাজ করছেন, শহরে মানুষ বাড়ছে। এসব কারণে ডায়াপারের বাজার খুব সম্ভাবনাময়।

জরিপ অনুযায়ী, সব মিলিয়ে মোট বাজারের ৫৬ শতাংশ দেশি কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বিদেশি ব্র্যান্ডের নিয়ন্ত্রণে আছে ৪৪ শতাংশ বাজার। রাজধানীর দোকানগুলোয় বিদেশি ব্র্যান্ডের ডায়াপার দেশি ব্র্যান্ডের প্রায় কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে। যদিও ডায়াপার আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্ক, ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ৫ শতাংশ অগ্রিম আয়কর এবং ৪ শতাংশ করে নিয়ন্ত্রণমূলক শুল্ক ও অগ্রিম বাণিজ্য কর (এটিভি) আরোপ করা আছে। সব মিলিয়ে মোট শুল্ক ও কর দাঁড়ায় ১২৮ শতাংশ। মানে হলো, পণ্যটির দাম যদি ১০০ টাকা হয়, তাহলে তা আমদানি করার পর মূল্য দাঁড়াবে ২২৮ টাকা।

দেশি কোম্পানিগুলো বলছে, ডায়াপার ও ন্যাপকিন ব্যাপকভাবে মূল্য কম দেখিয়ে (আন্ডার–ইনভয়েসিং) আমদানি করা হয়। ফলে দেশি ও আমদানি করা ডায়াপারের দামের পার্থক্য কমে যায়। এ ছাড়া বাংলাদেশে ভারতীয় চ্যানেলগুলোয় বিদেশি ব্র্যান্ডের ডায়াপারের প্রচুর বিজ্ঞাপন বাংলাদেশি ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে। ফলে দেশি উৎপাদকেরা তাদের মোট উৎপাদনক্ষমতার ২০ শতাংশও ব্যবহার করতে পারছে না বলে উল্লেখ করা হয়েছে ওই কোম্পানিটির জরিপে।

এ বিষয়ে থাই ডায়াপারের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেইন প্রথম আলোকে বলেন, বাংলাদেশের কোনো কোম্পানিই তাদের উৎপাদনক্ষমতার পুরো ব্যবহার করতে পারছে না। এর কারণ বিদেশি ডায়াপারের সঙ্গে দামের প্রতিযোগিতায় পারা যাচ্ছে না। বাজারজাতকরণের খরচ অনেক বেশি। কিন্তু আমদানিকারকদের বিপণন খরচ নেই।

ঢাকার বাজারে ডায়াপারের প্যাকেটে যে মূল্য লেখা থাকে বিক্রি হয় তার চেয়ে ১৫ থেকে ২৫ শতাংশ কম দামে। বড় প্যাকেট কিনলে একটি ডায়াপারের দাম পড়ে ২০ থেকে ২৫ টাকার মধ্যে।

রাজধানীর কারওয়ান বাজারে গত বৃহস্পতিবার ডায়াপার কিনতে গিয়েছিলেন কাঁঠালবাগানের বাসিন্দা সাফায়াত নূর। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের ডায়াপার কিনেছেন শুধু মান যাচাইয়ের জন্য। তাঁর মতে, মান ভালো ও স্থিতিশীল হলে দেশি কোম্পানিগুলো বাজার ধরতে পারবে। কারণ বিদেশি পণ্যের অনেক সময় মান ভালো হয়, অনেক সময় নিম্নমানের হয়। অখ্যাত কোম্পানিগুলো বিদেশ থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য আমদানি করে কি না, সে নিশ্চয়তা নেই বলে উল্লেখ করেন তিনি।

মানের বিষয়ে এসিআইয়ের সৈয়দ আলমগীর বলেন, কিছু দেশি ডায়াপার বিদেশি বড় ব্র্যান্ডের চেয়েও ভালো। মোটা দাগে বাংলাদেশের বাজারে থাকা বিদেশি ডায়াপারের চেয়ে দেশি ডায়াপারের মান ভালো। কারণ কাঁচামাল ও যন্ত্র একই জায়গা থেকে আসে।

ডায়াপারের দুটি ধরন আছে। একটি ক্লথ বা কাপড়ের ডায়াপার, যা ধুয়ে বারবার ব্যবহার করা যায়। অন্যটি হলো একবার ব্যবহার বা ডিসপোজেবল ডায়াপার।

ডায়াপারের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিনের বাজারও বাড়ছে। বাজার-সংশ্লিষ্ট লোকজন বলছেন, দেশে যেসব কোম্পানি ডায়াপার তৈরি করে তাদের স্যানিটারি ন্যাপকিনও আছে। তবে এ বাজারেও বড় সমস্যা আন্ডার-ইনভয়েসিং।