সাক্ষাৎকারে হুয়াওয়ের গ্লোবাল ওয়্যারলেস মার্কেটিং অপারেশনসের প্রেসিডেন্ট কিউ হেং
ভবিষ্যৎ ইন্টারনেটের বাজার ফোরজির দখলেই থাকবে

বাংলাদেশের দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা বর্তমানে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তি দিয়ে পূরণ করা সম্ভব নয়। এ জন্য যত দ্রুত সম্ভব চতুর্থ প্রজন্মের (ফোরজি) প্রযুক্তি চালু করা প্রয়োজন। ফোরজি চালু হলে তা বাংলাদেশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে তা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকেও এগিয়ে নেবে।
এমনটাই মনে করেন বহুজাতিক টেলিযোগাযোগ অবকাঠামো ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের গ্লোবাল ওয়্যারলেস মার্কেটিং অপারেশনসের প্রেসিডেন্ট কিউ হেং। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হুয়াওয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এশিয়া-প্যাসিফিক এলটিই সম্মেলন। এতে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, মুঠোফোন অপারেটর ও সরকারি কর্মকর্তারা ফোরজি প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা, বিশ্লেষণ, সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। সম্মেলনের এক ফাঁকে গত ৭ জুন বাংলাদেশের ফোরজি প্রযুক্তি চালুসহ বর্তমান টেলিযোগাযোগ অবকাঠামো সেবা নিয়ে কথা বলেন তিনি।
বিশ্বে ফোরজি প্রযুক্তির উদ্ভাবকদের একজন হুয়াওয়ের এই কর্মকর্তা বলেন, ২০০৯ সালে চতুর্থ প্রজন্মের এলটিই (লং টার্ম ইভ্যুলশন) টেলিযোগাযোগ সেবা চালু হওয়ার পর সাত বছর পেরিয়ে গেছে। বিশ্বে এখন ১০৭ কোটি লোক নিজেদের নিরাপত্তা ও বিনোদনের জন্য ফোরজি প্রযুক্তির সুবিধা নিচ্ছেন।
কিউ হেং বলেন, বাংলাদেশে ফোরজি চালু হলেই সবাই যে তা ব্যবহার করবেন, বিষয়টি তেমন নয়। থ্রিজি ও অন্যান্য প্রযুক্তির সেবার বাজার ভবিষ্যতেও থাকবে। তবে ভবিষ্যৎ ইন্টারনেটের বাজার ফোরজির দখলেই থাকবে। এলটিই সেবা দিয়ে দ্রুত মুঠোফোনে বিল পরিশোধ, অর্থের লেনদেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার ব্যবস্থা করা সম্ভব। মানুষের কাছে এলটিই ব্রডব্যান্ড থাকার অর্থ হলো—তার বিনোদনের বিষয়টি নিশ্চিত হলো, যেটি মানুষের সুখ-স্বাচ্ছন্দ্যের বিষয়টিও নিশ্চিত করে।
কিউ হেং মনে করেন, বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে ইন্টারনেট সেবা দিতে যে অবকাঠামো থাকা দরকার, তা এশিয়ার অনেক দেশেই নেই। বাংলাদেশে একটি বেস স্টেশন বা টাওয়ার দিয়ে ১০ লাখ লোককে সেবা দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে গড়ে ৪ লাখ ৮০ হাজার লোক একটি বেস স্টেশনের মাধ্যমে সেবা পান।
এই ঘাটতি পূরণের জন্য তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন কিউ হেং। এগুলো হলো—তরঙ্গের পরিমাণ, তরঙ্গের যথাযথ ব্যবহার এবং সাইটের সংখ্যা। তিনটি বিষয়ের সমন্বয় হলেই দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা
সম্ভব। একই সঙ্গে কোন প্রযুক্তি দিয়ে এসব সেবা দেওয়া হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ।
ফোরজি এখনই বাংলাদেশে চালু করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে কিউ হেং বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর ইন্টারনেটের চাহিদা পূরণের জন্য টুজি, থ্রিজি, ফোরজি—সব ধরনের প্রযুক্তিরই প্রয়োজন রয়েছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বাংলাদেশের জনগোষ্ঠীর একটি অংশ এখনই ফোরজি ব্যবহারের জন্য প্রস্তুত। তবে তরঙ্গের ব্যবহারে প্রযুক্তিনিরপেক্ষতার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।
ফোরজি চালুর জন্য তরঙ্গের মূল্যের বিষয়ে হুয়াওয়ের গ্লোবাল ওয়্যারলেস মার্কেটিং অপারেশনসের প্রেসিডেন্ট কিউ হেং বলেন, চীন ও জাপানের মতো দেশে তরঙ্গের জন্য কোনো অর্থ নেওয়া হয় না। টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়টি একটি দেশের মৌলিক অবকাঠামো উন্নয়নের সঙ্গে তুলনা করা উচিত। মুঠোফোন অপারেটরদের তরঙ্গ কেনার খরচ যদি কমে আসে, তাহলে সেটি তারা নেটওয়ার্ক উন্নত করার পেছনে ব্যয় করতে পারে।
তিনি আরও বলেন, ফোরজির পাশাপাশি পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ সেবা (ফাইভজি) ও ইন্টারনেট ফর থিংস (আইওটি) সেবা চালু করার জন্য তাঁর প্রতিষ্ঠান এখন থেকেই কাজ করছে।