ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম আরও সমন্বয় করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি সব ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের বাইরের বিষয়। ভর্তুকি কমিয়ে আনতে তাই আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।সচিবালয়ে গতকাল বুধবার দেশের বিভিন্ন এনজিও প্রতিনিধির সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। তিনি বলেন, ‘ভর্তুকি এবারে খুবই বেড়েছে। জনতুষ্টিমূলক সরকারের জন্য এটা একটা সমস্যা। তবে আমরা চেষ্টা করছি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি নেপালও ভালো সমন্বয় করতে পেরেছে। আমাদের দেশেই তা হচ্ছে না। কবে যে পারব, তা-ও জানি না।’আগামী বাজেটে অর্থমন্ত্রী বৈদেশিক সাহায্যের পূর্ণ ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন বন্ধ, মানবসম্পদ উন্নয়ন, নগর উন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা, অভিবাসন—এসব ব্যাপারে আগামী বাজেটে নজর দেওয়ার কথা বলেন আলোচকেরা।গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নোবেল পুরস্কারও পাওয়া সম্ভব। তিনি বলেন, ব্যক্তিস্বাস্থ্যের ওপরই উৎপাদনশীলতা নির্ভরশীল, অথচ স্বাস্থ্য খাত দারুণভাবে উপেক্ষিত।জাফরুল্লাহ চৌধুরী পুলিশি দক্ষতা বাড়াতে তাঁদের জন্য আপাতত ৫০০ বাসস্থান তৈরি, সরকারি চাকুরেদের ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা প্রদান, সরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন-ভাতা বাড়ানো ও পাস করার পর চিকিৎসকদের ছয় মাসের জন্য হলেও ইউনিয়ন পরিষদে কাজ করতে পাঠানোর প্রস্তাব দেন।সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, বাজেটের মোট বরাদ্দের ১৪ শতাংশ শিক্ষা খাতের জন্য রাখতে হবে।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আগামী বাজেটকে আরও বেশি নারীবান্ধব করার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘ইউরোপ ও দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে আমাদের জেন্ডার বাজেট অগ্রগতির দিকে যাচ্ছে, এটা অবশ্যই ইতিবাচক দিক।’ প্রান্তিক ও প্রতিবন্ধী মানুষের জন্য বাজেটে আরও বেশি বরাদ্দের কথা বলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, চলতি বাজেটে দলিত ও হরিজনদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রয়োজনের তুলনায় এ টাকা খুব বেশি নয়, তার পরও তা খরচ হয়নি। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার আগামী বছর থেকে জেন্ডার মনিটরিং সেল করার প্রস্তাব দেন। তিনি বলেন, মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়ছে, কিন্তু তাদের জন্য হোস্টেল নির্মিত হচ্ছে না।উইমেন ফর উইমেনের নির্বাহী সদস্য রাশেদা আক্তার খানম বলেন, যেকোনো দুর্যোগে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই তাদের সহযোগিতার জন্য বিশেষ তহবিল গঠন করা দরকার।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদা ইসলাম, উইমেন ফর উইমেনের সহসভাপতি জাকিয়া হাসান, অ্যাকশনএইডের মাহমুদুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।আলোচনা শোনার পর অর্থমন্ত্রী জানান, তাঁরা শুরু থেকে গ্রামে চিকিৎসক পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে এক টাকা বেতন-ভাতা বাড়াতে গেলেই হইচই শুরু হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।