বয়লার পরিদর্শন বিষয়টি মূল্যায়ন করবে অ্যাকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার বয়লার পরিদর্শন নিজেদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়টি মূল্যায়ন করবে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। গত বুধবার রাতে এক বিবৃতিতে এমনটি জানিয়েছে অ্যাকর্ড কর্তৃপক্ষ।
বিবৃতিতে অ্যাকর্ড বলেছে, ২০১৪ ও ২০১৫ সালে তারা মালটিফ্যাবসের অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত বিষয়ে প্রাথমিক পরিদর্শন করে। পরিদর্শনের পর অ্যাকর্ডের প্রকৌশলীরা কারখানার বয়লার কক্ষটিকে ফায়ার সেপারেশন বা সুরক্ষিত করার সুপারিশ করে, যাতে এখানে আগুন লাগলে তা অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। গত বছরের ২৬ অক্টোবর ফলোআপ পরিদর্শনে তাঁরা দেখেন, কারখানা কর্তৃপক্ষ সুপারিশ অনুযায়ী কাজ করেছে। তবে বয়লার বিস্ফোরণ রোধে কেবল ফায়ার সেপারেশন কার্যকর নয়। তাই এ ঘটনার আলোকে অ্যাকর্ড মূল্যায়ন করে দেখবে, বয়লার পরিদর্শনকে তাদের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কি না।
ইন্ডাস্ট্রিঅল, ক্লিন ক্লথ ক্যাম্পেইন, ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম, ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম, ম্যাকুলা সলিডারিটি নেটওয়ার্ক গত মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছে, পোশাকশিল্পের নিরাপত্তা নিশ্চিতে অ্যাকর্ডের উচিত বয়লার পরিদর্শনকে তাদের আওতায় নিয়ে নেওয়া। অবশ্য ক্লিন ক্লথ ক্যাম্পেইন বয়লারের পাশাপাশি জেনারেটর গ্যাসলাইন ও পণ্যবাহী লিফট পরিদর্শনের আওতায় নেওয়ার কথা বলেছে। এসব আন্তর্জাতিক শ্রমিক জোট আবার অ্যাকর্ডের অংশীদার।
গত সোমবার মালটিফ্যাবসের বয়লার বিস্ফোরণে ১৩ জন শ্রমিক নিহত হন। বিস্ফোরণের পর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ছাড়পত্র ছাড়াই বয়লারটি চালাচ্ছিল। এমনকি ডাইং সেকশনের শ্রমিকেরা দুর্ঘটনা আঁচ করতে পারলেও তাঁদের কিছু হয়নি বলে কাজে ফেরত পাঠান বয়লার অপারেটরা। এ ঘটনায় পুলিশ নিহত তিন শ্রমিকসহ ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেছে। তবে কারখানা কর্তৃপক্ষের কাউকে আসামি করা হয়নি।
দুর্ঘটনার পরদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে অ্যাকর্ডের প্রকৌশলীদের একটি দল। তারা একটি প্রতিবেদন তৈরি করবে। এতে দুর্ঘটনার দিন কী ঘটেছিল, ক্ষয়ক্ষতির পরিমাণ কী এবং কী ধরনের সংস্কার বা সংশোধনী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে জানায় ইউরোপীয় ক্রেতাদের এই জোট।
মালটিফ্যাবসে নিহত শ্রমিক এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অ্যাকর্ড। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা।
অ্যাকর্ড দাবি করেছে, বয়লার বিস্ফোরণের ঘটনায় আহত শ্রমিকদের অবস্থা এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার বিষয়টি তদারক করবে। এ ছাড়া তারা আশা প্রকাশ করেছে, মালটিফ্যাবসের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্র্যান্ড ও কারখানা মালিকপক্ষ বয়লার বিস্ফোরণে নিহতের পরিবার ও আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেবে। আর সেটি হতে হবে রানা প্লাজা ধসের পর যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।