বয়লার পরিদর্শন কাজ চলছে খুঁড়িয়ে
তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানার পাঁচ শতাধিক বয়লারের ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে গত মাসে। ছাড়পত্র ছাড়াই চলছে এসব বয়লার। গত সোমবার ছাড়পত্র ছাড়া বয়লার চালাতে গিয়েই মালটিফ্যাবসে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে নিহত হন কারখানাটির ১৩ জন শ্রমিক।
পরীক্ষা–নিরীক্ষা করে কারখানাগুলোকে বয়লার চালানোর ছাড়পত্র দেয় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। এ ছাড়া স্থানীয় পর্যায়ে বয়লার উৎপাদনের বিভিন্ন পর্যায়ে পরিদর্শন করে ছাড়পত্র দিতে হয় তাদের। তবে লোকবলের অভাবে কোনো কাজই যথাযথভাবে করতে পারছে না তারা। বয়লার পরিদর্শনের জন্য আছেন মাত্র আট কর্মকর্তা। এর মধ্যে পাঁচজন পরিদর্শক, দুজন উপপরিদর্শক ও একজন প্রধান পরিদর্শক। আর দেশে বর্তমানে বিভিন্ন কারখানায় সচল আছে ৬ হাজার বয়লার। এ ছাড়া ১০-১২টি দেশি কারখানায় প্রতি মাসে বড় আকারের ২০-২৫টি বয়লার উৎপাদিত হচ্ছে।
জানতে চাইলে প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, লোকবলের অভাবে বয়লার পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা সম্ভব হয় না। সে জন্য পরিদর্শকেরা যেদিন যে এলাকায় যান একসঙ্গে ৮-১০টি বয়লার দেখে আসেন। তিনি বলেন, ‘দেড় বছর আগে ১০০ পরিদর্শক চেয়ে আমরা শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছি। তবে এখনো সেটি অনুমোদন হয়ে আসেনি।’
‘বয়লার আইন, ১৯২৩’ অনুযায়ী শিল্পকারখানায় ২২ দশমিক ৭৬ লিটারের বেশি পানি ধারণক্ষমতার বয়লারে চাপসহ বাষ্প উৎপাদন করলে সেই বয়লার ব্যবহার করার জন্য প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে নিবন্ধন ও ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। প্রতিবছরই এই ছাড়পত্র নিতে হয়। নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করলে পরিদর্শকেরা বয়লারটি পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দেন।
বয়লার পরিদর্শকের কার্যালয় জানায়, গত জুন মাসে পাঁচ শতাধিক বয়লারের ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছে। এ ছাড়া ৯৪টি বয়লারের ছাড়পত্রের মেয়াদ এক বছর আগেই শেষ। এসব বয়লার ব্যবহারকারী অনেক প্রতিষ্ঠান আবেদন করলেও সেগুলো পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হয়নি। উল্টো প্রতিদিনই নতুন নতুন বয়লারের ছাড়পত্রের মেয়াদ শেষ হচ্ছে। মালটিফ্যাবসের মেয়াদহীন বয়লারেই বিস্ফোরণ হয়। বিস্ফোরিত বয়লারটির ছাড়পত্রের মেয়াদ শেষ হয়েছিল গত ২৪ জুন।
এ বিষয়ে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমরা প্রতিদিনই বয়লার পরিদর্শন করে ছাড়পত্র দিচ্ছি। গত অর্থবছর ৫ হাজার ৩৯টি বয়লার পরিদর্শন করেছি আমরা।’ তিনি বলেন, ছাড়পত্র না নিয়ে বয়লার চালানো ঠিক না। এ ছাড়া অনুমোদিত চাপের চেয়ে বেশি চাপে না চালালে বয়লার সাধারণত বিস্ফোরিত হয় না।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, বয়লার পরিচালনায় অসাবধানতার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। তবে পর্যাপ্ত পরিদর্শক থাকলে তদারকিব্যবস্থা অনেক শক্ত হতো। সে জন্য শিগগিরই লোকবলের ঘাটতি পূরণ করা দরকার। একই সঙ্গে তিনি কারখানাগুলোর পণ্যবাহী লিফটকে কোনো সংস্থার মাধ্যমে পরিদর্শনের আওতায় আনার দাবি করেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্যানুযায়ী, দেশের কারখানায় বয়লার বিস্ফোরণে গত সাড়ে পাঁচ বছরে ৬৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৩৭ জন। সর্বশেষ মালটিফ্যাবসের বয়লার বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক ও পথচারী আহত হন।
বয়লার পরিদর্শকেরা জানান, অনুমোদিত চাপের চেয়ে বেশি চাপে বয়লার চালানো, নির্দিষ্ট মাত্রার চেয়ে পানির পরিমাণ কমে গেলে ও মানহীন বয়লার—এই তিন কারণে বয়লারে বেশি দুর্ঘটনা ঘটে। দেশের বিভিন্ন চালকলে নিম্নমানের বয়লার ব্যবহৃত হয়। গত ১৯ এপ্রিল দিনাজপুরের রানীগঞ্জ উপজেলার যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়ে ২৮ জন দগ্ধ হন। নিহত হন ১৮ শ্রমিক।
লোকবল বাড়ানোর পাশাপাশি বয়লার আইনটি যুগোপযোগী করার প্রয়োজন বলে মনে করেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, বয়লার আইনটি সংশোধন করে তা শ্রম আইনে যুক্ত করা এবং বয়লার ব্যবহারে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কারখানাকে একজন টেকনিশিয়ান নিয়োগ বাধ্যতামূলক করা দরকার। বয়লার পরিদর্শকের কার্যালয়টিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অন্তর্ভুক্ত করার বিষয়েও মত দেন এই শ্রম বিশেষজ্ঞ।