বড়ছড়া শুল্ক স্টেশনের রাজস্ব আয় ৯১ কোটি তিন লাখ টাকা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন থেকে সদ্য সমাপ্ত ২০১০-১১ অর্থবছরে ৯১ কোটি তিন লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। এই আয় বার্ষিক লক্ষ্যমাত্রা ৬২ কোটি ২৫ লাখ টাকার চেয়ে ২৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি। বড়ছড়া শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, এই শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানি করা হয়। অথচ আমদানি করা এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য কোনো সড়ক যোগাযোগ নেই। একমাত্র ভরসা নৌপথ। আবার নাব্যতা-সংকটের কারণে নৌপথে যোগাযোগ চালু থাকে বছরের ছয় মাস। বাকি দিনগুলোতে মালামাল পরিবহন এই শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকে।শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা খায়রুল এনাম বলেছেন, যাতায়াতসহ অবকাঠামোগত সব সুবিধা থাকলে রাজস্ব আয় অনেক বেড়ে যাবে। তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, এই শুল্ক স্টেশনের সঙ্গে সড়ক ও নৌপথে যোগাযোগসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা বাড়িয়ে এটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হলে এখান থেকে রাজস্ব আয় তিন গুণ বেড়ে যাবে।উল্লেখ্য, অনেক স্থল বন্দরের চেয়ে এই শুল্ক স্টেশনের রাজস্ব আয় বেশি।