ভবিষ্যতে বাংলাদেশেই মুঠোফোন তৈরি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জাকারিয়া শহীদ
জাকারিয়া শহীদ
যাত্রার শুরু থেকেই দেশের মুঠোফোনের বাজারে শীর্ষ নাম সিম্ফনি। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে দেশেই মুঠোফোন সংযোজন করা। আর ভবিষ্যতে বাংলাদেশেই তৈরি হবে মুঠোফোন। দেশীয় ব্র্যান্ড হিসেবে সিম্ফনির উত্থান, পথচলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ

প্রথম আলো: সিম্ফনির শুরু কীভাবে?

জাকারিয়া শহীদ: কোম্পানি হিসেবে সিম্ফনির যাত্রা শুরু ২০০৮ সালে। যাদের হাত দিয়ে সিম্ফনির যাত্রা শুরু, এর আগে সবাই সিমেন্সে কাজ করতাম। সিমেন্সে কর্মরত অবস্থাতেই মোবাইল হ্যান্ডসেটের বৈশ্বিক ব্র্যান্ডগুলো ২০০৫-০৬-এর পরে দুর্বল হওয়া শুরু করল। তখনই হ্যান্ডসেট বাজারে চীনা ব্র্যান্ডগুলোর আধিপত্য শুরু। সিমেন্স মোবাইল ডিভাইস উৎপাদন বন্ধ করে দেওয়ার পর বিশেষ অনুমতি নিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছুদিন ম্যাক্সিমাসের ব্যবসাও আমরা করেছিলাম। তখনই এই বাজারের সম্ভাবনার দিকটি আমরা বুঝতে পারি। তা ছাড়া প্রতিটি ব্যবসার একটি ‘ইনসাইট’ থাকে, সিমেন্সে দীর্ঘদিন কাজ করায় সেই ইনসাইটটা আমাদের ভালো জানা ছিল। তারপরও ঝুঁকি নিয়ে সিমেন্সের চাকরি ছেড়ে আমরা ব্যবসা শুরু করে দিই। বহুজাতিক প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে ব্যবসায় আসা আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই কঠিন একটি সিদ্ধান্ত ছিল। কর্মী ও পরিবেশক—সবার চেষ্টা ও একাগ্রতার কারণেই এ সাফল্য এসেছে।

প্রথম আলো:
বাজারে আপনাদের অবস্থান কী?

জাকারিয়া শহীদ:
বাজারে শুরু থেকেই অনেক বড় ব্যবধানে আমরা এক নম্বর অবস্থানে আছি। আমাদের শক্তির জায়গাটা হলো বাজারের সেরা দামে মানসম্পন্ন পণ্য ও শক্তিশালী বিক্রয়-পরবর্তী সেবা (আফটার সেলস সার্ভিস)। ব্যবহারের ধরন ও আবহাওয়ার ওপর একটা মুঠোফোনের দীর্ঘস্থায়িত্ব নির্ভর করে। আপনি যতই মানসম্পন্ন পণ্য গ্রাহককে দেন না কেন, এসব কারণে একটা ফোন নষ্ট হতেই পারে। সেটি কত দ্রুত ও নির্ভরযোগ্যতার সঙ্গে সমাধান করতে পারি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে সচেষ্ট থাকার ফলেই আমরা শীর্ষ অবস্থান ধরে রাখতে পেরেছি।

প্রথম আলো:
আপনাদের পণ্য কতটা দেশীয়, এর কোনো অংশ কি দেশে তৈরি করা সম্ভব?

জাকারিয়া শহীদ:
সিম্ফনিকে দেশীয় ব্র্যান্ড এ জন্যই বলব কারণ একটা সেটে আমরা অনেক গুণগত পরিবর্তন আনি। সেটের গুণগত মান নিশ্চিতের জন্য চীনে ও দেশে সিম্ফনির দুটি আলাদা মান নিয়ন্ত্রণ, সফটওয়্যার ও গবেষণা দল কাজ করে। এর মাধ্যমে আমাদের হ্যান্ডসেটটি চীনে তৈরি হলেও উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি বিষয় আমরা নিয়ন্ত্রণ করি। প্রতিটি সেটকে এভাবে আমরা এ দেশের গ্রাহকদের ব্যবহার উপযোগী (কাস্টমাইজেশন) করে তুলি—এটা একটা বাড়তি মূল্য সংযোজন। চীনের কারখানা থেকে একটি মোবাইল যেভাবে তৈরি হয়ে দেশে আসে, সেই পণ্যটিই যদি গ্রাহককে দিতাম তাহলে এই কাস্টমাইজেশন হতো না। মোবাইলের ব্যাটারি, চার্জারের মতো পণ্যগুলো আমাদের দেশে উৎপাদন এখনই করা করা সম্ভব। একই সঙ্গে বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে এনে এখানে জোড়া দেওয়া অর্থাৎ মুঠোফোন অ্যাসেম্বলিংয়ের কাজটি এখানে হতে পারে। আগামী দু-তিন বছরে সিম্ফনির বেসিক ফোনের অ্যাসেম্বলিং কারখানা করার পরিকল্পনা আছে।

প্রথম আলো:
জনসংখ্যার কারণে মোবাইলের অন্যতম বড় বাজার বাংলাদেশ। এ বাজার ধরতে শুধু আমদানিনির্ভর না থেকে দেশেই মোবাইল উৎপাদনের ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

.
.



জাকারিয়া শহীদ:
আমাদের চেয়ে চীন ও ভারতের বাজার অনেক বড়। তারপরও ভারত মুঠোফোন উৎপাদনে এসেছে অনেক পরে। আমাদের দেশে বছরে তিন কোটি মুঠোফোন বিক্রি হয়, আর সব মিলিয়ে প্রায় ৩০০টি মডেলের সেট এ বাজারে রয়েছে। স্মার্টফোনের একটা মডেল এই বাজারে বিক্রি হয় সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার, আর বেসিক ফোন সর্বোচ্চ বিক্রি হতে পারে ১০ লাখ। একটি মডেলকে চিন্তা করে আমি যদি উৎপাদনে আসি, তাহলে কোনোভাবে এখানে না-লাভ না ক্ষতিতে (ব্রেক ইভেন পয়েন্ট) আসা সম্ভব নয়। চীন থেকে যে মডেলটি আমি আমদানি করে আনছি, সেটিই আবার ভিন্ন নামে ভারতে যাচ্ছে, আবার ইউরোপেও যাচ্ছে। শুধু স্থানীয় বাজারকে চিন্তা করে কারখানা করার চিন্তা করলে এটা সম্ভব না, সে ক্ষেত্রে রপ্তানিকে চিন্তা করে আমাদের এগোতে হবে। সিম্ফনির পাশাপাশি আমরা একই সঙ্গে যদি আরও চার-পাঁচটি ব্র্যান্ডের উৎপাদন করতে পারি, তাহলে একটি কারখানা স্থাপনের কথা আমরা চিন্তা করতে পারি। তবে ভবিষ্যতে একসময় নিজস্ব উৎপাদনে আমাদের যেতেই হবে। কারণ, বাংলাদেশের বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে। আমাদের অবশ্যই সে পরিকল্পনা আছে।

প্রথম আলো:
দেশে স্মার্টফোনের বাজারের ভবিষ্যৎটা কেমন দেখতে পাচ্ছেন?

জাকারিয়া শহীদ:
স্মার্টফোনের ব্যবহার ও চাহিদা বাড়তে শুরু করে মূলত থ্রিজি প্রযুক্তি চালু হওয়ার পর। গ্রামেগঞ্জে এখনো বেসিক ফিচার ফোনের ব্যবহারই বেশি, সে দিক থেকে স্মার্টফোনের বিশাল একটি বাজার এখানে আছে। ভারতসহ পাশের দেশগুলোতে এখন সিংহভাগ স্মার্টফোন। আমাদের দেশে এখন ৭০ শতাংশ বেসিক ফোন, আর ৩০ শতাংশ স্মার্টফোন। এই চিত্রটি আগামী দু-তিন বছরে সম্পূর্ণ পাল্টে যাবে বলে আমি মনে করি।

প্রথম আলো:
দেশীয় ব্র্যান্ড হিসেবে মুঠোফোন বাজারে সিম্ফনি শীর্ষ অবস্থানে আছে অনেক দিন। অন্য প্রতিষ্ঠানগুলো কেন টিকতে পারছে না?

জাকারিয়া শহীদ:
সিম্ফনির শক্তির জায়গাটা হলো আমরা যারা ব্যবস্থাপনায় আছি তারা শুরু থেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা দিয়েই আমাদের শুরু, তাই শুরু থেকে শেষ পর্যন্ত একটি মোবাইলের মান কীভাবে ঠিক রাখতে হবে, সেটা আমাদের জানা আছে। অন্য বড় প্রতিষ্ঠান যারা আছে, তারা হয়তো একটি বিজনেস ইউনিট দিয়ে ব্যবসা চালাচ্ছে। আবার এ খাতে এখনো দক্ষ লোকের অভাব আছে। এই ব্যবসায় প্রযুক্তি সব সময়ই পরিবর্তন হয়ে যাচ্ছে, এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসা করা খুবই কঠিন। কোন পণ্যটি কখন, কোন দামে বাজারে নিয়ে আসতে হবে, কত দিনের মধ্যে বাজারে আরেকটি মডেলের সেট আনতে হবে—সেটি ধরাও কঠিন। ‘ফাস্ট মুভার’ হিসেবে চীনের বড় বড় উৎপাদকের বেশির ভাগই আমাদের সঙ্গে কাজ করে। অন্য প্রতিষ্ঠানগুলো সেটি করতে পারছে না।

প্রথম আলো:
দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা মোবাইলের উচ্চ আমদানি কর কমানোর জন্য সরকারকে চাপ দিয়ে আসছে। এ বিষয়ে সিম্ফনির অবস্থান কী?

জাকারিয়া শহীদ:
গ্রামের কৃষক থেকে শুরু করে সবাই ব্যবহার করে, এ রকম কমন একটা পণ্যের কর এত বেশি হওয়া উচিত না। একটা ল্যাপটপ ও কম্পিউটার শুধু দাপ্তরিক কিছু কাজের জন্য ব্যবহার হয়, আর মোবাইলের ব্যবহার বহুমাত্রিক। প্রতিদিনের যোগাযোগ, টাকা পাঠানো, ই-কমার্স, বিনোদন, শিক্ষা—প্রায় সবকিছুতেই মোবাইল ব্যবহার হচ্ছে। ব্যবহারের কথা চিন্তা করলে মোবাইলের ওপর যে আমদানি কর রাখা হচ্ছে, সেটা সরকারের ডিজিটাল বাংলাদেশের স্লোগানের সঙ্গে যায় না। সব দিক বিবেচনা করে মোবাইলের আমদানি কর ১০ থেকে ১২ শতাংশের মধ্যে থাকা উচিত। এ ক্ষেত্রে আরেকটি সমস্যা হলো দীর্ঘমেয়াদি করকাঠামো কী হবে, সেটিও সরকার নির্ধারণ করতে পারে না। প্রতিবছর করকাঠামোয় একটা না একটা পরিবর্তন আসে, এতে ব্যবসায়িক পরিকল্পনা করা আমাদের জন্য কঠিন হয়ে যায়।

প্রথম আলো:
নকল, অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেটে বাজার সয়লাব হয়ে যাচ্ছে—এ ক্ষেত্রে কী করণীয়?

জাকারিয়া শহীদ:
অবৈধ হ্যান্ডসেটের বাজার সব সময়ই ছিল, এটাকে পুরোপুরি তুলে দেওয়া সম্ভব না। তবে গ্রাহকস্বার্থের কথা চিন্তা করলে এটি কমিয়ে আনা উচিত। মোবাইল আমদানিকারকদের পক্ষ থেকে এ বিষয়ে গ্রাহককে সচেতন করার জন্য আমরা কাজ করছি। এ ক্ষেত্রে বিটিআরসিসহ সরকারি অন্য সংস্থাগুলোর নজরদারি আরও বাড়ানো উচিত। বৈধভাবে আমদানি হওয়া প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই তথ্যভান্ডার চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি করা হলে এমন সেটের ব্যবহার অনেকটাই কমে যাবে।

প্রথম আলো:
সিম্ফনির ভবিষ্যৎ পরিকল্পনা কী?

জাকারিয়া শহীদ:
প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের একটি পণ্য গ্রাহকের হাতে তুলে দেওয়া। শুরু থেকে আজ পর্যন্ত এই লক্ষ্য নিয়েই আমরা ব্যবসা করছি, ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে। যেকোনো নতুন প্রযুক্তির মুঠোফোন বাজারে সবার আগে ও সাশ্রয়ী দামে গ্রাহকের হাতে তুলে দিতে চাই। হ্যান্ডসেটের মান ও কাস্টমার কেয়ারের সমন্বয় সব সময় ধরে রাখতে চাই। গ্রাহকের হ্যান্ডসেট-সম্পর্কিত যেকোনো অভিযোগ ও সমস্যা দ্রুততম সময়ে সমাধান করতে চাই। দেশীয় ব্র্যান্ড হিসেবে ব্যবহারকারীরা সিম্ফনিকে নিয়ে যে গর্বটা করে, সেটি যাতে সব সময় করতে পারে, সেটিও অব্যাহত রাখতে চাই।

সাক্ষাৎকার নিয়েছেন আশরাফুল ইসলাম