জাপানি উদ্ভিদবিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি আশির দশকে শহুরে বাসাবাড়িতে সবুজায়নের একটি নতুন ধারণা দেন। ইটপাথরের শহরে সবুজের বড় অভাব। এ জন্য আকিরা মিয়াওয়াকি চিন্তা করলেন, বাড়ির ছাদ, বড় বারান্দা কিংবা লবির ছোট ছোট অব্যবহৃত জায়গায় বিভিন্ন ধরনের গুল্ম-গাছ লাগিয়ে অনেকটা বনের পরিবেশ সৃষ্টি করা যায়। এতে বাড়ির তাপমাত্রা যেমন কমে যায়, আবার প্রাকৃতিক পরিবেশও পাওয়া যায়। সারা বিশ্বে এটি জনপ্রিয় হয়ে ওঠে। এ পর্যন্ত এমন ১ হাজার ৩০০ ‘মিয়াওয়াকি ফরেস্ট’ তৈরি হয়েছে।
এবার বাংলাদেশে র্যাংগ্স প্রপার্টিজ লিমিটেড তাদের নতুন আবাসন প্রকল্পে মিয়াওয়াকি ফরেস্টের শুভ সূচনা করছে। বসুন্ধরা আবাসিক এলাকায় র্যাংগ্স পিঙ্গল প্রকল্পে থাকছে মিয়াওয়াকি ফরেস্ট। র্যাংগ্স পিঙ্গল প্রকল্পে ১৪ তলা ভবনের ছাদে ৪ বাই ৩ মিটার জায়গায় একাধিক মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হবে। এই ছোট জায়গায় থাকবে দেশি গাছগাছালির সমাহার। অন্যদিকে ভবনের নিচতলার লবির আশপাশেও এমন ‘বন’ বানানোর পরিকল্পনা করা হচ্ছে। পুরো ভবনে থাকবে সবুজের সমারোহ। এতে ভবনের নন্দনশৈলী যেমন বাড়বে, অসহ্য গরমের সময় তাপমাত্রাও কম থাকবে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে ৩০ কাঠা জমির ওপর র্যাংগ্স পিঙ্গল প্রকল্পটি হচ্ছে। এটি বসুন্ধরা এলাকার অন্যতম বৃহৎ ও আধুনিক আবাসন প্রকল্প। ১৪ তলা ভবনের এই প্রকল্পের নিচতলা ও দোতলা হবে অনেকটা পাঁচ তারকা হোটেলের লবির মতো। সেখানে অতিথি বসার ব্যবস্থা থাকবে। জিম বা ব্যায়ামাগার, প্লে গ্রাউন্ড, সুইমিংপুল—সবই থাকবে। চাইলে ছোটখাটো অনুষ্ঠানও করা যাবে। মাটির তলার বেসমেন্টে থাকবে গাড়ি পার্কিং।
এ প্রকল্পে আলাদা আলাদা তিনটি ভবন থাকবে। প্রতিটি ভবনের প্রতি ফ্লোরে থাকবে দুটি করে ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ২ হাজার বর্গফুট। ফ্ল্যাটের আরেকটি বৈশিষ্ট্য হলো, এখানে বারান্দার মতো কিছু থাকবে না। টেরাস বা উঠোন থাকবে প্রতিটি ফ্ল্যাটে, যাতে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে আড্ডা দিতে পারেন। কক্ষগুলোতেও থাকবে বৈচিত্র্য। কক্ষের এক পাশে পুরোটাই কাচের দেয়াল থাকবে, যাতে বাইরের দৃশ্য বেশি উপভোগ করা যায়। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে র্যাংগ্স প্রপার্টিজ।
খোলামেলা সবুজের সমাহার
র্যাংগ্স পিঙ্গলের বড় বৈশিষ্ট্য হলো ভবনগুলোর চারপাশ খোলামেলা থাকবে। থাকবে বাহারি গাছগাছালির সমাহার। প্রতিটি ভবনের পশ্চিম পাশের পুরো দেয়ালে ফার্ন-গুল্মজাতীয় গাছ লাগানো হবে। এ ধরনের গাছ কীটপতঙ্গ প্রতিরোধ করবে। এতে মশা-পোকামাকড়ের উপদ্রব কমবে। এ ছাড়া নিচতলা ও দোতলার লবি, কমিউনিটি স্পেসের বিভিন্ন কোণেও গাছপালা লাগানো হবে। প্রতিটি ফ্ল্যাটের বহির্ভাগের টেরাস ও কার্নিশ থেকে ঝুলবে লতাজাতীয় গাছ। ভবনজুড়েই যেন খণ্ড খণ্ড সবুজের সমারোহ। র্যাংগ্স পিঙ্গলের ফ্ল্যাটগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি ফ্ল্যাটের চারপাশের ২৭০ ডিগ্রি পর্যন্ত খোলা থাকবে।
কেন সবুজকে প্রাধান্য দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাশিদ রহমান বলেন, ‘ভবনগুলোকে শুধু দৃষ্টিনন্দন করাই আমাদের উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো তাপমাত্রা অন্তত ১ ডিগ্রি সেলসিয়াস কমানো। আমরা ফ্ল্যাটের মালিকদের একটি স্বস্তিদায়ক ভালো পরিবেশ দিতে চাই। এখন জীবন মানেই চার দেয়ালে বন্দী জীবন নয়, জীবন মানে সবুজের সঙ্গে বসবাস। আবার আধুনিক সব সুবিধাও থাকতে হবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বরে। ২০২৫ সালের শুরু থেকে ফ্ল্যাটের মালিকেরা বসবাস শুরু করতে পারবেন।
বসুন্ধরা আবাসিক এলাকায় কেন প্রকল্প করার জন্য জায়গা বেছে নিল র্যাংগ্স প্রপার্টিজ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানালেন, ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দোকানপাট, রেস্তোরা সবই আছে। কারণে বসুন্ধরা এলাকায় এই অভিজাত ফ্ল্যাট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
যেভাবে নকশা হয়েছে
র্যাংগ্স প্রপার্টিজের এক স্থপতি দল আছে। তাঁরা শুধু ভবনের নকশাই করেন না, ফ্ল্যাট-জীবনকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, সেই চেষ্টাও করেন। পিঙ্গল প্রকল্পটির জন্য ওই স্থপতি দল দিনরাত কাজ করছে। কেউ ভবনের বাইরের অংশ নিয়ে কাজ করেছেন। কেউ প্রকল্পটি কীভাবে আরও বেশি সবুজ করা যায়, সে চেষ্টা করেছেন। আর ভবনের ভেতরের অংশ নিয়ে কাজ করে স্থপতিদের আরেকটি অংশ। র্যাংগ্স প্রপার্টিজের প্রকল্পে দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। প্রথমটি জায়গার সর্বোত্তম ব্যবহার। অপরটি ভবনের বাহ্যিক নন্দনশৈলী। দুটির যোগসূত্র তৈরি করাই ওই স্থপতি দলের কাজ।
দুই যুগের যাত্রা
৯০–এর দশকে র্যাংগ্স প্রপার্টিজের যাত্রা শুরু হয়। বর্তমানে ৩০টি প্রকল্প বাস্তবায়ন করেছে তারা। এর মধ্যে ২২টি আবাসিক ও ৮টি বাণিজ্যিক প্রকল্প। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বিশ্বখ্যাত নামকরা আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে যৌথভাবে এ দেশে আবাসন খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
র্যাংগ্স পিঙ্গল
নির্মাণ সংস্থা
র্যাংগ্স প্রপার্টিজ লিমিটেড
স্থান
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা
জায়গার পরিমাণ
৩০ কাঠা
বৈশিষ্ট্য
তিনটি ভবন হবে
প্রতি ভবনে ১৪ তলা হবে
প্রতি ভবনের ফ্লোরে দুটি ফ্ল্যাট
ফ্ল্যাটের আয়তন ২০০০–২২০০ বর্গফুট
শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বর
নতুনত্ব
ভবনজুড়ে ‘মিয়াওয়াকি ফরেস্ট’
ভবনের পশ্চিম পাশ লতাগুল্ম-গাছগাছালিতে আবৃত
প্রতি ফ্ল্যাটের চারপাশের ২৭০ ডিগ্রি পর্যন্ত খোলা থাকবে
নিচতলা ও দোতলায় হবে পাঁচ তারকা হোটেলের মতো লবি
থাকবে জিম বা ব্যায়ামাগার, সুইমিংপুল
বেসমেন্টে থাকবে গাড়ি পার্কিং এলাকা