ভবিষ্যতের চমকে দেওয়া খবর
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভবিষ্যৎ বিশ্ব পরিস্থিতির গতি-প্রকৃতি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছে দেশটির পরামর্শ ও পরিকল্পনাকারী সরকারি সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল। সারা বিশ্বকে চমকে দিতে পারে এমন কিছু কাল্পনিক খবর তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
৪ এপ্রিল, ২০৩৩
প্রথম ভূ-প্রকৌশল পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ভূ-প্রকৌশলের পরীক্ষা চালিয়েছে। একটি বিশেষায়িত বিমান বোয়িং ৭৯৭ এক টন সালফেট অ্যারোসল নিয়ে উড়ে যায়। পরে মধ্য আকাশে তা ছড়িয়ে দেওয়া হয়। সৌররশ্মির বিকিরণের কারণে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কমাতেই এ পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ।
এই পরীক্ষা চালানোর প্রতিবাদ জানিয়েছে ২৫টি দেশ। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। তবে ঢাকার সরকারি সূত্রগুলো বলেছে, নিজেদের সুরক্ষার স্বার্থেই, বিশেষ করে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় এই পরীক্ষা চালানো হয়েছে। অন্যদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এতে অ্যাসিড বৃষ্টি হতে পারে। ওজোনস্তরের বিন্যাস পরিবর্তন হয়ে যেতে পারে।
৩ ফেব্রুয়ারি, ২০১৯
ফিজির দ্বীপ কিনল চীনা কোম্পানি
ফিজি সরকারের কাছ থেকে কোবিয়া দ্বীপ কিনে নিল চীনের একটি কোম্পানি। এই বসতি দ্বীপটির দাম পড়েছে ৮৫ কোটি ডলার। এই দ্বীপটি কিনতে ওই কোম্পানিকে চীন সরকার ও চীনের পিপলস লিবারেশন আর্মি সহায়তা করেছে। পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে এই দ্বীপ ব্যবহার করার পরিকল্পনা করছে চীন। দ্বীপটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ থেকে ৩ হাজার ১৫০ কিলোমিটার দূরে।
১৯ নভেম্বর, ২০১৮
ক্রিসমাসের কেনাকাটায় হ্যাকারদের থাবা
রবিন হুডাকার নামের এক ভাইরাস আক্রমণে পড়েছে ইউরোপ-আমেরিকার অনলাইন বাণিজ্য। মানুষ যখন ক্রিসমাসের কেনাকাটায় ব্যস্ত; তখনই হ্যাকাররা অনলাইন বাণিজ্যব্যবস্থায় আঘাত করেছে। ইতিমধ্যে ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে তা ছড়িয়ে পড়েছে। তাই নিউইয়র্কে এক সপ্তাহের জন্য অনলাইনে কেনাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
ক্রেডিট কার্ডে ১ লাখ ডলারের বেশি একটি বিল পরিশোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। পরে পুরো অনলাইনে বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ডিজিটাল লেনদেন বন্ধ করে দিতে বাধ্য হন।
১৭ সেপ্টেম্বর, ২০২১
লন্ডন-নিউইয়র্কে শ্রমিক দাঙ্গা
কম মজুরি, চাকরির অনিশ্চয়তা, কম সুযোগ-সুবিধার প্রতিবাদে লন্ডন ও নিউইয়র্কের অস্থায়ী শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। এ দুই শহরের বড় বড় কোম্পানির অস্থায়ী শ্রমিকেরা রাস্তায় নেমে ভাঙচুর করেছেন। কাজ করতে না যাওয়ায় বহু কোম্পানির সাইবার-ব্যবস্থা বিঘ্নিত হয়। এই আন্দোলনের নেতারা জানিয়েছেন, সামাজিক সুরক্ষা হিসেবে খাদ্য ও বাসস্থানের সুযোগ-সুবিধা না বাড়লে এই আন্দোলন আরও বেশি সহিংস রূপ নেবে।
সাইবার-ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বহু কোম্পানি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এতে বহু কোম্পানির তথ্য ব্যবস্থাপনা বিধ্বস্ত হয়েছে।
অস্থায়ী শ্রমিকেরা ‘গিগ ওয়ার্কার’ নামে বেশি পরিচিত। তাঁরা স্বতন্ত্রভাবে কাজ করেন। অনেকটা আমাদের দেশের দিনমজুরের মতো। কেউবা সাময়িকভাবে কোথাও নিয়োগ পান।
১১ ফেব্রুয়ারি, ২০৩২
এশিয়াকে টপকে গেছে আফ্রিকা
প্রথমবারের মতো প্রবৃদ্ধি অর্জনে এশিয়াকে ছাড়িয়ে গেছে আফ্রিকা। গত বছর আফ্রিকায় গড়ে ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ফলেই এ ঘটনা ঘটেছে। এই মহাদেশের দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ আরও বেশি সুদৃঢ় হওয়ার কারণেই আফ্রিকার এই অর্জন। এই খবর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আইএমএফ আরও বলেছে, এক দশক ধরে সস্তা সৌরবিদ্যুৎ-ব্যবস্থার কারণে জ্বালানি খাতে বিপ্লব হয়েছে। এ ছাড়া প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় খাদ্য নিরাপত্তা স্থিতিশীল হয়েছে। অন্যদিকে আর্থিক খাতে স্বয়ংক্রিয় লেনদেনব্যবস্থা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সামাজিক সুবিধা পৌঁছানোর ফলে বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। এ ছাড়া ক্রেতাদের কাছে পণ্যের ত্রিমাত্রিক প্রদর্শনব্যবস্থার বিস্তার হওয়ার ফলে স্থানীয় উৎপাদন খাত চাঙা হয়েছে। এতে আফ্রিকার ক্রমবর্ধমান শ্রমশক্তির কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।