ভঙ্গুর ব্যাংক খাত ব্যক্তি বিনিয়োগের অন্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মুদ্রানীতি দেখে আমার মনে হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাস্তবতার সঙ্গে সংগতি রেখে উচ্চাশার মাত্রা কমিয়ে এনেছে। ব্যক্তি খাতের ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক নীতির গুরুত্ব বেশি। সে ক্ষেত্রে আর্থিক নীতির সঙ্গে সমন্বয় করে মুদ্রানীতি হয়েছে কি না, সেটা দেখার বিষয়। আর ব্যক্তি খাতে কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ প্রোগ্রাম বা কর্মসূচি নিয়েছে, তাতে বোঝা যাচ্ছে তারাও ব্যক্তি খাতে কোনো বড় পরিবর্তন আশা করছে না।
বরং আমি মনে করি, বাংলাদেশ ব্যাংক সরকারের ঋণ নেওয়ার সংস্থান করেছে। সরকার বাজেট লক্ষ্যমাত্রার মধ্যে তার ঋণ রাখতে পারবে কি না, তা বলা যাচ্ছে না। কেননা, ২০১৩-১৪ অর্থবছরে সরকারের ঋণের চাহিদা অনেকটাই মিটেছে সঞ্চয়পত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ নিয়ে। এবার সেটা থাকবে কি না, তা বছর শেষে বোঝা যাবে।
নতুনভাবে বিদেশি ঋণ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার এখন প্রধান কারণ হচ্ছে নিম্ন সুদে ঋণ জোগান। বৈদেশিক ভারসাম্যে বা ব্যালেন্স অব পেমেন্টের যুক্তি এখানে নেই। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজেই বলছে, বিদেশ থেকে ঋণ এনেও সুদের হারের ওপর তেমন কোনো প্রভাব রাখা যায়নি। বরং আমানতের সুদের হার কমেছে। ফলে বিদেশ থেকে কেন ঋণ আনা হবে বা তার উপকার কী হলো, তা বোঝা গেল না।
মুদ্রানীতির কারণে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে—এমন ধারণারও আমি বিরোধিতা করি। বরং আমি বিনিময় হার স্থিতিশীল থাকা, ভোগের ক্ষেত্রে মন্দা (ডিপ্রেশন) তৈরি এবং বিশ্ববাজারে পণ্যমূল্য পরিস্থিতির কারণে সেটা বেশি ভূমিকা রেখেছে মনে করি।
আমি বরং কিছুটা বেশি গুরুত্ব দিতে চাই ব্যাংকিং খাতে গত কয়েক বছরে ঘটে যাওয়া বড় বড় বিপর্যয়কে। এসব ঘটনায় বাংলাদেশ ব্যাংককে অনেকটা অসহায় মনে হয়েছে। এত বৃহৎ বিপর্যয় ব্যাংক খাতে আগে কখনো হয়নি। এই ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা ব্যক্তি খাতের বিনিয়োগের আরেকটি অন্তরায় হিসেবে আবির্ভূত হয়েছে বলে আমি মনে করি। যার কারণে ঋণের সুদ কমছে না। কিন্তু সে বিষয়ে হালকাভাবে কিছু বলা হলেও নতুন কোনো উপলব্ধি ও উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা সিপিডির পক্ষ থেকে এ বিষয়ে একটি স্বাধীন রিভিউ বা পর্যালোচনা কমিশন গঠনের প্রস্তাব করেছি।
দেবপ্রিয় ভট্টাচার্য: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো