ভর্তুকি কমতে পারে
সরকার আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও ঋণ খাতে বরাদ্দ কমাতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম থাকার কারণেই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরে ভর্তুকি, প্রণোদনা ও ঋণ খাতে মোট বরাদ্দ ছিল ২৬ হাজার ৭২৯ কোটি টাকা। এরই মধ্যে সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হয়েছে ২৩ হাজার ৮০০ কোটি টাকা। জানা গেছে, আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হবে সংশোধিত বাজেটের চেয়েও কম।
অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন আগামী অর্থবছরে ভর্তুকি-প্রণোদনা বাবদ বরাদ্দের সুনির্দিষ্ট তথ্য জানাতে না চাইলেও এটুকু শুধু প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ কমানোর চিন্তা রয়েছে।’
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তথ্যমতে, ভর্তুকি, প্রণোদনা ও ঋণ খাতে ২০১৪-১৫ অর্থবছরে ২৭ হাজার ৪১৬ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ২৫ হাজার ৫৭৩ কোটি টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৬ হাজার ৭২৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
উল্লেখিত তিন অর্থবছরের বাজেট বরাদ্দ বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছর একটু একটু করে ভর্তুকি, প্রণোদনা ও ঋণ কমিয়ে আনছে সরকার। ভর্তুকি বেশি দেওয়া হয় সাধারণত কৃষি ও খাদ্য খাতে। আর প্রণোদনা বেশি দেওয়া হয় পাটসহ পোশাক রপ্তানি খাতে। আবার নগদ ঋণ দেওয়া হয়ে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইত্যাদি সংস্থাকে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসি, পিডিবিকে দেওয়া ঋণকেও একধরনের ভর্তুকি হিসেবেই দেখা হয়ে থাকে। কারণ এসব ঋণ পারতপক্ষে সরকার ফেরত পায় না এবং পরে পুরো ঋণই অনুদান, ভর্তুকি ইত্যাদিতে রূপান্তরিত হয়। বেসরকারি খাত থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিদ্যুৎ পেতে পিডিবিকে ঋণ দেয় সরকার।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় বিপিসির জন্য কয়েক বছর কোনো ভর্তুকি দিতে হয়নি সরকারকে। আগামী বাজেটেও ভর্তুকি বাবদ কোনো অর্থ ব্যয় করতে হবে না বলে বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ বিভাগের কর্মকর্তারা আভাস দিয়েছেন।
তবে পিডিবির জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা থেকে সংশোধিত বাজেটে ৫০০ কোটি টাকা কমিয়ে সাড়ে ৫ হাজার কোটি টাকা করা হয়। আগের অর্থবছরেও পিডিবির জন্য রাখা হয়েছিল ৮ হাজার কোটি টাকা, পরে যা কমিয়ে ৬ হাজার কোটি টাকা করা হয়েছিল।
যোগাযোগ করলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, ‘পিডিবিকে দেওয়া ঋণটা পরে আর ঋণ থাকে না। এটাও একধরনের ভর্তুকি। এই জায়গা থেকে ধীরে ধীরে সরকারকে সরে আসতে হবে।’
একক হিসেবে মোট ভর্তুকির মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়ে থাকে কৃষি খাত। কৃষকের সার, বিদ্যুৎ, কৃষি উপকরণ, উন্নত মানের বীজ কেনা বাবদ এই ভর্তুকি ব্যয় হয়। চলতি অর্থবছরের বাজেটে কৃষি খাতের জন্য ৯ হাজার কোটি টাকার ভর্তুকি রাখা হলেও সংশোধিত বাজেটে ৩ হাজার কোটি টাকা কমিয়ে ৬ হাজার কোটি টাকা করা হয়। তবে আগামী বাজেটেও ৯ হাজার কোটি টাকাই বরাদ্দ রাখা হচ্ছে বলে জানা গেছে।
কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সারের দাম কম থাকায় ভর্তুকির পুরো টাকা লাগেনি। তারপরও আগামীবারের জন্য আমরা ৯ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছি। আশা করছি পাব।’ কৃষি ভর্তুকির উল্লেখযোগ্য অংশ কৃষকেরা সার কেনা বাবদই পেয়ে থাকেন বলে জানান কৃষিসচিব।
তবে হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খাদ্য খাতে ভর্তুকি বাড়ানো হয় ৯০১ কোটি টাকা। অর্থাৎ চলতি বাজেটে এই খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ ছিল ২ হাজার ৮২০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে করা হয় ৩ হাজার ৭২১ কোটি টাকা। আর রপ্তানিতে প্রণোদনা বাবদ বরাদ্দ ৪ হাজার কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে কমায়নি সরকার।
ভর্তুকি কমিয়ে আনতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে বরাবরই পরামর্শ দিয়ে আসছে। আবার বিদ্যুতের ভর্তুকি ধনীরা পাচ্ছে বলেও সমালোচনা রয়েছে একধরনের।
পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ আরও বলেন, ‘দেশের গোটা ভর্তুকি ব্যবস্থাপনাই ত্রুটিপূর্ণ। কারণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর বড় অঙ্কের টাকা যে ভর্তুকি দিতে হয়, তা হিসাবেই আনা হয় না।’ ভর্তুকি ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার আনার পরামর্শ দেন তিনি।