ভবিষ্যৎ বিনিয়োগে প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব শেঠি
রাজীব শেঠি

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দেশে বিনিয়োগের বিষয়ে এমন ইতিবাচক মনোভাবের কথা জানান দেশের সবচেয়ে বড় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী। বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা ছাড়াও তৃতীয় (থ্রিজি) ও চতুর্থ (ফোরজি) প্রজন্মের টেলিযোগাযোগ সেবা, গ্রাহকসেবার মান উন্নয়নসহ খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
রাজীব শেঠি বলেন, ‘এ দেশে আমরা ১৯ বছর ধরে ব্যবসা করে আসছি। যেকোনো দেশে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিকসহ বিভিন্ন দিকে কিছু উত্থান-পতন হয়। আমরা বিশ্বাস করি, সরকার সব পক্ষকে নিয়ে এই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে। সাম্প্রতিক ঘটনা খুবই মর্মান্তিক, তবে এটা নিয়ে আমি দীর্ঘ সময়ের জন্য উদ্বিগ্ন নই।’
সম্প্রতি দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীকে থ্রিজি নেটওয়ার্কের আওতায় এনেছে গ্রামীণফোন। এ জন্য সারা দেশে ১০ হাজার টাওয়ারকে থ্রিজিতে রূপান্তর করেছে অপারেটরটি। নেটওয়ার্কসহ অবকাঠামো উন্নয়নে ২০১৬ সালে সর্বোচ্চ বিনিয়োগ করার কথা জানিয়ে রাজীব শেঠি বলেন, ‘আমরা সব সময় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এ দেশে বিনিয়োগ করেছি। ২০১৬ সালে আমাদের বিনিয়োগ আগের যেকোনো বছরকে ছাড়িয়ে যাবে।’
দেশে ফোরজি সেবা চালুর বিষয়ে গ্রামীণফোনের সিইও বলেন, ‘আমাদের ১০ হাজার থ্রিজি সাইট ফোরজির জন্য সম্পূর্ণ তৈরি। গ্রাহকেরা টুজি, থ্রিজি, ফোরজি বোঝে না, তারা চায় মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট ও বেশি বেশি ভিডিও দেখার সুযোগ। গ্রাহকের সেই চাহিদা মেটাতে আমরা প্রস্তুত। তবে ফোরজির জন্য তরঙ্গ নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে গ্রামীণফোনের বিভিন্ন উদ্যোগের কথা জানান রাজীব শেঠি। এ বিষয়ে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় অপারেটর হিসেবে ভয়েস কল ও ইন্টারনেট সেবার মান উন্নয়নে সব সময় আমরা গুরুত্ব দিয়ে কাজ করেছি। ঢাকাসহ যেসব জায়গায় সেবার মান নিয়ে অভিযোগ আছে, সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘনবসতিপূর্ণ শহর হিসেবে ঢাকায় প্রতিনিয়ত নতুন নতুন ভবন উঠছে, এতে অপারেটরদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে উঠছে। প্রযুক্তির মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা চেষ্টা করে যাচ্ছি।’
বর্তমান পরিস্থিতিতে টাওয়ারসহ সারা দেশে টেলিযোগাযোগ অবকাঠামোর নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে রাজীব শেঠি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা এ বিষয়ে কাজ করছি। সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে দেশের সব পর্যায়ের মানুষ গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করেন, তাই অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়বদ্ধতাও বেশি।’
ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের সিইও বলেন, সব ধরনের গ্রাহক যাতে কম দামে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সে জন্য নানা ধরনের প্যাকেজ নিয়ে আসা হয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) গ্রামীণফোন নেটওয়ার্কে ইন্টারনেট ডেটার ব্যবহার আগের বছরের একই সময়ের তুলনায় ২০০ শতাংশ বেড়েছে, সে তুলনায় ডেটা থেকে আমাদের আয় বেড়েছে ৬৫ শতাংশ। অর্থাৎ আয়ের তুলনায় ডেটা ব্যবহারের পরিমাণ তিন গুণ বেড়েছে। দাম না কমানো হলে ইন্টারনেট ডেটার ব্যবহার এত বাড়ত না। ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের দাম অনেক কম।
বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের উচ্চ কর হার প্রসঙ্গে রাজীব শেঠি বলেন, দেশের আর্থসামাজিক ও ডিজিটাল জীবনযাত্রার লক্ষ্য অর্জনে এ খাতের ভূমিকা ব্যাপক। অথচ এই খাতের কর হার ও তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর হার একই, যেটি অসামঞ্জস্যপূর্ণ। গত এক বছরে শুধু গ্রাহকের ব্যবহৃত মুঠোফোন সেবার ওপর ৬-৭ শতাংশ কর বাড়ানো হয়েছে। এই কর হার অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত।

* ফোরজির জন্য সম্পূর্ণ তৈরি গ্রামীণফোন
* চলতি ২০১৬ সালে সর্বোচ্চ বিনিয়োগের পরিকল্পনা
* ঢাকাসহ যেসব জায়গায় সেবার মান নিয়ে অভিযোগ আছে, সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে

‘‘যেকোনো দেশে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিকসহ বিভিন্ন দিকে কিছু উত্থান-পতন হয়। ... সাম্প্রতিক ঘটনা খুবই মর্মান্তিক, তবে এটা নিয়ে আমি দীর্ঘ সময়ের জন্য উদ্বিগ্ন নই