বড়লোকেরা বেশি কর ফাঁকি দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজিবুর রহমান
নজিবুর রহমান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। সম্প্রতি তিনি রাজস্ব ব্যবস্থাপনা, করদাতাদের হয়রানি, রাজস্ব ঘাটতি—এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন

প্রথম আলো: কারা বেশি কর ফাঁকি দেয়। এ নিয়ে আপনাদের কী উদ্যোগ?
নজিবুর রহমান: বড়লোকেরা বেশি কর ফাঁকি দেন—এটা সর্বজনীন সমস্যা। বিদেশেও একই অবস্থা। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন গবেষণায় এ বিষয়টি উঠে এসেছে। আমরা সব বড়লোকের বিবেকের কাছে আবেদন করছি, তাঁরা যেন নিয়মিত কর দেন, তাঁরা যেন তাঁদের নাগরিক দায়িত্ব পালন করেন। দেখা গেছে, এ দেশে মধ্যবিত্ত এবং এর কম সামর্থ্যবান লোকেরা নিয়মিত কর দেন। এ ছাড়া শিগগিরই একটি জরিপ কার্যক্রম চালাব। সেখানে বিভিন্ন ক্যাটাগরির শ্রেণির পেশার মানুষ করের আওতায় আছেন কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যাবে। জরিপে যদি দেখা যায়, বিত্তশালী কেউ দীর্ঘদিন ধরে কর না দিয়ে রাষ্ট্রকে বঞ্চিত করছেন, তবে তাঁদের আইনের আওতায় আনা হবে।
প্রথম আলো: মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। কীভাবে নিরসন করবেন?
নজিবুর রহমান: মূসক আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে অংশীদারত্ব (পার্টনারশিপ) তৈরি করা হয়েছে। এ নিয়ে চারটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। এসব দলের মূল কার্যপরিধি হলো, আইনটি বাস্তবায়নে এনবিআর ও এফবিসিসিআইয়ের দক্ষতা ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি।
২০১৬ সালের জুলাই মাসে এ আইনটি বাস্তবায়ন করতেই হবে। বাস্তবায়ন শুরু হলে সব আইনেই কিছু সমস্যা হতে পারে। এ আইনেও যদি সমস্যা হয়, তখন তা নীতিনির্ধারকেরা দেখবেন। তবে এফবিসিসিআই আশ্বাস দিয়েছে, তারা আমাদের সঙ্গে একত্রে কাজ করবে, কোনো সমস্যা হবে না। এ ছাড়া ২৯ নভেম্বর একটি কর্মশালার মাধ্যমে নতুন মূসক আইনটি সম্পর্কে দেশের সব শিল্প বণিক সমিতির প্রতিনিধিদের মতামত নেওয়া হবে।
প্রথম আলো: মামলায় আটকে আছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। এ রাজস্ব আদায়ে কী উদ্যোগ নিয়েছেন?
নজিবুর রহমান: ২৪ হাজার ৫৭২টি মামলায় প্রায় ৩০ হাজার ৯৪৬ কোটি টাকা আটকে রয়েছে। এ টাকা আদায়ে এনবিআর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে এনবিআরের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসেছিলেন। স্বাধীনতার পর এটাই ছিল কোনো প্রধান বিচারপতির প্রথম এনবিআরের অনুষ্ঠানে আগমন। সেই অনুষ্ঠানে ২৭ বিচারপতিও এসেছিলেন। ছিলেন অর্থমন্ত্রী, এফবিসিসিআইয়ের সভাপতিও। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, উচ্চ আদালতে থাকা রাজস্ব-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়া হবে। এনবিআরে পক্ষে বলা হয়েছে, সেসব মামলার একটি অংশ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আনা যায় কি না। প্রধান বিচারপতি বলেছেন, উভয় পক্ষ যদি চায়, এটা সম্ভব।
এ ছাড়া মামলার সূত্রপাত যাতে না হয়, সে জন্য আমরা আমাদের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেব। ব্যবসায়ীদের যাতে আদালতে যেতে না হয়, শুরুতেই যাতে এডিআর পদ্ধতি কার্যকর করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে।
প্রথম আলো: অভিযোগ রয়েছে, কর অফিসে হয়রানি হন করদাতারা। করবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
নজিবুর রহমান: এ ধরনের অভিযোগ রয়েছে। তবে কর দেওয়ার ব্যাপারে করদাতাদের অনেক আগ্রহ রয়েছে। কিন্তু তাঁদের মধ্যে বড় ধরনের ভীতি কাজ করে। যদি আয়কর বা অন্য বিভাগের সঙ্গে তাঁদের ভীতির সংশ্লেষ ঘটে, তাহলে হয়রানি হওয়ার সম্ভাবনা থাকে। এ ভীতি দূর করার জন্য রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। আমরা ব্যবসায়ী, করদাতাসহ অংশীজনের আস্থা তৈরির চেষ্টা করছি। ভেতরের (এনবিআর) লোকজনের উদ্দীপনা তৈরি করতে হবে। কর আদায় একটি জটিল বিষয়। সবকিছু থাকলেও সৎ সাহস না থাকলে এনবিআরের কর্মকর্তারা অনেক বড় ব্যবসায়ীর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবেন না। রাষ্ট্রের ন্যায্য পাওনা আদায় করতে পারবেন না। তাই এনবিআর কর কর্মকর্তাদের দুর্নীতি, হয়রানি, অসদাচরণের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখাবে।
এনবিআর এখন শিল্পবান্ধব ও ব্যবসাবান্ধব। আগে এনবিআরে যে বাঘের প্রতিমূর্তি ছিল, এখন আর তা সামনে আনি না। এনবিআর এখন ফুলের প্রতিমূর্তি। অসৎ ব্যবসায়ীরা মিথ্যা ঘোষণাসহ নানাভাবে কর ফাঁকি দেন। আমরা তাঁদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করছি। এখন এনবিআর হলো দুষ্টের দমন, শিষ্টের লালন। ভালো কাজ করলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের স্বীকৃতি দিচ্ছি, পদায়ন করছি। এনবিআরে এখন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
রাজস্ব কর্মকর্তাদের প্রতিনিয়তই একধরনের পারফরম্যান্স ইনডেক্সের মধ্য দিয়ে যেতে হয়। তাই কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবুজ, হলুদ, লাল—এ তিন ধরনের ইনডেক্স রয়েছে। যাঁরা সৎ ও কর্ম-উদ্যোগী, তাঁরা ‘সবুজ’; তাঁদের চেয়ে কম পারফরম্যান্সধারীরা ‘হলুদ’; যাঁদের সততার অভাব রয়েছে, তাঁরা ‘লাল’ অঞ্চলে রয়েছেন। ক্রমান্বয়ে সবুজ অঞ্চলের কর্মকর্তার সংখ্যা বাড়ছে।
প্রথম আলো: প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে। বছর শেষে বিশাল লক্ষ্য অর্জন কতটা সম্ভব?
নজিবুর রহমান: ‘পেট্রলবোমা’সহ অন্য সমস্যা সত্ত্বেও গত অর্থবছরে আমরা লক্ষ্য অর্জন করেছি। এ বছর রেকর্ড ভেঙে ৩০ শতাংশ প্রবৃদ্ধি ধরে ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছে। আমরা এ লক্ষ্য অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ অসম্ভব লক্ষ্যকে সম্ভব করে তুলব। এ জন্য আমরা ‘পাঁচ পি’ অনুসরণ করছি। এগুলো হলো পলিটিক্যাল গাইডেন্স, পিপল, পার্টনারশিপ, প্ল্যানিং ও পারফরম্যান্স।
বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থবছরের শুরুতে রাজস্ব আদায়ে ঘাটতি থাকে। এনবিআরের রাজস্বের একটি বিশাল অংশ আসে উৎসে কর থেকে। অর্থবছরের প্রথমার্ধে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাজ খুব একটা হয় না। ঠিকাদারেরাও বিল পান না। দ্বিতীয়ার্ধ বিশেষ করে চতুর্থ প্রান্তিকে ঠিকাদারেরা তাঁদের কাজের বিল পেতে শুরু করেন। তখন ঠিকাদারদের বিলের ওপর উৎসে কর কেটে রাখা হয়। তাই শেষ প্রান্তিকে রাজস্ব আদায়ের ঘাটতি পুষিয়ে নেওয়া হয় প্রতিবছর।
সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ