ভবন বাঁচাতে রিভিউ করবে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের রায়ের রিভিউ (পুনর্বিবেচনার আবেদন) করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের চতুর্থ তলার সভাকক্ষে আজ শনিবার বিকেলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভবনের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি এই সভাটি হয়। এতে সমিতির বর্তমান কমিটির সদস্যদের পাশাপাশি সাবেক সাতজন সভাপতি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান।
বিজিএমইএ সাবেক ও বর্তমান একাধিক নেতা জানান, বিজিএমইএর ভবন বিষয়ে সাধারণ সভায় প্রাথমিকভাবে তিনটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রথমত, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার রিভিউ আবেদন করবে বিজিএমইএ। দ্বিতীয়ত, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ চাইবেন সমিতির নেতারা। তৃতীয়ত, যে প্রক্রিয়ায় বিজিএমইএ জমি পেয়েছে ও রাজউকের অনুমতি নিয়ে ভবন করেছে তার বিস্তারিত পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করবে সমিতি।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা অবশ্যই রিভিউ আবেদন করব।’ তবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও বিজ্ঞাপন প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ‘অনেক কিছুই তো আলোচনা হয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
বিজিএমইএ সূত্র জানায়, আজকের সভায় সাবেক সভাপতির মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা গোলাম কুদ্দুস, আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, শফিউল ইসলাম ও আতিকুল ইসলাম।
জমির স্বত্ব না থাকা এবং জলাধার আইন লঙ্ঘন করে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙতে পাঁচ বছর আগে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মিত বিজিএমইএর ১৪ তলা ভবন ভেঙে ফেলতে হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ২ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিজিএমইএর আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন।