বড় হয়ে উঠেছে জিরার 'বৈধ বাজার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈধ পথে জিরার আমদানি ক্রমে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এখন খুশি। ছবিটি গতকাল তোলা l সৌরভ দাশ
বৈধ পথে জিরার আমদানি ক্রমে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এখন খুশি। ছবিটি গতকাল তোলা l সৌরভ দাশ

জিরার ‘অবৈধ বাজার’ নিয়ে বছর খানেক আগেও মসলা ব্যবসায়ীদের অভিযোগের কমতি ছিল না। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, ভারত থেকে চোরাই পথে জিরা এনে খাতুনগঞ্জে বাজারজাত করছে চোরাকারবারিরা। এ কারণে শুল্ক-কর দিয়ে বৈধভাবে আমদানি করে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এই অভিযোগের সুর এখন নরম হয়ে এসেছে। কারণ বছরে ৫০০ কোটি টাকার জিরার বাজার এখন বৈধ পথে আমদানি করা ব্যবসায়ীদের হাতে।

ব্যবসায়ী ও আমদানি তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ২০১২-১৩ অর্থবছরের পর থেকে বৈধ পথে জিরার আমদানি ক্রমেই বাড়ছে। দেশে বছরে কম-বেশি ১৫ হাজার টন জিরার চাহিদা রয়েছে। এই চাহিদার ৯০ শতাংশ আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর বড় অংশই আসে ভারত, মিসর ও তুরস্ক থেকে। এ ছাড়া স্থলবন্দর দিয়েও ভারত থেকে জিরা আমদানি হয়।

দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আছদগঞ্জের জিরা আমদানিকারকদের সঙ্গে গত মঙ্গলবার কথা বলে জানা যায়, ভারতে এবার জিরা উৎপাদন হয়েছে কম। আবার নিরাপত্তার কারণে সীমান্তে আগের চেয়ে কড়াকড়ি বেড়েছে। এ দুটি কারণে অবৈধ পথে জিরা আমদানি কমেছে। ফলে জিরার অবৈধ বাজারটি ছোট হয়ে এসেছে। অন্যদিকে জিরা আমদানি বাড়ায় সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে।

আছদগঞ্জের জাফর মার্কেটে ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১২-১৩ অর্থবছরেও সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ জিরা আমদানি হয়। এর পরের বছর থেকে এর পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে। এদিকে অবৈধ পথে আনা জিরার বিপরীতে শুল্ক-কর দিয়ে যাঁরা জিরা আমদানি করতেন, তাঁদের লোকসান গুনতে হয়। টিকতে না পেরে আমদানিও কমিয়ে দেন ব্যবসায়ীরা। তবে এক বছর ধরে দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে জিরা কেনার চাহিদা বেড়ে যাওয়ায় বৈধ পথে আমদানিও হঠাৎ করে বেড়ে যায়। গত এক বছরে দেশের চাহিদার সিংহভাগ জিরা বৈধ পথে আমদানি হয়েছে।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বৈধ পথে জিরা আমদানির পরিমাণ ছিল ২ হাজার ৮৭৮ টন। গত এক দশকের মধ্যে বৈধ পথে সবচেয়ে কম আমদানি হয় এ বছরটিতে। এর পরের বছর, অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরে বৈধ পথে জিরা আমদানি হয় ৫ হাজার ৭৩২ টন। আবার ২০১৪-১৫ অর্থবছরে এসে জিরার বৈধ বাজারটি আরেকটু বড় হয়। ওই বছর বৈধ পথে আমদানি হয় ৭ হাজার ৫৫৩ টন জিরা। আর সর্বশেষ গত অর্থবছরে বৈধ পথে আমদানি ৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪২ টনে।

এদিকে বৈধ পথে জিরার বাজার বড় হওয়ায় সরকারও আগের বছরের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি রাজস্ব পেয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে জিরা আমদানি থেকে সরকারের মোট রাজস্ব আদায় হয় ১০৮ কোটি টাকা।

মসলা আমদানিকারক সমিতির সহসভাপতি ও খাতুনগঞ্জের এ বি ট্রেডার্সের স্বত্বাধিকারী অমর কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘অবৈধ পথে এখন আর জিরা আসছে না। ফলে আমরা স্বস্তিতে আছি। জিরার বাজার এখন বৈধ ব্যবসায়ীদের হাতে।’

ব্যবসায়ীরা জানান, চিকন জিরা হিসেবে পরিচিত এই মসলাটি রান্নার অপরিহার্য উপাদান। দেশে উৎপাদন না হওয়ায় আমদানি করেই চাহিদা মেটাতে হয় মসলাজাতীয় এ পণ্যটির। সিরিয়া থেকে একসময় বেশি জিরা আমদানি হতো। তবে সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত থেকে জিরা আমদানি বেড়েছে। এ ছাড়া তুরস্ক, মিসর থেকেও জিরা আমদানি হচ্ছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জিরার অবৈধ বাজার বন্ধে আন্দোলন করে আসছিলেন। এখন শুল্ক-কর দিয়ে বৈধ পথে জিরা আমদানি হচ্ছে। ফলে বাজারে সুস্থ প্রতিযোগিতাও হচ্ছে।