ভর্তুকি কমানোর তাগিদ দিয়েছে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতিতে ভর্তুকি কমানোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এরই অংশ হিসেবে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সুপারিশ করেছে এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি। তবে সংস্থাটি এ-ও বলেছে, জ্বালানি তেলের দাম সমন্বয়ের সময় দরিদ্র জনগোষ্ঠী যেন চাপে না পড়ে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পরিষদের সভায় অধিকাংশ পরিচালকেরা এই মত দেন। সভায় বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা হয়। সভায় আইএমএফের পরিচালকেরা বলেন, ঝুঁকি কমাতে সামাজিক ও উন্নয়ন ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে সরকারের নীতি গ্রহণ করা দরকার। এ জন্য ভর্তুকি-ব্যয় পরিকল্পনা আবার করার আহ্বান জানান তাঁরা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সংস্কারকার্যক্রম অব্যাহত রাখতে সম্প্রসারিত ঋণসুবিধা (ইসিএফ) সহায়তা দেওয়ার পক্ষেও ইতিবাচক মত দেন পরিচালকেরা। প্রসঙ্গত বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ইসিএফ সহায়তা দেওয়ার বিষয়টি আইএমএফের বিবেচনাধীন রয়েছে। সভায় বাংলাদেশের অর্থনীতি গভীরতার জন্য আর্থিক খাতের ঝুঁকি কমানো ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য ব্যাংকের পরিদর্শন-প্রক্রিয়া শক্তিশালীকরণ, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর সুশাসন বাড়ানোকেই অগ্রাধিকার দিতে হবে। শেয়ারবাজারের অস্থিরতা তৈরির ঝুঁকিসহ এই বাজারের নিয়ন্ত্রণের ওপর জোর দেন আইএমএফের পরিচালকেরা। সভায় বাংলাদেশের কর-সংক্রান্ত সংস্কার পদক্ষেপের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করা হয়। পরিচালকেরা আশা প্রকাশ করেন, সময়মতো প্রস্তাবিত মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুমোদন হবে। আর কর প্রশাসন আধুনিকীকরণও ত্বরান্বিত করার তাগিদ দেন তাঁরা।শক্তিশালী আর্থিক ব্যবস্থা বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ওপর জোর দিয়েছে আইএমএফের বৈঠক। আইএমএফ পরিচালকেরা মনে করেন, এডিপিতে বিদেশি সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।আইএমএফ পরিচালকদের পর্যবেক্ষণে বাংলাদেশের বিদেশি ঋণব্যবস্থাপনা অত্যন্ত কম ঝুঁকির মধ্যে রয়েছে। তবে স্থানীয় ঋণের বোঝা আরও সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন তাঁরা। মুদ্রানীতি আরও কঠোর করার পাশাপাশি মুদ্রাবিনিময়হার আরও নমনীয়তার প্রশংসা করা হয় আইএমএফের সভায়। একই সঙ্গে মুদ্রানীতির লক্ষ্য অর্জনে বাজেট ঘাটতি পূরণে অর্থায়ন আরও কমানোর আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অধিক স্বাধীনতা সামগ্রিকভাবে নীতিগুলোকে কার্যকরে সহায়তা করছে।আইএমএফ নতুন রিজার্ভ-ব্যবস্থাপনা নীতিমালা তৈরিকেও স্বাগত জানিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি প্রসঙ্গে সভায় বলা হয়, ভোগ্যপণ্যের উচ্চমূল্য ও সংকুলানমূলক নীতির কারণে চলতি হিসাবের উদ্বৃত্ত কমছে, আর মূল্যস্ফীতির চাপ থাকছে। যদিও নিকটবর্তী প্রবৃদ্ধির লক্ষ্য এখনো অনুকূলে রয়েছে। এই প্রসঙ্গে আইএমএফের পরিচালকেরা বলেন, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষা করে মধ্যমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে শক্তিশালী নীতির পাশাপাশি সংস্কারকার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।