ভবন নির্মাণের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেনি ক্রয় কমিটি
সীমিত আয়ের লোকজনের জন্য রাজধানীর মোহাম্মদপুরে নির্মীয়মাণ ১৬ তলাবিশিষ্ট দুটি ভবনের নির্মাণ ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেনি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ প্রকল্পের নির্মাণ ব্যয় দুই কোটি ৬২ লাখ টাকা বৃদ্ধির এক প্রস্তাব ক্রয় কমিটি মাঝখানে একবার অনুমোদন দিয়েছিল। গতকাল সোমবার ক্রয় কমিটির বৈঠকে দ্বিতীয়বারের মতো আবারও প্রায় দুই কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করা হয়। কিন্তু এবার আর তা অনুমোদন দেওয়া হয়নি।
ক্রয় কমিটি বলেছে, আগে প্রকল্পটির এযাবৎকালের ব্যয়ের নিরীক্ষা করতে হবে। তারপর নতুন করে ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের প্রশ্ন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অবশ্য অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
তবে ক্রয় কমিটিতে উপস্থাপিত প্রস্তাবগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ‘নিরীক্ষা করার পর ভবন নির্মাণের প্রস্তাবটি আবার উপস্থাপনের নির্দেশ দিয়েছে ক্রয় কমিটি।’
বৈঠকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি, ২০১৫ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, দাখিল ও দাখিল ভোকেশনাল স্তরের চার কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৬০০টি বিনা মূল্যের পাঠ্যপুস্তক কাগজসহ ছাপা, বাঁধাই ও সরবরাহ এবং চট্টগ্রামের কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন নির্মাণ ও পুনর্বাসনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
যুগ্ম সচিব জানান, প্রতি টন ৩১৪ ডলার হিসাবে সার আমদানিতে ব্যয় হবে ৭৪ কোটি টাকা। কাগজসহ পাঠ্যপুস্তক ছাপা, বাঁধাই ও সরবরাহ কাজে ব্যয় হবে ৯০ কোটি ৭২ লাখ টাকা। আর কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন নির্মাণ ও পুনর্বাসন কাজে ব্যয় হবে ৫২ কোটি ৪৭ লাখ টাকা।
বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য কালুরঘাট পাওয়ার স্টেশন নির্মাণ ও পুনর্বাসনের কাজ পেয়েছে কোরিয়ান কোম্পানি হাইওসাং গুডস্পিং ইঙ্ক।এর ব্যয় ধরা হয়েছিল ৫০ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা। এ থেকে ৩ দশমিক ৮৪ শতাংশ বাড়িয়ে অনুমোদন দেওয়া হয়েছে ৫২ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা। ব্যয় বৃদ্ধির কারণের কোনো ব্যাখ্যা দেননি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব।