বড়পুকুরিয়ায় কয়লা বিক্রি সাময়িক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়ায় কয়লা বিক্রি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মৌসুম শুরুর আগেই হঠাৎ কয়লার চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার রহস্য ভেদ করতে না পেরে খনি কর্তৃপক্ষ ১৯ জুলাই এ সিদ্ধান্ত নিয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির (বিসিএমসিএল) পরবর্তী বোর্ডসভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কয়লা বিক্রি স্থগিত থাকবে বলে সাংবাদিকদের জানান সংস্থাটির মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়া।

খনি সূত্রে জানা গেছে, বর্তমানে খনির ১২০৭ নম্বর কোল ফেজে প্রতিদিন গড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। তবে আগামী মাসেই এ ফেজের উত্তোলনযোগ্য কয়লার মজুত শেষ হয়ে যাবে। তখন ১২১০ লোয়ার ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হবে।

তবে আবুল কাশেম প্রধানিয়া জানান, নতুন ফেজকে কয়লা উত্তোলনের উপযোগী করতে প্রায় দুই–তিন মাস সময় লাগবে।
কারণ, ফেজটিতে কিছু প্রকৃতিগত জটিলতা থাকায় নতুন করে কয়লা উত্তোলনে প্রায় তিন মাস সময় লাগতে পারে।

আবুল কাশেম আরও জানান, বিসিএমসিএলে উত্তোলন হওয়া কয়লার প্রধান ক্রেতা সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র। এটির প্রতিদিন প্রায় দেড় হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন। এ ছাড়া তাপবিদ্যুৎকেন্দ্রে আপৎকালীন চাহিদা মেটাতে সব সময় কিছু কয়লা মজুত রাখতে হয়।

কয়লা বিক্রি স্থগিতের বিষয়ে খনির বিক্রয় ও বিপণন উপমহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক বলেন, দেশের বিভিন্ন ইটভাটা মালিক ও ব্যবসায়ীদের কাছে যথারীতি কয়লা বিক্রি অব্যাহত ছিল। ১৭ জুলাই ৩২ হাজার মেট্রিক টন কয়লা বিক্রি করা হয়। ৪২টি প্রতিষ্ঠানের কাছে এসব কয়লা সরবরাহের আদেশ (ডিও) দেওয়া হয়।

কিন্তু পরদিন ১৮ জুলাই সকালে ছয়টি প্রতিষ্ঠান ৬ হাজার মেট্রিক টন কয়লার জন্য আবেদন করে। এর মাত্র আধা ঘণ্টার মধ্যেই আরও ১৮ হাজার মেট্রিক টন কয়লার জন্য আবেদন পড়ে। সব মিলিয়ে দুই দিনে প্রায় ৪০০ আবেদন জমা পড়ে। এসব আবেদনের চাহিদা পূরণে প্রয়োজন প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন কয়লা। হঠাৎ দুদিনে চাহিদা অস্বাভাবিক হার বেড়ে যাওয়ায় সেটাকে খনি কর্তৃপক্ষের কাছে রহস্যময় মনে হয়। সে জন্য তারা সরকারের সংশ্লিষ্ট উচ্চমহলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী বোর্ডসভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কয়লা বিক্রি স্থগিত ঘোষণা করে।