বড় ১৭ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
সরকারের বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি বেশ নাজুক। বরাদ্দ থাকলেও খরচ করা যাচ্ছে না। আবার পদ্মা সেতু প্রকল্প নিয়ে দাতাদের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক চলছে। তবে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর চেয়ে দেশজ উৎস থেকে বরাদ্দ দেওয়া প্রকল্প বাস্তবায়নেই সরকার বেশি উৎসাহী। বর্তমান মহাজোট সরকারের সময় নেওয়া ১৭টি বড় প্রকল্পে গত অক্টোবর মাস পর্যন্ত বরাদ্দের মাত্র ১৮ শতাংশ ব্যয় হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ তিন থেকে ছয় বছর। কোনো কোনো প্রকল্পের মেয়াদ চলতি অর্থবছরই শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবায়ন পরিস্থিতি বেশ নাজুক। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সামষ্টিক অর্থনীতি নিয়ে তৈরি করা প্রতিবেদন থেকে এমন চিত্র পাওয়া গেছে। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য নিয়ে সিপিডি এই ১৭টি বড় প্রকল্পের অগ্রগতির হালনাগাদ প্রতিবেদন তৈরি করেছে। এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, সিদ্ধিরগঞ্জ পিকিং পাওয়ার প্লান্ট, থ্রিজি নেটওয়ার্ক প্রযুক্তি স্থাপন, খুলনা-মংলা বন্দর রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই প্রকল্প, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পল্লী বিদ্যুতায়ন প্রকল্প, একটি বাড়ি, একটি খামার প্রকল্প, ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য ড্রেজার সংগ্রহ, আশ্রায়ণ প্রকল্প, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অন্যতম। সিপিডির প্রতিবেদন অনুসারে, এসব প্রকল্পে ৬০ হাজার ৪৪ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা সরকারের রয়েছে। এর মধ্যে ৪৭ শতাংশ আসবে বিদেশি সহায়তা থেকে। তবে গত অক্টোবর পর্যন্ত মাত্র ১৮ দশমিক ২ শতাংশ অর্থ খরচ করা হয়েছে। আর চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এসব প্রকল্পে বরাদ্দ রয়েছে ছয় হাজার ৪০৩ কোটি টাকা। সে হিসেবে অক্টোবর মাস পর্যন্ত চার মাসে ব্যয় মাত্র ২০ দশমিক ৯ শতাংশ। তবে সম্পূর্ণ স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া সাতটি প্রকল্পের অগ্রগতি তুলনামূলকভাবে ভালো। কেননা, দেশজ উৎসের টাকা খরচে শর্ত কম থাকে। তাই মন্ত্রণালয় ও বিভাগগুলো দেশজ উৎসের টাকা খরচ করতে বেশি উৎসাহী। পদ্মা সেতু: বহুল আলোচিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫০৭ কোটি টাকা। ২০০৯ সালে নেওয়া এই প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০১৫ সালে। কিন্তু অক্টোবর মাস পর্যন্ত মাত্র ৬ দশমিক ১ শতাংশ ব্যয় হয়েছে। আর চলতি অর্থবছরে ৮০৪ কোটি টাকা বরাদ্দ থাকলে ব্যয় মাত্র ৫ দশমিক ৩ শতাংশ। প্রধান দাতা সংস্থা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে। এর ফলে প্রকল্পটি বাস্তবায়নে অচলাবস্থা তৈরি হয়। ফলে চার বছর পেরিয়ে গেলেও এই প্রকল্পে তেমন একটা অগ্রগতি হয়নি। সিদ্ধিরগঞ্জ পিকিং পাওয়ার প্লান্ট: ২০০৯-১৫ মেয়াদের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ২৩৯ কোটি টাকা। আইএমইডির সর্বশেষ হিসাবমতে, গত অক্টোবর পর্যন্ত ব্যয় মাত্র ৬ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরে ১৪৫ কোটি টাকা ব্যয় করার কথা থাকলেও এখনো কোনো খরচ হয়নি। দোহাজারী-কক্সবাজার ও রামু-গুনদুম রেলপথ: ২০১০ সালে নেওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৫২ কোটি টাকা। এই পর্যন্ত দশমিক ছয় শতাংশ ব্যয় হয়েছে। চলতি এডিপিতে মাত্র এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে কোনো খরচ হয়নি। চলতি বছর প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তার অগ্রাধিকার প্রকল্প তালিকা থেকে এই প্রকল্পটি বাদ দেওয়ায় বরাদ্দ কমানো হয়েছে। খুলনা-মংলা বন্দর রেলপথ: এই রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই-বাছাই করার জন্য ২০১০ সালে প্রকল্প নেওয়া হয়। এ বছর শেষ হওয়ার কথা। কিন্তু বিগত সময় কোনো টাকাই খরচ করা সম্ভব হয়নি। এই প্রকল্পের ব্যয় এক হাজার ৭২১ কোটি টাকা। এ বছরের এডিপিতে ৪৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও এখনো খরচ শুরু হয়নি। মূলত দাতাদের কাছ থেকে অর্থ না পাওয়ায় প্রকল্পটি শুরু করা যায়নি। স্থানীয় অর্থের প্রকল্পসমূহ: সিপিডির প্রতিবেদন অনুযায়ী, এই সরকারের আমলে নেওয়া বড় ১৭টি প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্পই দেশজ অর্থে সংস্থান করা হয়েছে। এই সাতটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৮৮৪ কোটি টাকা। চলতি এডিপিতে এই প্রকল্পগুলোতে মোট তিন হাজার ২২৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশজ অর্থ খরচে বেশি সাফল্য দেখিয়েছে অগ্রাধিকারভিত্তিক পল্লি অবকাঠমো উন্নয়ন প্রকল্পে। ২০১০ সালে নেওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬৯১ কোটি টাকা। এ পর্যন্ত ৩০ দশমিক ৭ শতাংশ অর্থ খরচ হয়েছে। চলতি বছর প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। এ বছরের এডিপিতে এক হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। অক্টোবর মাস পর্যন্ত ৪৯ দশমিক ৮ শতাংশ টাকা খরচ হয়ে গেছে। ২০১১ সালে নেওয়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৫০ কোটি টাকা। গত দুই বছরে প্রকল্পে তেমন একটা অগ্রগতি না হলেও চলতি অর্থবছর ব্যয়প্রবণতা বেড়েছে। চলতি এডিপিতে ৪৫ কোটি টাকার অর্ধেকই খরচ হয়ে গেছে। সরকারের অন্যতম রাজনৈতিক প্রকল্প হিসেবে বিবেচিত ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পেও অগ্রগতি বেশ ভালো। ২০১০-১৩ মেয়াদের এই প্রকল্পে বরাদ্দ এক হাজার ৪৯২ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৪৯ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া ৮২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট নির্মাণ প্রকল্পে ৬৭ দশমিক ৮ শতাংশ, বেসরকারি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১৩ শতাংশ, ড্রেজার কেনা প্রকল্পে ১ দশমিক ১০ শতাংশ ও আশ্রয়ণ-২ প্রকল্পে ১৩ দশমিক ৭০ শতাংশ ব্যয় হয়েছে। তবে চলতি অর্থবছর এসব প্রকল্পে ব্যয় বাড়ার প্রবণতা লক্ষ করা গেছে।